১৫ সেপ্টেম্বর, ২০২৬ | মঙ্গলবারবাংলা: ৩১ ভাদ্র ১৪৩৩
নারী

গোপনে নারী ফুটবলারদের ভিডিও ধারণ, নিষিদ্ধ কোচ

sdfghj

গোপনে নারী ফুটবলারদের আপত্তিকর ভিডিও ধারণের গুরুতর অভিযোগে চেক প্রজাতন্ত্রের সাবেক জাতীয় নারী কোচ পিটার ভ্লাচোভস্কিকে ফুটবল-সংশ্লিষ্ট সব কার্যক্রম থেকে আজীবনের জন্য নিষিদ্ধ করেছে ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা। চেক গণমাধ্যমের দেয়া তথ্যমতে, ২০২৫ সালের মে মাসে তিনি আদালতের মাধ্যমে দোষী সাব্যস্ত হয়েছিলেন।

এর আগে ঘরোয়া ক্লাব এফসি স্লোভাচকো-র নারী ফুটবলারদের ড্রেসিংরুমে গোপনে ভিডিও ধারণের দায়ে পিটারকে এক বছরের স্থগিত কারাদণ্ড এবং চেক প্রজাতন্ত্রে পাঁচ বছরের কোচিং নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল। তবে ঘটনার ভয়াবহতা বিবেচনা করে এবার উয়েফা তাকে বিশ্বব্যাপী আজীবনের জন্য নিষিদ্ধ করল। অথচ পিটার এর আগে একবার চেক প্রজাতন্ত্রের সেরা নারী কোচ হিসেবেও নির্বাচিত হয়েছিলেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘দ্য অ্যাথলেটিক’-এর একটি প্রতিবেদনে উঠে এসেছে এই ঘটনার ভয়ঙ্কর সব তথ্য। চেক জাতীয় দলের নারী ফুটবলার ক্রিস্টিনা জাঙ্কু জানান, পুলিশ স্টেশনে যখন তাকে ডেকে নিয়ে গোপন ভিডিও ও ছবি দেখানো হয়, তখন তিনি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। ২০১৯ থেকে ২০২৩ সালের মধ্যে এই ভিডিওগুলো ধারণ করা হয়েছিল।

উয়েফার বিবৃতিতে আরও বলা হয়, ‘সিইডিবি ফিফাকে অনুরোধ করেছে যাতে এই নিষেধাজ্ঞা বিশ্বব্যাপী কার্যকর করা হয়। পাশাপাশি চেক প্রজাতন্ত্রের ফুটবল সংস্থাকে ভ্লাখোভস্কির কোচিং লাইসেন্স বাতিল করতে বলা হয়েছে।’

ফুটবল খেলোয়াড়দের আন্তর্জাতিক ইউনিয়ন ফিফপ্রো এই নিষেধাজ্ঞাকে স্বাগত জানিয়েছে। তারা বলেছে, ‘এই সিদ্ধান্ত একটি শক্তিশালী এবং জরুরি বার্তা দেয় যে ফুটবলে অপব্যবহার ও অনুচিত আচরণের কোনো জায়গা নেই। খেলোয়াড়দের সুরক্ষা ও সুস্থতা নিশ্চিত করা খেলার প্রতিটি স্তরে সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত।’

ভ্লাখোভস্কি এর আগে চেক নারী অনূর্ধ্ব-১৯ দলেরও কোচ ছিলেন। এফসি স্লোভাচকো এই বিষয়ে কোনো মন্তব্য করেনি।

Advertisements

Advertisements