নিরাপত্তার প্রশ্নে হুঁশিয়ারি দিলো উত্তরার মর্মান্তিক ট্রাজেডি

ঢাকার উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ভয়াবহ প্রাণহানির ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ জনে, যাদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক শিশু রয়েছে। এই মর্মান্তিক ঘটনায় আরও ৫১ জন গুরুতর আহত হয়ে রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বাংলাদেশের স্বাধীনতার পর এমন ভয়াবহ ও হৃদয়বিদারক কোনো বিমান দুর্ঘটনার সাক্ষী হয়নি জাতি। গোটা দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই দুর্ঘটনাকে কেন্দ্র করে নানান প্রতিক্রিয়া জানাচ্ছেন সাধারণ মানুষ থেকে শুরু করে জনপ্রিয় তারকারাও।
অভিনেত্রী ফারিণ তার সামাজিক মাধ্যমে আহতদের দ্রুত সুস্থতা কামনা করে লিখেছেন,
“দোয়া করি তারা যেন দ্রুত সুস্থ হয়ে ফিরে আসে আমাদের মাঝে, ফিরে পায় স্বাভাবিক জীবন। এই হৃদয়বিদারক ঘটনা যেন আমাদের বিবেককে নাড়িয়ে দেয়, যেন আমরা নিরাপত্তার দায় নিতে শিখি, দায়িত্ববোধে জাগ্রত হই।”
তার এই মানবিক বার্তায় ভক্ত ও অনুসারীরা একাত্মতা প্রকাশ করেছেন। অনেকে আহতদের সুস্থতা কামনায় দোয়া ও সহানুভূতি জানিয়েছেন।
জাতি আজ এক গভীর বেদনাবিধুর মুহূর্তে দাঁড়িয়ে। এই মর্মান্তিক ঘটনা শুধুই শোকের নয়, বরং একটি গভীর বার্তা বহন করে—নিরাপত্তা ও সচেতনতার প্রশ্নে আর অবহেলা নয়।



