বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবুধবার, ২০ মে, ২০২৬
নারী

বরখাস্ত শিক্ষককে পুনর্বহাল দাবিতে উত্তাল ভিকারুননিসা

WhatsApp Image 2025-08-27 at 7.46.37 PM

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বসুন্ধরা শাখায় হিজাব পরাকে কেন্দ্র করে বিতর্কিত ঘটনার পর শিক্ষক ফজিলাতুন নাহারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনে নামেন স্কুলের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। তারা শিক্ষককে পুনর্বহাল, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ‘অপপ্রচারকারীদের’ শাস্তির দাবি জানাচ্ছেন।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগমের সই করা নোটিশে বলা হয়, ষষ্ঠ শ্রেণির একটি শ্রেণিকক্ষে ২২ জন শিক্ষার্থীকে হিজাব পরার কারণে ক্লাস থেকে বের করার অভিযোগের পর এবং অ্যাডহক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ফজিলাতুন নাহারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। নোটিশে তাকে সাত কর্মদিবসের মধ্যে লিখিতভাবে জানাতে বলা হয়েছে কেন স্থায়ী বরখাস্ত করা হবে না।

ফজিলাতুন নাহার অভিযোগগুলিকে ‘সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট’ হিসেবে উড়িয়ে দিয়েছেন। তার পক্ষে শিক্ষার্থীরা বুধবার (২৭ আগস্ট) সকালে ক্লাস বর্জন করে বিক্ষোভ শুরু করেন এবং পরে মিছিল নিয়ে ক্যাম্পাসের আশপাশের সড়ক প্রদক্ষিণ করেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা দাবি করেন, “আমাদের শিক্ষক হিজাব পরতে নিষেধ করেননি, বরং সঠিকভাবে পরার নির্দেশ দিয়েছিলেন। প্যানেল শিক্ষার্থীরা শেষ পিরিয়ডে ক্লাসে গেলে তিনি ড্রেসকোড না মানা শিক্ষার্থীদের বাইরে নিয়ে সমস্যা সমাধান করতে বলেছিলেন। শুধু ৮-১০ মিনিটের জন্য ওই শিক্ষার্থীদের সঙ্গে আলাপ হয়েছে।”

তাদের বক্তব্য, এই ক্ষুদ্র ঘটনার ভিত্তিতে পরিকল্পিতভাবে শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। দশম শ্রেণির এক শিক্ষার্থী বলেন, “আমাদের শিক্ষক শুধুই ড্রেসকোড মেনে চলার কথা বলেছিলেন, সেই জন্য তার বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে। আমরা চাই আপাকে পুনর্বহাল করা হোক এবং অপপ্রচারকারীদের শাস্তি হোক।”