৯ সেপ্টেম্বর, ২০২৬ | বুধবারবাংলা: ২৫ ভাদ্র ১৪৩৩
স্পটলাইট

১৩ বছরেই দাবায় আন্তর্জাতিক খেতাব জিতলেন খুশবু

Untitled design (2)

১৩ বছর বয়সেই দাবায় নতুন দিগন্ত খুললেন ওয়াসরিয়া খুশবু—বিশ্ব দাবা ফেডারেশন (ফিদে) থেকে উইমেন ফিদে মাস্টার (ডব্লিউএফএম) খেতাব অর্জন করে তিনি দেশের নারী দাবাড়ুদের জন্য তৈরি করলেন নতুন অনুপ্রেরণার গল্প।

বর্তমানে ২১৪৫ রেটিং নিয়ে সক্রিয় নারী দাবাড়ুদের মধ্যে শীর্ষে আছেন খুশবু। ফিদেতে নিবন্ধিত এক হাজারের বেশি নারী দাবাড়ুর মধ্যে সক্রিয় ২০৫ জনের তালিকায় তিনি আছেন এক নম্বরে।

মাত্র পাঁচ বছর বয়সে ২০১৭ সালে ঢাকায় দাবা যাত্রা শুরু করা খুশবু ২০২৩ সালে এশিয়ান জোন ৩.২ দাবা চ্যাম্পিয়নশিপে পঞ্চম হয়ে উইমেন ক্যান্ডিডেট মাস্টার (ডব্লিউসিএম) হন। এবার নতুন খেতাব নিয়ে তিনি আরও বড় লক্ষ্যে এগোচ্ছেন—উইমেন গ্র্যান্ডমাস্টার (ডব্লিউজিএম) হওয়া।

বাংলাদেশে রানি হামিদ, শামীমা আক্তার লিজা ও শারমিন সুলতানা শিরিনের মতো অভিজ্ঞ দাবাড়ুরা উইমেন ইন্টারন্যাশনাল মাস্টার (ডব্লিউআইএম) হলেও, এখনো কোনো নারী দাবাড়ু উইমেন গ্র্যান্ডমাস্টার হতে পারেননি। ডব্লিউএফএম খেতাবধারী নারীও আছেন দেশে দশজনের কম।

নতুন অর্জনের পর খুশবু ফেসবুকে লিখেছেন, “এটা কেবল শুরু, আমি আরও দূর যেতে চাই, নিজের জন্য, বাংলাদেশের জন্য।” তিনি বাংলাদেশ দাবা ফেডারেশন, বাংলাদেশ নৌবাহিনী এবং যাত্রাপথে পাশে থাকা সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।