২১ সেপ্টেম্বর, ২০২৬ | সোমবারবাংলা: ৬ আশ্বিন ১৪৩৩
নারী

বিশ্বকাপের দলে জায়গা হয়নি অফ স্পিনার জান্নাতুল ফেরদৌসের

jannatul

মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশের সফলতম বোলার গত মে মাস থেকে চলমান নারী দলের অনুশীলন ক্যাম্পে আছেন। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে নারী ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেট। টুর্নামেন্টের জন্য গত ২৩ আগস্ট ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করা হয়। তবে সেখানেও সুযোগ পাননি। বলছিলাম অফ স্পিনার জান্নাতুল ফেরদৌসের কথা।

২০১৬ সালে প্রথম জাতীয় দলে ডাক পান তিনি। এরপর তার আন্তর্জাতিক অভিষেক হয় ২০১৮ সালের মে মাসে দক্ষিণ আফ্রিকা সফরে এবং ওই বছরেই দলে ছিলেন এশিয়া কাপেও। এরপর থেকেই তিনি ছিলেন জাতীয় দলে।

২০১৯ সালে চার বছর অস্ট্রেলিয়ায় থেকে খেলেছেন। ২০২০–২১ মৌসুমে অস্ট্রেলিয়ার জাতীয় দলের ক্রিকেটারদেরও পেছনে ফেলে পেয়েছিলেন ব্যাংকসটাউন স্পোর্টস উইমেন্স ক্রিকেট ক্লাবের বর্ষসেরা ক্রিকেটারের স্বীকৃতি।

গত বছর বাংলাদেশে ফিরে আসেন আবারও জাতীয় দলে খেলার আশা নিয়ে। মেয়েদের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন (৮ ম্যাচে ২১ উইকেট)। মেয়েদের লাল বলের আসর বিসিএলের সর্বশেষ আসরেও দুই ম্যাচের তিন ইনিংসে ১৪ উইকেট নিয়ে সফলতম বোলার তিনি।

ঘরোয়া ক্রিকেটে এই পারফরম্যান্স জাতীয় দলে ফেরার স্বপ্ন পূরণ করে জান্নাতুলের। গত ডিসেম্বরে সিলেটে আয়ারল্যান্ড সিরিজের পর এপ্রিলে খেলেছেন পাকিস্তানে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাইয়ে। থাইল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে ৫ ওভারে মাত্র ৭ রান দিয়ে পান ৫ উইকেট। ৫ ম্যাচে ৯ উইকেট নিয়ে টুর্নামেন্টে বাংলাদেশের সফলতম বোলারও ছিলেন জান্নাতুল। কিন্তু ভালো খেলার ধারাবাহিকতা ধরে রেখেও আসন্ন নারী ওয়ানডে বিশ্বকাপ দলে সুযোগ পান নি তিনি।

এ বিষয়ে মেয়েদের ক্রিকেটের নির্বাচক সাজ্জাদ আহমেদের কাছ থেকে জানতে চাওয়া হলে তিনি আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের আগে এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। যদিও জানা গেছে, কোচ–নির্বাচকের চোখে জান্নাতুলের অফ স্পিন নাকি বাঁহাতি ব্যাটারদের বিপক্ষে কিছুটা কম কার্যকর।

Advertisements
Advertisements