যুদ্ধের পৃথিবীতে শান্তির পাঁচ দেশ

বিশ্বজুড়ে যখন একের পর এক নতুন সংঘাত শুরু হচ্ছে, তখন শান্তির বার্তা দেওয়া দেশগুলোর সংখ্যা কমে আসছে। গ্লোবাল পিস ইনডেক্স (জিপিআই)-এর সাম্প্রতিক প্রতিবেদন জানাচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বর্তমানে পৃথিবী সবচেয়ে বেশি রাষ্ট্রীয় সংঘাত দেখছে। সীমান্তে উত্তেজনা, সামরিক খরচ বৃদ্ধি আর বাণিজ্য যুদ্ধের কারণে পৃথিবী যেন দিন দিন আরও অশান্ত হয়ে উঠছে।
তবুও সব অন্ধকারের মাঝেই কিছু দেশ এখনো শান্তিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এগিয়ে যাচ্ছে। ইকোনমিকস অ্যান্ড পিস ইনস্টিটিউটের এই প্রতিবেদনে উঠে এসেছে, এমন কিছু দেশ রয়েছে যারা প্রায় দুই দশক ধরে শান্তিপূর্ণ সূচকের শীর্ষে অবস্থান ধরে রেখেছে।
চলুন জেনে নেওয়া যাক, এ বছর কোন দেশগুলো শান্তির প্রতীক হয়ে উঠেছে।
আইসল্যান্ড
২০০৮ সাল থেকে টানা বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হিসেবে শীর্ষে রয়েছে আইসল্যান্ড। যুদ্ধ বা অভ্যন্তরীণ সংঘাত থেকে একেবারে দূরে থাকা দেশটি নিরাপত্তা, সামরিকীকরণ আর চলমান সংঘাত সূচকে সর্বনিম্ন স্কোর করে সবার ওপরে আছে। অপরাধের হার কম, সামাজিক আস্থা বেশি আর রাজনৈতিক স্থিতিশীলতা আইসল্যান্ডকে করেছে পৃথিবীর সবচেয়ে নিরাপদ দেশ।
আয়ারল্যান্ড
একসময় সংঘাতে ভরা দেশ ছিল আয়ারল্যান্ড। কিন্তু এখন ছবিটা বদলেছে পুরোপুরি। সামরিকীকরণ কমানো, রাজনৈতিক সন্ত্রাস হ্রাস আর আন্তর্জাতিক নিরপেক্ষতার কারণে দেশটি শান্তিপূর্ণ তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হওয়ায় এবং অপরাধের হার কম থাকায় আয়ারল্যান্ড আজ শান্তির উদাহরণ।

নিউজিল্যান্ড
নিউজিল্যান্ড এ বছর তৃতীয় স্থানে উঠে এসেছে। কঠোর বন্দুক আইন, সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণ আর নাগরিকদের নিরাপত্তার নিশ্চয়তা দেশটিকে করেছে অনন্য। ভৌগোলিকভাবে সংঘাত থেকে দূরে থাকায়ও নিউজিল্যান্ড তুলনামূলকভাবে শান্তিপূর্ণ পরিবেশ ধরে রাখতে সক্ষম হয়েছে।
অস্ট্রিয়া
ইউরোপের কেন্দ্রস্থল অস্ট্রিয়া এবার চতুর্থ স্থানে আছে। যদিও এক ধাপ নেমেছে, তবুও নিরাপত্তা, সুরক্ষা এবং রাজনৈতিক স্থিতিশীলতায় দেশটি এখনো উজ্জ্বল। অভ্যন্তরীণ ও বহিরাগত সংঘাত প্রায় নেই বললেই চলে। ফলে অস্ট্রিয়া বহু বছর ধরে শান্তির তালিকায় জায়গা করে নিচ্ছে।
সিঙ্গাপুর
দক্ষিণ-পূর্ব এশিয়ার সবচেয়ে শান্তিপূর্ণ দেশ সিঙ্গাপুর। চলমান সংঘাত নিরসন আর নিরাপত্তা সূচকে অসাধারণ সাফল্যের কারণে দেশটি ষষ্ঠ স্থানে রয়েছে। কোনো আন্তর্জাতিক যুদ্ধ কিংবা সংঘাতজনিত মৃত্যু নেই সেখানে। সিঙ্গাপুর বরাবরই যুদ্ধের বাইরে থেকে শান্তিকে বেছে নিয়েছে।
যখন বিশ্বজুড়ে সংঘাতের আগুন জ্বলছে, তখন এসব দেশ প্রমাণ করছে। শান্তি শুধু সম্ভবই নয়, বরং তা টিকিয়ে রাখা যায় সঠিক নীতি, আস্থা আর সহযোগিতার মাধ্যমে। পৃথিবীর বাকি দেশগুলোর জন্য এরা সত্যিই অনুপ্রেরণা।



