১১ সেপ্টেম্বর, ২০২৬ | শুক্রবারবাংলা: ২৭ ভাদ্র ১৪৩৩
বিনোদন

মেয়ের কণ্ঠে ফিরে এসেছে ‘মহানায়কের গান’

WhatsApp Image 2025-09-03 at 8.29.22 PM

বাংলা চলচ্চিত্রের অমর নায়ক, পরিচালক ও প্রযোজক বুলবুল আহমেদের ৮৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয়েছে বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘মহানায়কের গান’ সিজন-২। এই অনুষ্ঠানে তার বড় মেয়ে তাহসিন ফারজানা তিলোত্তমা শ্রদ্ধাঞ্জলি স্বরূপ বাবার অভিনীত ছবির জনপ্রিয় গানগুলো গান করে দর্শকের হৃদয় ছুঁবেন।

সত্তর ও আশির দশকে বাংলা চলচ্চিত্রের অগ্রণী নায়ক ছিলেন বুলবুল আহমেদ। ‘দেবদাস’ সিনেমার মাধ্যমে দর্শকের মনে জায়গা করে নেওয়া এই অভিনেতার অসংখ্য ছবির গান আজও শ্রোতাদের মনে জেগে আছে। ‘মহানায়কের গান’ সিজন-১-এও তাহসিন ফারজানা সেই গানগুলো নতুনভাবে উপস্থাপন করেছিলেন।

এই সঙ্গীতানুষ্ঠানের মাধ্যমে শুধু বাবার প্রতি শ্রদ্ধা জানানোই নয়, বরং বাংলাদেশি সঙ্গীতের ইতিহাসে অবদান রাখা গুণী গীতিকার, সুরকার ও শিল্পীদের কথাও স্মরণ করা হচ্ছে। সিজন-২-এর প্রথম উপহার হিসেবে থাকছে ‘সঙ্গিনী’ সিনেমার জনপ্রিয় গান ‘দুটি মন যখন কাছে এলো’। আয়োজকরা আশা প্রকাশ করেছেন, সিজন-২ দর্শকের মনে প্রথম সিজনের মতোই চিরস্মরণীয় হয়ে থাকবে।

বুলবুল আহমেদ ১৯৩৯ সালের ৪ সেপ্টেম্বর পুরান ঢাকার আগামসি লেনে জন্মগ্রহণ করেন। তার আসল নাম তাবাররুক আহমেদ। অভিনয় জীবন শুরু করেন ১৯৬৮ সালে নাটক ‘পূর্বাভাস’ দিয়ে এবং বড় পর্দায় অভিষেক ঘটে ১৯৭৩ সালে ‘ইয়ে করে বিয়ে’ চলচ্চিত্রে। ৪৪ বছরের দীর্ঘ মিডিয়া জীবনে তিনি প্রায় ৩০০ নাটক এবং দুই শতাধিক ছবিতে অভিনয় করেন। তার সর্বশেষ ছবিটি হলো ‘দুই নয়নের আলো’, আর তিনি চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন।

বুলবুল আহমেদের স্ত্রী ডেইজি আহমেদ। দম্পতির তিন সন্তান—মেয়ে তাহসিন ফারজানা তিলোত্তমা, ঐন্দ্রিলা আহমেদ এবং ছেলে শুভ।