উইমেন ইমপাওয়ারমেন্ট ফেলোশিপ পেলেন ববি শিক্ষার্থী ঊর্মি

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) গণিত বিভাগের শিক্ষার্থী জান্নাতুল নওরীন ঊর্মি সাউথ এশিয়া ইয়ং উইমেন এমপাওয়ারমেন্ট একাডেমি ফেলোশিপের জন্য নির্বাচিত হয়েছেন। সম্প্রতি তাকে এ বিষয়ে আনুষ্ঠানিক মনোনয়নপত্র প্রদান করা হয়েছে।
তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক ফেলোশিপ আগামী ১৫-১৯ সেপ্টেম্বর শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে অনুষ্ঠিত হবে। কর্মসূচিটি আয়োজন করছে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেকটোরাল অ্যাসিস্ট্যান্স (আইডিইএ), যেখানে অর্থায়ন করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং সহযোগিতা করছে ইউএন উইমেন। তরুণ নারীদের গণতান্ত্রিক সম্পৃক্ততা বৃদ্ধির উদ্দেশ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
ঊর্মি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, “বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ আমার জন্য এক বিশাল গৌরব। এই প্ল্যাটফর্ম থেকে অর্জিত অভিজ্ঞতা দিয়ে দেশের যুব ও নারীদের নেতৃত্ব বিকাশে অবদান রাখতে চাই।”
উল্লেখ্য, ২০২০ সালের ১ মার্চ বিশ্ববিদ্যালয়ে এক সহিংস ঘটনায় ছাত্রলীগের হাতে মারাত্মক নির্যাতনের শিকার হয়েছিলেন জান্নাতুল নওরীন। পরীক্ষা শেষে হল থেকে বের হওয়ার পথে তাকে পিটিয়ে ও কম্পাস দিয়ে খুঁচিয়ে জখম করা হয়। ঘটনার পর তার ছাত্রত্ব বাতিল করা হলেও সম্প্রতি আদালতের নির্দেশে তা পুনর্বহাল করা হয়েছে।



