ভারতের কাছে ২-০ গোলে হেরে গেল বাংলাদেশ

থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে ভারতের কাছে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ। শুরুতেই এক গোলে পিছিয়ে পড়েন আলপি-অর্পিতারা।
পরে বাংলাদেশ মাঝে মধ্যে আক্রমণ করলেও বেশির ভাগ সময়ই প্রতিপক্ষের আক্রমণ ঠেকিয়ে পার করেছে। এরই মধ্যে ভারতের স্কোরলাইন ২-০ হয়। সহকারী কোচ আবুল হোসেন বলেছিলেন ভারতের সঙ্গে ভুল করতে চায় না বাংলাদেশ। কিন্তু মাঠে সেই ভুলটাই হলো। তাঁর কৌশলও প্রশ্নবিদ্ধ হলো। ভারতের মতো দারুণ ছন্দে থাকা দলের সঙ্গে হাইলাইন ডিফেন্স দাঁড় করানোর মাসুল দিতে হলো দুই গোলে হেরে।
এদিকে শেষবার বাংলাদেশ ২০২৩ সালে ৪-০ গোলে অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল। ২০২৪ সালে সাফ অনূর্ধ্ব-১৬ পর্যায়ে ভারতের বিপক্ষে বাংলাদেশের মেয়েরা সর্বশেষ খেলেছিল। যেখানে গ্রুপ পর্বে ভারতকে হারিয়েছিল ৩-১ গোলে আর ফাইনালে টাইব্রেকারে।
আজ ম্যাচের শুরুতে ১৪ মিনিটেই ভারত বাংলাদেশের বিপক্ষে প্রথম গোল দেয়। তারপর থেকেই বাংলাদেশ চেষ্টা করে যায় ম্যাচে সমতা ফেরাতে। কয়েকটি ভালো আক্রমণ গড়েছিল। ৩৬ মিনিটে ফাতেমা আক্তারের কর্নার থেকে হেড নিলেও লক্ষ্যে রাখতে পারেননি আলপি আক্তার। বিরতির পর ৭৬ মিনিটে আরেকটি গোল দেয় ভারতের বনিপিলা শুলাই।
আগামী ২৪ ও ২৭ আগস্ট নেপালের সঙ্গে বাংলাদেশের তৃতীয় ও চতুর্থ ম্যাচ। ২৯ আগস্ট আবারও ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ।



