মা ও শাশুড়িকে সঙ্গে নিয়ে অভিভাবক দিবসে বিশেষ বার্তা দিলেন কাজল

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল সম্প্রতি ইনস্টাগ্রামে জাতীয় অভিভাবক দিবস উপলক্ষে একটি পোস্টে নিজের মা তনুজা ও শাশুড়ি বীণা দেবগনের সঙ্গে একটি হাস্যোজ্জ্বল ছবি শেয়ার করেছেন। দুই অভিভাবকের প্রতি শ্রদ্ধা জানিয়ে ক্যাপশনে লিখেছেন, “ তোমরা যা করেছ আমার জন্য, তার তুলনায় শুধু অভিভাবক দিবস খুবই ছোট একটি উপলক্ষ। তবুও বিশেষ দিন বলেই এই পোস্ট।ধন্যবাদ তোমাদের চারজনকেই। ”
ছবির সঙ্গে আরও দুটি মুহূর্ত শেয়ার করেছেন কাজল, যেখানে রয়েছেন তার বাবা সোমু মুখোপাধ্যায় এবং শ্বশুর বীরু দেবগণ। চার অভিভাবককে সম্মান জানিয়ে কাজল জানিয়েছেন, তারা তার জীবনে যেভাবে অবদান রেখেছেন, তা অমূল্য।
সম্প্রতি কাজলের নতুন সিনেমা ‘ মা ’ মুক্তি পেয়েছে, যেখানে তার অভিনয় প্রশংসিত হয়েছে। এছাড়া সাইফ আলি খানের ছেলে ইব্রাহিম আলি খানের প্রথম ছবি ‘ সরজমিন ’ এও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে তাকে। এবার প্রভুদেবা ও নাসিরুদ্দিন শাহের সঙ্গে ‘ মহারাগ্নী: কুইন অব কুইনস ’ সিনেমায় অভিনয় করতে চলেছেন কাজল।
১৯৯২ সালে বাবা সোমু মুখোপাধ্যায়ের প্রযোজনা ও পরিচালনায় ‘বেখুদি’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় কাজলের। এক বছর পরই শাহরুখ খানের বিপরীতে ‘বাজিগর’ এর বিশাল সাফল্যে বলিউডে নিজের জায়গা পাকাপোক্ত করেন তিনি। এরপর একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন এই অভিনেত্রী।
তবে এতগুলো হিট হিন্দি ছবির বিপরীতে, বাংলা সিনেমায় কাজলের আগ্রহ খুব একটা দেখা যায়নি। সাম্প্রতিক সময়ে তাকে বেশি দেখা গেছে ওয়েব সিরিজ ও ডিজিটাল প্ল্যাটফর্মে।



