নারী ভোট নিশ্চিত করতে ক্যাম্পাসে সরগরম নির্বাচনী প্রচারণা

আগামী ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এদিকে নির্বাচনকে ঘিরে প্রচার প্রচারণা চালাচ্ছে প্রার্থীরা। সংগঠনগুলো সংবাদ সম্মেলন, অনলাইন প্রচার ও জনসংযোগসহ নানা কার্যক্রম চালিয়ে যাচ্ছে ভোটারদের আকৃষ্ট করতে।
ভোটারদের প্রায় ৪৮ ভাগই নারী হওয়ায় তাঁদের দিকে বাড়তি গুরুত্ব দিতে দিচ্ছে সংগঠনগুলো। ছাত্রীদের হলে প্যানেলগুলোর নানা কর্মসূচি চলছে। হলগুলোতে কক্ষে কক্ষে গিয়ে গণসংযোগ ছাড়াও হলের মিলনায়তনে হচ্ছে ‘প্রজেকশন মিটিং’। গতকাল বৃহস্পতিবার শামসুন নাহার হলে ‘প্রজেকশন মিটিং’ শুরু করে ছাত্রদলসমর্থিত প্যানেল। এদিকে গত মঙ্গলবার থেকে গতকাল পর্যন্ত শিবিরসমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট শামসুন নাহার হল, বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব হল ও কুয়েত মৈত্রী ছাত্রী হলে এ প্রচারণা সভা করেছে। স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা গত তিন দিন ধরে শামসুন নাহার হলে প্রচারণা চালিয়েছেন।
এদিকে বিভিন্ন সংগঠনগুলো নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস, তাঁদের আবাসন সংকট নিরসন, রাতে ক্যাম্পাসে চলাফেরায় নিরাপত্তা নিশ্চিতকরণ, স্বাস্থ্যসেবা সুরক্ষা, সাইবার বুলিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা, হলে উন্নত মানের খাবার সরবরাহ এবং পাঠদানের আধুনিকায়নসহ নানা প্রতিশ্রুতি দিয়েছে নিজ নিজ ইশতেহারে।
যেহেতু মোট ভোটারের অর্ধেকেই নারী তাই প্রচারের এ পর্যায়ে এসে চলছে নারী ভোটারদের মন জয়ে দৌড়ঝাঁপ। বিশ্লেষকেরা বলছেন, নারী ও পুরুষ ভোটার প্রায় সমান হওয়ায় নারী ভোটাররা কোনো দিকে বেশি ঝুঁকলে সে পক্ষের জয়ের সম্ভাবনা থাকবে। কাজেই এ নির্বাচনে উল্লেখযোগ্যসংখ্যক নারী শিক্ষার্থী বিশেষ কোনো পক্ষে ভোট দিলে তাঁদের ভোট জয়-পরাজয়ের অন্যতম নির্ধারক হবে বলে ধারণা করা হচ্ছে।



