১১ সেপ্টেম্বর, ২০২৬ | শুক্রবারবাংলা: ২৭ ভাদ্র ১৪৩৩
বিনোদন

না ফেরার দেশে ‘দেবদাস’ খ্যাত অভিনেত্রী

najima

বলিউডের প্রখ্যাত অভিনেত্রী নাজিমা আর নেই। সোমবার (১১ আগস্ট) মারা গেছেন ‘দেবদাস’ খ্যাত জনপ্রিয় এই অভিনেত্রী। ৭৭ বছর বয়সে তিনি মারা গেছেন। মুম্বাইয়ে দুই ছেলের সঙ্গে থাকতেন তিনি।

তিনি ১৯৪৮ সালের ২৫ মার্চ মহারাষ্ট্রের নাসিকে জন্মগ্রহণ করেন। প্রকৃত নাম মেহর-উন-নিসা। তার দাদি শরিফা বাই ছিলেন জনপ্রিয় অভিনেত্রী। ফলে ছোটবেলা থেকেই চলচ্চিত্রের সঙ্গে তার পরিচয়।

বর্ষীয়ান এই অভিনেত্রীর মৃত্যুর খবর গণমাধ্যমকে জানিয়েছেন তার চাচাতো বোন জারিন বাবু। শিশুশিল্পী হিসেবে যখন অভিনয় জীবন শুরু করেছিলেন তখন তার নাম ছিল ‘বেবি চাঁদ’। তার প্রথম সিনেমার নাম ছিল ‘দো বিঘা জামিন’।

১৯৫৫ সালে ‘দেবদাস’ সিনেমায় ছোট পারুর বান্ধবীর চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করেন। এছাড়া ‘বিরাজ বহু’ সিনেমায় অভি ভট্টাচার্যের বোন, ‘আয়ে দিন বাহার কে’ সিনেমায় আশা পারেখের বোন এবং ‘অব দিল্লি দূর নেহি’ সিনেমায় রাজ কাপুরের প্রযোজনায় অভিনয় করেন তিনি।অভিনেত্রীদের বোন বা বান্ধবীদের চরিত্রে অভিনয় করলেও, নাজিমা দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন।

১৯৫৮ সালে ‘প্রিন্সেস সাবা’ সিনেমায় প্রথমবার নায়িকা চরিত্রে অভিনয় করেন। তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘মনচলি’, ‘প্রেম নগর’, ‘অনুরাগ’, ‘বেইমান’। কিংবদন্তি অভিনেতা রাজেশ খান্নার সঙ্গে ‘আউরত’, ‘ডোলি’ সিনেমায় এবং সঞ্জীব কাপুরের সঙ্গে ‘নিশান’ সিনেমায় অভিনয় করে প্রশংসা অর্জন করেন।