ঋতুপর্ণাকে বাড়ি উপহার দিবে বিসিবি

বাংলাদেশ নারী ফুটবল দলের উজ্জ্বল নক্ষত্র ঋতুপর্ণা চাকমার জীবনযুদ্ধ ও সাফল্যের গল্প যেন অনুপ্রেরণার প্রতিচ্ছবি। মাঠে তার নির্ভীক লড়াইয়ের মতোই জীবনের প্রতিকূলতার সঙ্গেও তিনি লড়ে যাচ্ছেন বহুদিন ধরে। বাবাকে ও একমাত্র ভাইকে হারানোর পর সংসারের হাল ধরেছেন তিনি নিজেই। ক্যান্সারে আক্রান্ত মায়ের চিকিৎসা, সংসারের সব খরচ সবই সামলাতে হয়েছে একা হাতে। রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের মঘাছড়ি গ্রামের জরাজীর্ণ ঘরেই চলছিল তার ও পরিবারের দিনযাপন।
তবু ফুটবল মাঠে থেমে থাকেননি ঋতুপর্ণা। গত মাসে মেয়েদের এশিয়া কাপের বাছাই পর্বে অসাধারণ পারফরম্যান্স দিয়ে দলকে প্রথমবারের মতো মূল পর্বে তুলেছেন তিনি। এই সাফল্যের স্বীকৃতিই এবার বদলে দিচ্ছে তার জীবন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সিদ্ধান্ত নিয়েছে, ঋতুপর্ণার জন্য নতুন একটি বাড়ি তৈরি করবে তারা। রাঙামাটির স্থানীয় প্রকৌশলীর মাধ্যমে ইতোমধ্যেই নকশা ও প্রয়োজনীয় প্রস্তুতি শেষ করেছে বোর্ড। ১৮ লাখ টাকা বাজেটে তৈরি হবে স্বপ্নের এই বাড়ি।
শনিবার (৯ আগস্ট) বিসিবির সভা শেষে পরিচালক নাজমুল আবেদিন ফাহিম, ইফতিখার রহমান মিঠু ও শফিকুল ইসলাম স্বপন প্রেস কনফারেন্সে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।
দীর্ঘদিনের স্বপ্ন এবার পূর্ণ হতে যাচ্ছে ঋতুপর্ণার।



