রাজবাড়ীতে নোটারি পাবলিকের মাধ্যমে বয়স বাড়িয়ে বাল্য/বিবাহের চেষ্টা

রাজবাড়ী সদর উপজেলায় একটি বাল্যবিবাহ বন্ধ করেছেন ভ্রাম্যমাণ আদালত। জানা যায়, দশম শ্রেণির এক স্কুলছাত্রীর (১৫) নোটারি পাবলিকের মাধ্যমে বয়স বাড়িয়ে কাগজে-কলমে ১৮ বছর দেখানো হয়। ঘটনাটি গতকাল শুক্রবার বিকেলে সদর উপজেলার একটি গ্রামে ঘটে। এ ঘটনায় কনের বাবাকে দুই হাজার টাকা জরিমানা করা হয় এবং মেয়ের বয়স ১৮ পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার শর্তে মুচলেকা নেওয়া হয়।
স্থানীয়সূত্রে জানা যায়, ওই ছাত্রীর বিয়ে ঠিক হয়েছিল বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের এক ছেলের সঙ্গে। শুক্রবার বিকেলে কনের বাড়িতে বিয়ের আয়োজন চলছিল। খবর পেয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে কিশোর-কিশোরী ক্লাবের সদস্য, গ্রাম পুলিশ ও স্থানীয় ইউপি সদস্য সেখানে উপস্থিত হন। কনের পরিবার বাল্যবিবাহ না দেওয়ার আশ্বাস দেন।
বিকেলে বরপক্ষের লোকজন আসেন। বিয়ের আনুষ্ঠানিকতার খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) পায়রা চৌধুরীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সেখানে উপস্থিত হন। সেসময় বরপক্ষের লোকজন উপস্থিত থাকলেও বর সরে যান।
পায়রা চৌধুরী বলেন, মেয়েটির বয়স মাত্র ১৫ বছর। নোটারির মাধ্যমে বয়স বাড়ানো হলেও তা আইনি স্বীকৃতি পায় না। তিনি আরও জানান, অনেক অভিভাবক এ বিষয়ে সচেতন নন। তাই সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হচ্ছে।



