রাতে ঘুম না আসার কারণ ও সমাধান

সুস্থ ও কর্মক্ষম থাকার জন্য পর্যাপ্ত ঘুম অপরিহার্য। প্রাপ্তবয়স্কদের প্রতিদিন অন্তত ৭-৮ ঘণ্টা ঘুম দরকার। এর কম ঘুম হলে শরীরে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। নবজাতকের দরকার ১২-১৭ ঘণ্টা, শিশুদের ৯-১৩ ঘণ্টা আর পূর্ণবয়স্কদের ৭-৮ ঘণ্টা ঘুম। পর্যাপ্ত ঘুম শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং পরের দিনের কাজের শক্তি ধরে রাখে। কিন্তু অনেকেই রাতে ঘুমাতে পারেন না বা মাঝরাতে বারবার ঘুম ভেঙে যায়। একে বলা হয় অনিদ্রা (ইনসমনিয়া)।
অনিদ্রা ও তার প্রভাব
অনিদ্রার কারণে শুধু রাতে নয়, দিনের বেলাতেও সমস্যায় পড়তে হয়। মনোযোগ কমে যায়, মেজাজ খিটখিটে হয়, বিষণ্নতা বাড়ে, এমনকি স্মৃতিশক্তিও দুর্বল হয়ে পড়ে।গবেষণায় দেখা গেছে, ঘুমের অভাব ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও স্থূলতার ঝুঁকি বাড়ায়। টানা অনেক ঘণ্টা না ঘুমালে মস্তিষ্কে এমন ক্ষতি হয়, যা অতিরিক্ত মদ্যপানের সমান। দীর্ঘদিন ঘুম না হলে হ্যালুসিনেশন বা মানসিক সমস্যাও দেখা দিতে পারে।

অনেকে ঘুমের ওষুধ খেয়ে সমাধান খোঁজেন, কিন্তু তা নিরাপদ নয়। দীর্ঘদিন ব্যবহার করলে ওষুধ ছাড়া ঘুম আসা বন্ধ হয়ে যায় এবং এতে হৃদযন্ত্র ও মস্তিষ্কের ঝুঁকিও তৈরি হয়। তাই ঘুমের সমস্যার সবচেয়ে ভালো সমাধান হলো প্রাকৃতিক উপায়ে ঘুম নিশ্চিত করা।
ঘুম ভালো করার সহজ উপায়
রাত জাগা কমান – যারা নিয়মিত রাত জেগে কাজ করেন, তারা দিনের বেলা ঘুমিয়ে তা পূরণ করার চেষ্টা করেন। কিন্তু দিনের ঘুম কখনোই রাতের ঘুমের মতো কার্যকর হয় না। তাই রাত জাগা কমাতে হবে।
সময় মেনে ঘুমানো – প্রতিদিন একই সময়ে ঘুমাতে যাওয়া ও ঘুম থেকে ওঠার অভ্যাস তৈরি করুন। এতে শরীর একটি নির্দিষ্ট ছন্দে অভ্যস্ত হয়ে যায় এবং সহজে ঘুম আসে।
চা-কফি এড়িয়ে চলুন – চা, কফি বা কোমল পানীয় ঘুমের বড় শত্রু। ঘুমানোর অন্তত ১০-১২ ঘণ্টা আগে এগুলো খাওয়া বন্ধ করা উচিত।
মোবাইল-ল্যাপটপ থেকে দূরে থাকুন – শোবার আগে ফোন বা ল্যাপটপ ব্যবহার করলে মস্তিষ্ক উত্তেজিত হয় এবং ঘুম আসতে দেরি হয়। তাই বিছানায় যাওয়ার আগে এগুলো থেকে দূরে থাকুন।
সঠিক খাবার খান – খাদ্যাভ্যাস ঘুমের ওপর বড় প্রভাব ফেলে। কিছু খাবার ঘুম আনতে বিশেষভাবে সহায়ক।
ম্যাগনেসিয়ামযুক্ত খাবার – বাদাম, অ্যাভোকাডো, ডার্ক চকোলেট – এগুলো পেশী শিথিল করে ঘুম আনতে সাহায্য করে।মেলাটোনিনযুক্ত খাবার – টমেটো, শসা, ব্রোকলি, আখরোট, বেদানা – ঘুম দীর্ঘস্থায়ী করতে সাহায্য করে।
কলা – এতে আছে ম্যাগনেসিয়াম ও পটাশিয়াম, যা শরীরকে শিথিল করে দ্রুত ঘুম আনতে সহায়ক।গরম দুধ- দুধের ট্রিপটোফ্যান নামক উপাদান শরীরে সেরোটোনিন তৈরি করে, যা ঘুমের জন্য প্রয়োজনীয়।
মধু- এক চামচ মধু ইনসুলিনের মাত্রা বাড়িয়ে ঘুম আনতে সাহায্য করে এবং মানসিক চাপও কমায়।

ভালো ঘুম মানেই ভালো স্বাস্থ্য। তাই অনিদ্রা দূর করতে ওষুধের ওপর নির্ভর না করে জীবনযাত্রা ও খাদ্যাভ্যাসে পরিবর্তন আনুন। নিয়মিত সময়ে ঘুমানো, মোবাইল কম ব্যবহার করা এবং সঠিক খাবার খাওয়ার মাধ্যমে সহজেই ঘুমের সমস্যা কাটানো সম্ভব।



