পাথর লু/টে বি/বর্ণ ভোলাগঞ্জ, ক্ষো/ভ রিজওয়ানার

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ ‘সাদাপাথর’ এলাকায় ব্যাপক লুটপাটে ক্ষতবিক্ষত হয়েছে পর্যটনকেন্দ্রটি। ধলাই নদীর সীমান্তঘেঁষা মনোমুগ্ধকর এই স্থান এখন প্রায় বিবর্ণ।
সোমবার (১১ আগস্ট) এক আলোচনা সভায় এ বিষয়ে হতাশা প্রকাশ করেছেন বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেছেন, “আগের চার বছর জাফলংয়ে পাথর উত্তোলন বন্ধ রাখতে পেরেছিলাম, এখন আমি উপদেষ্টা হয়েও পারলাম না।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, সেখানে পাথর তোলায় সর্বদলীয় ঐক্য দেখেছি, কিন্তু জাফলং রক্ষায় কোনো ঐক্য নেই। তিনি আরও বলেন, “দেশের চাহিদার মাত্র ৬ ভাগ পূরণ হয় এসব পাথর তুলে। বাকি ৯৪ ভাগই আমদানি করতে হয়। ৯৪ ভাগ আমদানি সম্ভব হলে বাকি ৬ ভাগ কেন পারলাম না? ইকো ট্যুরিজম করলে পাথর তোলার চেয়ে বেশি আয় করতে পারবো। সারাদিন পানিতে নেমে পাথর তোলা কোনো কর্মসংস্থান নয়, এটা শোষণ।”
স্থানীয়দের অভিযোগ, গত বছরের ৫ আগস্টের পর থেকে ‘সাদাপাথর’ এলাকায় দিন-রাত পাথর লুট চলছে। প্রতিরাতে শতাধিক পাথর বোঝাই গাড়ি কোম্পানীগঞ্জ থেকে বের হতে দেখা গেছে। এ ঘটনায় স্থানীয় প্রভাবশালী এক রাজনৈতিক নেতা জড়িত বলে তাদের অভিযোগ।



