বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবুধবার, ২৪ জুন, ২০২৬
স্বাস্থ্য

খাদ্য ও ব্যায়ামই ক্যান্সার প্রতিরোধের চাবিকাঠি

fruits

ক্যান্সার শুধু একটি রোগ নয় বরং অনেকের জীবনের সবচেয়ে ভয়ানক ও কঠিন যুদ্ধের নাম। চিকিৎসা যতই আধুনিক হোক ক্যান্সারের মোকাবিলায় সচেতন জীবনযাপনই সবচেয়ে কার্যকর প্রতিরক্ষা। যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় গবেষণা প্রতিষ্ঠানগুলোর মতে সঠিক খাদ্যাভ্যাস ও নিয়মিত ব্যায়ামের মাধ্যমে অন্তত ৩০ থেকে ৫০ শতাংশ ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব। কি খাচ্ছি, কতটা হাঁটছি কিংবা ঘুমাচ্ছি এই দৈনন্দিন অভ্যাসগুলো ক্যান্সারের ঝুঁকি কমাতে ভূমিকা রাখে। তাই প্রতিরোধমূলক সচেতনতা তৈরির অন্যতম প্রধান হচ্ছে খাদ্য এবং ব্যায়াম।

খাদ্য শুধু পুষ্টির উৎস নয় বরং রোগ প্রতিরোধে একটি বড় অস্ত্র। অতিরিক্ত চিনি, চর্বি ও প্রক্রিয়াজাত খাবার ইনসুলিনের ভারসাম্য নষ্ট করে দিয়ে শরীরের কোষে অস্বাভাবিক বিভাজনের ঝুঁকি বাড়ায় যা ক্যান্সারের কারণ হতে পারে। বিশেষ করে কোমল পানীয়, অতিমিষ্ট খাবার ও প্রসেসড ফুড যতটা সম্ভব এড়িয়ে চলা উচিত। এর পরিবর্তে খাদ্যতালিকায় নিয়মিত রাখতে পারেন যেমন হলুদ, রসুন, টমেটো, বিভিন্ন ধরনের শাকসবজি, বেরি জাতীয় ফল, বাদাম, ওমেগা–৩ সমৃদ্ধ খাবার ও অলিভ অয়েল। এই খাবারগুলোতে থাকা অ্যান্টি–অক্সিডেন্ট ও প্রদাহ–নিরোধক উপাদান কোষকে সুরক্ষিত রাখতে সাহায্য করে ফলে ক্যান্সারের ঝুঁকি কমে।

নিয়মিত ব্যায়াম

যারা সপ্তাহে অন্তত ১৫০ মিনিট হালকা থেকে মাঝারি মাত্রার ব্যায়াম করেন তাদের স্তন, কোলন ও জরায়ুমুখ ক্যান্সারের ঝুঁকি অনেক কমে যায়। ব্যায়াম শরীরের হরমোন ভারসাম্য রক্ষা করে, দেহকে ডিটক্স করে এবং মানসিক চাপ হ্রাস করে। সহজ কিছু ব্যায়াম যা প্রতিদিন করা যায় যেমন ৩০ মিনিট হাঁটা, সাইকেল চালানো, সাঁতার, ঘরের কাজ বা হালকা স্ট্রেচিং।

মানসিক চাপ কমালেই কমে ক্যান্সারের ঝুঁকি

মানসিক চাপ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে দেয় যা ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে। প্রতিদিনের রুটিনে ধ্যান, শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম বা পছন্দের কোনো কাজে নিজেকে যুক্ত রাখলে মানসিক স্বাস্থ্যের ভারসাম্য বজায় রাখা সহজ হয়।

খাদ্য ও ব্যায়ামের অভ্যাসই হতে পারে ক্যান্সারের বিরুদ্ধে সবচেয়ে বড় প্রতিরক্ষা ব্যবস্থা। শুধু চিকিৎসার ওপর নির্ভর না করে নিজে সচেতন হলে অনেকটাই কমানো সম্ভব এই রোগের ভয়াবহতা। আজ থেকেই শুরু হোক সচেতন জীবনধারা। ছোট ছোট অভ্যাসই গড়ে তোলে বড় রকমের নিরাপত্তা।

স্বাস্থ্য