বিকিনি নয়, ফুলহাতা নীল পোশাকে মিস ইউনিভার্স মঞ্চে মাহি

মিস ইউনিভার্স প্রতিযোগিতার সুইমস্যুট পর্বে প্রচলিত পোশাকের ধারা থেকে বেরিয়ে এসে আলোচনার জন্ম দিয়েছেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি। অন্য প্রতিযোগীদের বেশির ভাগকে বিকিনি কিংবা দুই খণ্ডের সাঁতারের পোশাকে দেখা গেলেও মাহি বেছে নিয়েছেন শরীর ঢাকা ফুলহাতা নীল রঙের ফিটিং পোশাক। ভিন্নধর্মী এই সাজ ও আত্মবিশ্বাসী উপস্থিতিতে নজর কেড়েছেন তিনি।
মিস ইউনিভার্সের অন্যতম আলোচিত আয়োজন সুইমস্যুট পর্ব। এই পর্বে প্রতিযোগীরা নিজেদের আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব ও শারীরিক সক্ষমতা তুলে ধরার সুযোগ পান। তবে পোশাকের ক্ষেত্রে নিজস্ব পছন্দকে প্রাধান্য দিয়েছেন বাংলাদেশের প্রতিনিধি মাহি। তাঁর পরনে ছিল শরীরের সঙ্গে মানানসই ফুলহাতা নীল পোশাক। এর সঙ্গে যুক্ত ছিল নীল রঙের দীর্ঘ কাপড়, যা হাঁটার সময় পেছনে ঢেউয়ের মতো ছড়িয়ে পড়ছিল। পুরো সাজে ফুটে উঠেছে আভিজাত্য ও স্বতন্ত্র রুচির পরিচয়।
স্থানীয় সময় রোববার (২২ নভেম্বর) রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে সুইমস্যুট পর্বের ছবি ও ভিডিও প্রকাশ করেন মাহি। ক্যাপশনে তিনি জানান, মিস ইউনিভার্সের আন্তর্জাতিক মঞ্চে সুইমস্যুট পর্বে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে তিনি গর্বিত। আত্মবিশ্বাস, শক্তি ও আভিজাত্যের সঙ্গে দেশের পরিচয় তুলে ধরছেন বলেও উল্লেখ করেন তিনি। মাহির পোশাক নির্বাচন ও মঞ্চে তাঁর সাবলীল উপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা করছেন অনেকেই। এক নেটিজেনের মতে, বিকিনি না পরেও যে বিশ্বমঞ্চে দেশের প্রতিনিধিত্ব সুন্দরভাবে করা যায়, মাহি তা দেখিয়েছেন। আরেকজন তাঁর পরিবেশনাকে বাংলাদেশের হয়ে সেরা সুইমস্যুট ওয়াক বলে মন্তব্য করেছেন।
এর আগে ন্যাশনাল কস্টিউম পর্বেও নিজস্ব ভাবনায় বাংলাদেশের সংস্কৃতি ও পরিচয় তুলে ধরেছিলেন মাহি। ‘মাদারহুড—আ ইউনিভার্সাল বন্ড অব লাভ’ শিরোনামে মাতৃত্বের সর্বজনীন ভালোবাসাকে কেন্দ্র করে ঐতিহ্যবাহী শাড়িতে সাজেন তিনি। প্রতিযোগিতার বিভিন্ন পর্বে পোশাক ও উপস্থাপনায় নিজস্বতা বজায় রেখে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন এই প্রতিযোগী।



