নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: ১০০ সংরক্ষিত আসনে সরাসরি ভোটের প্রস্তাব

নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ও সংসদে নারী প্রতিনিধিত্ব বাড়াতে বিভিন্ন দাবি তুলেছে নারীর রাজনৈতিক অধিকার ফোরাম। সংসদে নারী প্রতিনিধিত্ব বাড়াতে ১০০ সংরক্ষিত আসনে সরাসরি ভোটের মাধ্যমে নারী সাংসদ নির্বাচন ও সব রাজনৈতিক দল থেকে ন্যূনতম ৩৩ শতাংশ নারী প্রার্থী মনোনয়ন বাধ্যতামূলক করার আহ্বান জানিয়েছে সংগঠনটি। আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব দাবি তুলে ধরেন তারা।
এসময় তাঁরা বলেন, দেশের মোট জনসংখ্যার ৫১ শতাংশ নারী। এ অনুযায়ী সংসদে নারীদের প্রতিনিধিত্ব ন্যূনতম ৫০ শতাংশ হওয়া উচিত। স্থানীয় সরকার পর্যায়ে সংরক্ষিত আসনে সরাসরি ভোটের মাধ্যমে নারী নেতৃত্ব যেমন বিকশিত হয়েছে, তেমনি জাতীয় সংসদেও তা সম্ভব। সরাসরি ভোটে নির্বাচিত হলে নারী সাংসদরা ভোটারদের কাছে জবাবদিহি করতে পারবেন।
তাঁরা আরও বলেন, বাংলাদেশের নারীরা প্রতিটি আন্দোলন ও গণ-আন্দোলনে অবিস্মরণীয় অবদান রেখেছেন। তাঁরা মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২০২৪ সালের গণঅভ্যুত্থান পর্যন্ত সব আন্দোলনেই ছিল সম্মুখ সারির যোদ্ধা। তবুও সংসদে নারীদের প্রতিনিধিত্ব কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি। ২০০৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রতিটি সংসদে সরাসরি নির্বাচিত নারী সাংসদের সংখ্যা মোট আসনের প্রায় ৭ শতাংশ। বিদ্যমান ৫০টি সংরক্ষিত আসন কার্যত নারীদের কোনো অর্থবহ রাজনৈতিক ক্ষমতা দিতে পারেনি।
জনগণের প্রতিনিধিত্ব আদেশ ২০০৮–এ ২০২০ সালের মধ্যে রাজনৈতিক দলে ৩৩ শতাংশ নারী নিশ্চিত করার বিধান থাকলেও তা কার্যকর হয়নি। বরং সময়সীমা বাড়িয়ে ২০৩০ পর্যন্ত করা হয়েছে কিন্তু অগ্রগতি দেখা যায়নি। সম্প্রতি জাতীয় ঐকমত্য কমিশনে নারীর সরাসরি প্রতিনিধিত্ব নিশ্চিত না করে মাত্র ৫ শতাংশ নারী মনোনয়নের প্রস্তাব আনা হয়েছে, যা বৈষম্যবিরোধী আন্দোলনের চেতনার পরিপন্থি।
এসময় তাঁরা দেশের এমন গুরুত্বপূর্ণ সময়ে কমিশনে কোনো নারী সদস্য অন্তর্ভুক্ত না করাকে নেতিবাচক ও নিন্দনীয় সিদ্ধান্ত হিসেবেও উল্লেখ করেন। তাঁরা মনে করেন, ২০২৬ সালের নির্বাচন থেকেই এই প্রস্তাব বাস্তবায়ন করা উচিত। বিদ্যমান ৩০০ আসনের সঙ্গে ১০০ সংরক্ষিত আসন যুক্ত করে একই নির্বাচনী কাঠামোতে সরাসরি ভোটের ব্যবস্থা চালু করা যাবে। এতে নতুন করে নির্বাচনী এলাকা পুনর্বিন্যাসের প্রয়োজন নেই। একই এলাকায় নারী ও পুরুষ সাংসদ থাকলেও কার্যপরিধি স্পষ্ট করে দিলে সমস্যার সমাধান সম্ভব হবে।
২০২৪ সালের ডিসেম্বর মাসে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো পরিচালিত এক জরিপে দেখা গেছে, ৭৪ শতাংশ নাগরিক সংসদে সরাসরি নির্বাচিত নারী প্রতিনিধিত্বের পক্ষে মত দিয়েছেন। তাঁরা বলেন, বাংলাদেশের অর্ধেক জনগণকে বাদ দিয়ে গণতন্ত্র এগোতে পারে না। তাই ২০২৬ সালের নির্বাচন থেকেই এই প্রস্তাব কার্যকর করা উচিত।
নারীর রাজনৈতিক অধিকার ফোরামের প্রস্তাবিত দাবিসমুহ নিয়ে ঐকমত কমিশনের ব্যবস্থাপনায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে গঠনমূলক আলোচনার দাবি জানিয়েছে। তাঁরা মনে করেন, নারীরা তাদের সমস্যা উপস্থাপনের জন্য একটি নিরাপদ আশ্রয় পাবেন এবং সংসদে তাদের সক্রিয় উপস্থিতি নিশ্চিত হবে।



