বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
বিনোদন

ওটিটিতে এসেছে চারটি নতুন সিরিজ-সিনেমা

370aa8e370d59df690cfdd107f381bf0121d2da10ef774c82a3c133bb53d1f7c._SX1080_FMjpg_

নিশুতি রাত, জানালার বাইরে ঝিরঝিরে বৃষ্টি, আর আপনার হাতে এক কাপ কফি। এই পরিবেশে রোমাঞ্চকর একটি সিরিজ কিংবা রহস্যে মোড়া একটি সিনেমা না দেখলে যেন কিছুই জমে না। ওটিটি প্ল্যাটফর্মগুলো ঠিক এমনই কিছু কনটেন্ট নিয়ে এসেছে সম্প্রতি। এগুলো আপনাকে নিয়ে যাবে রহস্য, রোমাঞ্চ আর আবেগের এক নতুন ভুবনে। নিচে তুলে ধরা হলো চারটি নতুন সিরিজ ও সিনেমা, যেগুলোর প্রতিটিই আলাদা স্বাদে নির্মিত:

মান্ডালা মার্ডারস (Mandala Murders)
নেটফ্লিক্সে সদ্য মুক্তি পাওয়া এই থ্রিলার সিরিজের কাহিনি আবর্তিত হয়েছে এক রহস্যময় শহরকে ঘিরে যার নাম চন্দ্রদাসপুর। শহরটি যেন অন্ধকার কোনো অতীত বয়ে বেড়ায় যেখানে একের পর এক মৃত্যুর ঘটনা ঘটে চলেছে। এই মৃত্যুগুলো নিছক দুর্ঘটনা নয় বরং একটি গভীর রহস্যের ইঙ্গিত দেয়। এসব রহস্যের সমাধানে এগিয়ে আসে গোয়েন্দা কর্মকর্তা রিয়া থমাস। কিন্তু তার তদন্তে বারবার বাধা হয়ে দাঁড়ায় শহরের জটিল রাজনীতি, স্থানীয় মানুষের মুখবন্ধতা আর রহস্যময় অতীত। গোপী পুথরান ও মানন রাওয়াতের পরিচালনায় নির্মিত এই সিরিজে প্রধান চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন বাণী কাপুর। তাঁর সঙ্গে সঙ্গত দিয়েছেন সুরভীন চাওলা, রঘুবীর যাদব, শ্রিয়া পিলগাঁওকর ও বৈভব রাজগুপ্ত। নিখুঁত দৃশ্যায়ন, গল্পের মোচড় আর টানটান থ্রিল এই সিরিজকে করেছে প্রশংসার যোগ্য।

ওয়াশিংটন ব্ল্যাক (Washington Black)
‘হুলু’ প্ল্যাটফর্মে স্ট্রিমিং হওয়া এই সিরিজটি ইতিহাস আর অ্যাডভেঞ্চারের চমৎকার এক মিশ্রণ। কাহিনির পটভূমি উনিশ শতকের দাসপ্রথা-আক্রান্ত ক্যারিবীয় অঞ্চল। কেন্দ্রীয় চরিত্র ওয়াশিংটন ‘ওয়াশ’ ব্ল্যাক একজন অল্পবয়সী কৃষ্ণাঙ্গ কিশোর যে দাসত্ব থেকে পালিয়ে বেড়ায়, আর নিজের পরিচয় খুঁজে ফেরে নানা দেশে। পালানোর এই যাত্রা শুধু শারীরিক নয় বরং আত্মিকও। যেখানে সে খুঁজে পায় স্বাধীনতার অর্থ, মানবিকতা আর ভালোবাসার সংজ্ঞা। অ্যাসি এডুগায়েনের একই নামের উপন্যাস থেকে অনুপ্রাণিত হয়ে এই সিরিজটি তৈরি করেছেন সেলওয়েন সেইফু হিন্ডস। ওয়াশ চরিত্রে আরনেস্ট কিংসলি জুনিয়রের অভিনয় চমৎকার। তাঁর সঙ্গে ছিলেন এডি কারানজা ও রুপার্ট গ্রেভস। সিরিজটির সিনেমাটোগ্রাফি, ব্যাকগ্রাউন্ড স্কোর ও পিরিয়ড ডিটেইলস চোখে লেগে থাকার মতো।

