বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনমঙ্গলবার, ৯ জুন, ২০২৬
বিনোদন

নকল শাবনূর বনাম আসল শাবনূর: ভেরিফিকেশন যুদ্ধের অবসান

নকল শাবনূর বনাম আসল শাবনূর: ভেরিফিকেশন যুদ্ধের অবসান

এক সময়ের ঢালিউড কাঁপানো নায়িকা শাবনূর এখন অনেকটাই আড়ালে। পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ায় বসবাস করলেও, সময় সুযোগ হলে দেশে ফিরে আসেন প্রিয় ভক্তদের মাঝে। যদিও রূপালি পর্দা থেকে অনেকটাই দূরে আছেন, তবে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভাকাঙ্ক্ষীদের সাথে মাঝে মাঝে যোগাযোগ রাখেন এই জনপ্রিয় অভিনেত্রী।

তবে শুক্রবার সকালে সামাজিক মাধ্যমে হঠাৎ করেই দেখা দেয় এক বিড়ম্বনা। শাবনূরের নামে একটি ভেরিফায়েড ফেসবুক পেজ সক্রিয় রয়েছে, যেটি পরিচালনা করছে একটি প্রতারক চক্র। বিষয়টি জানতে পেরে শাবনূর ফেসবুক লাইভে এসে স্পষ্ট করে বলেন, “আমার একটাই ফেসবুক আইডি। বাকিগুলো ভুয়া। আমি নিজের কোনো পেজ ভেরিফাই করাইনি। আমি জানি না কে বা কারা আমার নামে এসব করছে বা কেন করছে।”

এই ঘটনার পর অনেক শুভাকাঙ্ক্ষীর অনুরোধে অবশেষে শাবনূর নিজের অফিসিয়াল ফেসবুক আইডি ভেরিফায়েড করিয়ে নেন। শনিবার রাতে ভক্তদের ধন্যবাদ জানিয়ে তিনি লেখেন, “আলহামদুলিল্লাহ, আমার ফেসবুক আইডি ভেরিফায়েড হয়ে গেছে। এখন থেকে অফিসিয়াল আইডি চিনতে কারো অসুবিধা হবে না।”

শাবনূর আরও জানান, ভুয়া পেজটি অত্যন্ত কৌশলে পরিচালনা করা হচ্ছে। তার আইডি বা পেজে কোনো কিছু পোস্ট হলেই, সেখান থেকেই হুবহু কপি করে তা ওই ভুয়া পেজে পোস্ট করা হয়। এমনকি তার মূল আইডি এবং পেজকে ব্লক করে রাখা হয়েছে, যেন তিনি দেখতে না পারেন কী কী শেয়ার করা হচ্ছে।

সবচেয়ে উদ্বেগের বিষয় হচ্ছে, পেজটি যেহেতু ভেরিফায়েড, তাই বেশিরভাগ মানুষ সেটাকেই শাবনূরের অফিসিয়াল মনে করছে। তিনি শঙ্কা প্রকাশ করে বলেন, “এভাবে আমার হয়ে যদি কেউ অপরাধমূলক কিছু করে, তার দায় তো আমার উপর আসতে পারে। অথচ আমি কিছুই জানি না। আমি ফেসবুক কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি।”

প্রতারণার এমন এক ভয়ংকর চিত্র সামনে আসায় ভক্তদের উদ্দেশে শাবনূরের আহ্বান সতর্ক থাকার। তিনি স্পষ্টভাবে বলেন, তার শুধুমাত্র একটি অফিসিয়াল ফেসবুক আইডি রয়েছে, এবং সেটিই এখন ভেরিফায়েড।

বিনোদন