পলিথিন ব্যাগ ব্যবহারে আর কোনো ছাড় নয়: পরিবেশ উপদেষ্টা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, এখন থেকে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করার বিষয়ে নিয়মিত বাজার পরিদর্শন করা হবে। এ বিষয়ে আর কোনো ছাড় দেওয়া হবে না।
রোববার (৩১ আগস্ট) রাজধানীর কারওয়ান বাজারে পরিবেশবান্ধব পাটের ব্যাগ বাজারজাতকরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘এখন থেকে আমরা পলিথিন জব্দ করব। কোথাও পেলে তা নিয়ে চলে যাব।’
উপদেষ্টা বলেন, পলিথিন ব্যাগ ব্যবহার বন্ধ করলে আমাদের সন্তানেরা নিরাপদ থাকবে। বাচ্চাদের নিরাপদ রাখতে আমরা এই কাজটা করব। সরকার পাটের ব্যাগে ভর্তুকি দিয়ে দাম কমিয়েছে, যাতে সেগুলো সকলের জন্য সহজলভ্য হয়।
তিনি আরও বলেন, আমাদের অবশ্যই পলিথিন শপিং ব্যাগ বর্জন করতে হবে। এই কারণে আমরা পাটজাত দ্রব্য তৈরি করছি এবং পাটকলগুলো পুনরায় চালু হচ্ছে। এছাড়াও বাংলাদেশ প্রথম রাষ্ট্র হিসেবে ২০০২ সালে পলিথিন শপিং ব্যাগ নিষিদ্ধ করেছিল।