রন্থ (Ranth)
মালয়ালম ভাষায় নির্মিত এই সিনেমাটি দেখা যাচ্ছে জিও হটস্টারে। একরাতে একসঙ্গে ডিউটিতে নামে দুই পুলিশ অফিসার অভিজ্ঞ সাব-ইন্সপেক্টর ইয়োহান্নান ও নবীন কনস্টেবল দিননাথ। তারা ভাবছিলেন, রাতটা নিরিবিলিতেই কেটে যাবে। কিন্তু একের পর এক অস্বাভাবিক ও ভীতিকর ঘটনা তাদের পেছনে টেনে নেয় এক ভয়ংকর বাস্তবতার মুখোমুখি। কীভাবে একটি রাত দুই মানুষের জীবন বদলে দিতে পারে সেই গল্প নিয়েই ‘রন্থ’। ছবিটি পরিচালনা করেছেন শাহি কবির। প্রধান চরিত্রে অভিনয় করেছেন ডিলেশ পোথান ও রোশান ম্যাথু। বাস্তবধর্মী সংলাপ, মুডি ক্যামেরার কাজ আর সাসপেন্স তৈরি করার দক্ষতা ছবিটিকে করে তুলেছে এক নিঃশব্দ অথচ শক্তিশালী অভিজ্ঞতা।

নাইন বডিজ ইন মেক্সিকান মর্গ (Nine Bodies in a Mexican Morgue)
ছয় পর্বের এই মিনিসিরিজটি স্ট্রিমিং হচ্ছে অ্যামাজন প্রাইম ভিডিওতে। মেক্সিকোর ঘন জঙ্গলে বিধ্বস্ত হয় একটি ছোট যাত্রীবাহী বিমান। পরদিন উদ্ধার হওয়া মরদেহগুলো পাঠানো হয় এক মর্গে। এখান থেকেই শুরু হয় প্রশ্ন। এটা কি কেবলই এক দুর্ঘটনা, নাকি এর পেছনে আছে আরও গভীর ষড়যন্ত্র? একজন তদন্তকারী কর্মকর্তার দৃষ্টিকোণ থেকে গল্পটি এগোয়, যার কাজ সত্য উদ্‌ঘাটন করা। অ্যান্থনি হরোভিৎজের সৃষ্ট এই সিরিজে অভিনয় করেছেন লিডিয়া উইলসন ও ডেভিড আজালা। থ্রিলারপ্রেমীদের জন্য এটি হতে পারে এক নিখুঁত সন্ধ্যাকালীন চয়েস, যেখানে প্রতিটি পর্বে রয়েছে নতুন মোচড় আর রহস্যের ঘনঘটা।

ওটিটির দুনিয়ায় যখন প্রতিদিনই যোগ হচ্ছে নতুন কনটেন্ট, তখন ভালো কিছু বেছে নেওয়াটাই বড় চ্যালেঞ্জ। উপরের সিরিজ ও সিনেমাগুলো শুধু সময় কাটানোর উপায় নয়, বরং মানসিক বিনোদন, আবেগ আর কল্পনার এক অনন্য জগতেও প্রবেশের টিকিট। আপনি যদি থ্রিলার, ইতিহাস কিংবা মানবিক গল্পের ভক্ত হন। এই তালিকায় আপনার পছন্দের কিছু না কিছু অবশ্যই আছে। এখন সময় নির্ধারণের আপনার পরবর্তী মিনি-বিঞ্জ কোনটি হতে যাচ্ছে?