যৌন সহিংসতার হুমকি দেওয়ায় ঢাবি শিক্ষার্থী বহিষ্কার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে ঢাবি ছাত্র শিবিরের সভাপতি এস এম ফরহাদের বিরুদ্ধে হাইকোর্টে রিট করায় সামাজিক যোগাযোগমাধ্যমে রিটকারীকে গণধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ উঠে ঢাবি শিক্ষার্থী আলী হুসেনের বিরুদ্ধে।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয় থেকে তাঁকে ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় প্রশাসন তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।
বহিষ্কৃত আলী হুসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০২০-২০২১ সেশনের শিক্ষার্থী। তাঁর শ্রেণি রোল ৫৪ এবং রেজিস্ট্রেশন নম্বর ২০২০২১২৭৬৮। সে শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের শিক্ষার্থী।
আলী হুসেনের বিরুদ্ধে আনীত অভিযোগটি বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন বিষয়ক কমিটিতে পাঠানো হয়েছে। উল্লেখ্য, এটি বিশ্ববিদ্যালয় অর্ডারে প্রদত্ত প্রক্টরের এখতিয়ারভুক্ত সর্বোচ্চ শাস্তি।



