বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনরবিবার, ২৬ জুলাই, ২০২৬
ভ্রমণ

ভ্রমণের লুকানো রহস্য ‘ব্লু মাইন্ড থিওরি’

images (5)

ভ্রমণ মানেই যেন একটু মুক্তি, নতুন জায়গা দেখা আর মনকে সতেজ করা। আমরা কেউ ভিড়ভাট্টা শহরে ঘুরি, কেউ পাহাড়ে যাই, আবার কেউ খুঁজি রঙিন খাবারের স্বাদ। কিন্তু যদি বলা হয় ভ্রমণের আসল সুখ লুকিয়ে আছে শুধু জলের কাছেই?

এই ধারণাটিই এসেছে ‘ব্লু মাইন্ড থিওরি’ থেকে। গবেষণা বলছে, সমুদ্র, নদী কিংবা হ্রদের ধারে থাকলেই আমাদের মন শান্ত হয়, দুশ্চিন্তা কমে যায়। জলের শব্দ, ঢেউয়ের ছন্দ বা হ্রদের নিস্তব্ধতা যেন মনের ভেতরের জট খুলে দেয়।

কেন জলের কাছে ভালো লাগে?
সমুদ্রের ধারে দাঁড়িয়ে থাকা বা হ্রদে সাঁতার কাটা। এসব অভিজ্ঞতা শুধু শরীর নয়, মনকেও হালকা করে দেয়। ভ্রমণ বিশেষজ্ঞ লি বার্নসের ভাষায়, “জলের ধারে থাকলেই মনে হয় একটা বড় বোঝা নেমে গেছে। পৃথিবী যতই কোলাহলময় হোক না কেন, জলের কাছে গিয়ে আমরা মানসিক আশ্রয় পাই।”

ভ্রমণ ব্লগার এসথার সুসাগও একই কথা বলেন। তাঁর মতে, সমুদ্র বা হ্রদের ধারে কাটানো সময় আমাদের মানসিকভাবে প্রশান্তি দেয় এবং শরীরকে সতেজ করে তোলে। বিজ্ঞানীরা দেখেছেন, জলের কাছে থাকলে স্ট্রেস কমে, হৃদস্পন্দন স্বাভাবিক হয়, ভালো লাগার অনুভূতি বেড়ে যায়। মজার বিষয় হলো, পানিতে নামা জরুরি নয়। শুধু জলের পাশে বসেই আমরা এই উপকার পেতে পারি।

Advertisements

জলের ধারে কাটানো অবকাশ শুধু স্মৃতি নয়। মানসিক পুনরুদ্ধারের একধরনের থেরাপি। কায়াকিং, স্নোরকেলিং, উপকূল ধরে হাঁটা এসব এখন ভ্রমণপিপাসুদের কাছে খুব জনপ্রিয়।

যাঁরা কাজের চাপে ক্লান্ত, তাঁদের জন্য এই ধরনের ভ্রমণ হতে পারে মানসিক শান্তি আর শারীরিক স্বস্তির সেরা উপায়।

‘ব্লু মাইন্ড থিওরি’ মেনে চলতে চাইলে ছুটির জায়গা বাছাই করুন যেখানে জলই মূল আকর্ষণ। হতে পারে সমুদ্রতটে বসে সূর্যোদয় দেখা, নৌকায় করে অজানা নদীপথে ঘোরা, হ্রদের ধারে বসে পা ভেজানো, কিংবা শুধু তরঙ্গের শব্দ শুনে বসে থাকা। এমনকি ছোট ছোট উপকূলীয় শহরে গিয়ে কয়েকদিন কাটানোও হতে পারে দারুণ অভিজ্ঞতা।

ভ্রমণ মানেই শুধু ছবি তোলা বা জায়গা ঘোরা নয়, বরং নিজের ভেতরে প্রশান্তি খুঁজে নেওয়া। সেই প্রশান্তি খুঁজে পাওয়া যায় অনেক সময় জলের কাছেই। ‘ব্লু মাইন্ড থিওরি’ আমাদের মনে করিয়ে দেয়। সত্যিকারের ছুটি হলো সেই সময়, যখন আমরা ধীরে হাঁটি, গভীরভাবে শ্বাস নেই আর জলের ধারে বসে জীবনকে নতুনভাবে অনুভব করি।

Advertisements