তারুণ্যের জয়গান: বিশ্বচ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়লেন দিব্যা দেশমুখ

ভারতের দাবা ইতিহাসে এক নতুন সূর্যোদয় দেখা গেল জর্জিয়ার বাতুমিতে। ২০২৫ সালের ফিদে নারী দাবা বিশ্বকাপের ফাইনালে অভূতপূর্ব এক লড়াইয়ে ১৯ বছর বয়সী দিব্যা দেশমুখ ভারতের প্রথম নারী দাবা বিশ্বচ্যাম্পিয়নের খেতাব জিতে নিলেন।
ফাইনালের দুই প্রতিদ্বন্দ্বীই ছিলেন ভারতীয়।একদিকে অভিজ্ঞ ৩৮ বছর বয়সী গ্র্যান্ডমাস্টার কোনেরু হাম্পি, অন্যদিকে উজ্জ্বল সম্ভাবনায় ভরা কিশোরী দিব্যা।
দুটি ক্লাসিক্যাল গেম ড্র হয়ে যাওয়ায় খেলা গড়ায় র্যাপিড টাইব্রেকারে। প্রথম র্যাপিড গেমে সাদা ঘুঁটি নিয়ে পেট্রভস ডিফেন্সে খেলেন দিব্যা। দুই খেলোয়াড়ই ছিলেন আক্রমণাত্মক,ফলে গেমটি ড্র হয়। কিন্তু দ্বিতীয় র্যাপিড গেমে ইতিহাস রচনা করে ফেলেন দিব্যা।
হাম্পির কুইন্স গ্যাম্বিটের জবাবে দিব্যা শুরু থেকেই চাপে রাখেন প্রতিপক্ষকে।কৌশলে খেলতে খেলতে ৩৪তম চালে একটি গুরুত্বপূর্ণ ভুল করে বসেন হাম্পি, যা ম্যাচের ভাগ্য গড়ে দেয়। দিব্যার চূড়ান্ত স্কোর দাঁড়ায় ২.৫-১.৫।
জয়ের পর দিব্যা যেন বিশ্বাসই করতে পারছিলেন না নিজের অর্জন। আনন্দ অশ্রু গড়িয়ে পড়ে চোখ বেয়ে। ম্যাচ শেষে বলেন “ এখনো বুঝে উঠতে পারছি না, কীভাবে এটা করে ফেললাম!এখন আমি গ্র্যান্ডমাস্টার, আমি বিশ্বচ্যাম্পিয়ন! ”
এই জয় কেবল একটি খেতাব নয়, ভারতের ক্রীড়াঙ্গনে এক যুগান্তকারী অধ্যায়ের সূচনা। দিব্যা দেশমুখ প্রমাণ করে দিলেন সাহস, অধ্যবসায় আর সেরা পারফরম্যান্সই পারে ইতিহাস লিখতে। ভারতের দাবায় এবার এক নতুন রাজকন্যার অভিষেক হলো, যার মুকুটে জ্বলজ্বল করছে বিশ্বজয়ের রত্ন।
এই ঐতিহাসিক মুহূর্তে দিব্যা শুধু নিজের জন্যই নয়, গোটা ভারতের দাবা জগতের জন্য খুলে দিলেন এক নতুন দিগন্ত।



