২৫ সেপ্টেম্বর, ২০২৬ | শুক্রবারবাংলা: ১০ আশ্বিন ১৪৩৩
স্পটলাইট

নারীদের রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে: অভিযোগ সামান্তার

samanta

নারীদের রাজনীতি থেকে ‘সিস্টেমেটিক্যালি’ সরিয়ে দেওয়া হচ্ছে এমন অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। তিনি বলেন, “নারীদের অনিরাপদ দেখিয়ে তাঁদের সাইবার বুলিং করা হচ্ছে, সামাজিকভাবে একঘরে করা হচ্ছে। অথচ এসব নিয়ে অন্তর্বর্তী সরকার সম্পূর্ণ নীরব ভূমিকা পালন করছে।”

শুক্রবার (১ আগস্ট) রাজধানীর বাংলামোটরের রূপায়ন টাওয়ারে এনসিপির কার্যালয়ে ‘মর্যাদাপূর্ণ বাংলাদেশ ও নতুন বন্দোবস্তের লক্ষ্যে নারীদের প্রত্যয়’ শীর্ষক এক সেমিনারে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানটির আয়োজন করে জাতীয় যুবশক্তি।

সামান্তা বলেন, “জুলাই আন্দোলনে দেশের প্রতিটি জেলায় নারী শিক্ষার্থীরা ফ্রন্টলাইনে ছিলেন। কিন্তু আজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন কমিটিতে নারীদের পরিকল্পিতভাবে বাদ দেওয়া হচ্ছে। পাশাপাশি তাদের বিরুদ্ধে সাইবার বুলিং ও কুৎসা রটানো চলছে। নারীদের রাজনীতিতে অনিরাপদ দেখিয়ে তাদের মনোবল ভাঙার চেষ্টা চলছে।”

তিনি আরও বলেন, “আমরা আন্দোলনে গুলি খেতেও প্রস্তুত ছিলাম। পরিবারও বাধা দেয়নি। অথচ এখন পরিবার মেয়েদের রাজনীতিতে যেতে নিরুৎসাহিত করছে, কারণ তারা দেখছে নারীদের প্রতি কেমন আচরণ করা হচ্ছে। এটা অত্যন্ত দুঃখজনক।”

সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সামান্তা জানান, “আমি অন্তর্বর্তী সরকারের প্রেস সচিবের সঙ্গে কথা বলেছি। তিনি সহজভাবে বললেন, ‘ডেটা নাই’। কিন্তু আমরা জানি, সরকারের সদিচ্ছা থাকলে এসব বিষয়ে উদ্যোগ নেওয়া সম্ভব।”

জুলাই আন্দোলনে নারীদের অবদান উল্লেখ করে তিনি বলেন, “যখন হল থেকে বেরিয়ে নারীরা ‘তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার’ স্লোগান দেন, তখনই আওয়ামী লীগের ন্যারেটিভ ভেঙে পড়ে। সেসময় মেয়েরা মিছিলে সামনে থেকে ছেলেদের রক্ষা করেছেন। তারা না থাকলে হয়তো আরও অনেকে নিহত হতেন।”

Advertisements
Advertisements