চট্টগ্রামে শুরু হতে যাচ্ছে প্রথম আন্তর্জাতিক নারী চলচ্চিত্র উৎসব

নারী নির্মাতাদের চলচ্চিত্র নিয়ে প্রথমবারের মতো চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘চিটাগাং ইন্টারন্যাশনাল অল উইমেন ফিল্ম ফেস্টিভাল ২০২৫’। নারী নির্মাতাদের অনুপ্রানিত করাই এ আয়োজনের মূল লক্ষ্য।
আগামী ৪ থেকে ৬ সেপ্টেম্বর, চট্রগ্রাম আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তনে এই উৎসব অনুষ্ঠিত হবে। তিনদিন ব্যাপী এ উৎসবে প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে আয়োজন এবং প্রদর্শনীগুলো সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে।
‘ফিল্ম ফর আস’ ও ‘এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন ফিল্ম ক্লাবের’ যৌথ উদ্যোগে এবং কানেক্টহারের সহযোগিতায় আয়োজিত এ উৎসবে থাকবে দুইটি বিভাগে প্রতিযোগিতা। তা হল সেরা ফিকশন ও সেরা ডকুমেন্টারি।
উৎসবটির পরিচালক মাসউদুর রহমান বলেন, “উদ্বোধনী আয়োজনের প্রস্তুতি ইতোমধ্যেই শুরু হয়েছে। পাঁচটি দেশের নারী নির্মাতারা যুক্ত হবেন আমাদের সাথে। নারীদের গল্পে যে দৃঢ়তা, সংগ্রাম ও আশার প্রতিফলন ঘটে, দর্শকদের সেটিই আমরা দেখাতে চাই।”
প্রথম এ আসরে প্রদর্শিত হবে মোট ১৩টি চলচ্চিত্র, এর মধ্যে ৭টি ফিকশন এবং ৬টি ডকুমেন্টারি। এছাড়া প্রদর্শিত হবে ১২টি ফিলিস্তিনি চলচ্চিত্র এবং নির্বাচিত আরও ১৫টি চলচ্চিত্র। ৪ সেপ্টেম্বর উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রতিযোগিতা বিভাগের চলচ্চিত্রগুলো প্রদর্শিত হবে। ৫ সেপ্টেম্বর দর্শকরা দেখতে পাবেন ফিলিস্তিনের নারীদের নির্মীত ১২টি চলচ্চিত্র। ৬ সেপ্টেম্বর ঘোষণা ঘোষণা করা চলচ্চিত্র প্রতিযোগিতার পুরষ্কার সাথে অনুষ্ঠিত হবে সমাপনি অনুষ্ঠান।
ফিল্ম ফর আস–এর সহ–প্রতিষ্ঠাতা সাদিয়া আফরিন বলেন, “আমরা প্রদর্শিত চলচ্চিত্রগুলোকে কেবল শিল্পকর্ম হিসেবেই দেখছি না। এগুলো নারীদের টিকে থাকার অভিজ্ঞতা এবং সমাজের প্রতিফলন।”
এই উৎসবের মাধ্যমে নারী নির্মাতাদের জন্য এক নতুন দিগন্তের পথ উন্মোচন হবে। এই ধরনের কাজ নারীদের টিকে থাকার এক নতুন অভিজ্ঞতা এবং নারীদের মত প্রকাশের সাহসী মাধ্যম।



