পাথর লুটের সঙ্গে স্থানীয় প্রশাসন জড়িত ছিল: সৈয়দা রিজওয়ানা

সিলেটের ভোলাগঞ্জে সাদা পাথর লুটের সঙ্গে যারা জড়িত ছিল তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, স্থানীয় প্রশাসনেরও যোগসাজশ ছিল। তা না হলে তারা কীভাবে বের করতে পারে পাথরগুলো।
এ সময় সাংবাদিকরা তাঁকে বিভিন্ন প্রশ্ন করেন। উপদেষ্টারা দায়িত্বে থাকা অবস্থায় পাথর লুটের কারণ জানতে চাইলে তিনি বলেন, উপদেষ্টারা কোন পর্যন্ত যেতে পারেন এটা বুঝতে হবে আপনাদের। একটা সভায় কোন বক্তব্যগুলো যাবে, আমরা সেই পর্যন্ত কথা বলতে পারি। মাইক্রো-ম্যানেজমেন্ট আমাদের করার কথা নয়। কিন্তু আমরা পাথর লুটপাট যেন আর না হয় সেজন্য সিলেটে গিয়েছিলাম। যাওয়ার একমাত্র কারণ ছিল, যারা লুটপাট করে তাদের একটা বার্তা দেওয়া যে আমরা এটা করেছি। গত ১০/২০ বছরে পাথর লুটের বিরুদ্ধে কোন মন্ত্রী স্পটে যান নি।
তিনি আরও বলেন, আমরা যখন দেখলাম প্রশাসন কার্যকর ভূমিকা নিতে পারছে না বা নিচ্ছে না, তাদের সাহস দেওয়ার জন্য আমি এবং ফাওজুল ভাই দু’জনই সেখানে যাই। যখন আমরা ফেরত আসলাম তখন আমাদের গাড়ি ঘিরে যে অশ্লীল বিক্ষোভ প্রদর্শন করলো এবং পরে সেই বিক্ষোভের জের ধরে একটি রাজনৈতিক দল নেতাদের বহিষ্কার করেন কিন্তু সেই সময় যদি প্রতিবাদটা খুব জোরালো হতো, তাহলে আজকের পরিস্থিতিটা ভিন্ন হতো।
রিজওয়ানা হাসান বলেন, জনগন যে লুটেরা গোষ্ঠীর বিরুদ্ধে প্রতিবাদ করেছে আমি তাদের ধন্যবাদ জানাই।



