বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
জীবনযাপন

আরামের ছোঁয়ায় বদলাচ্ছে ফ্যাশনধারা

WhatsApp Image 2025-07-19 at 4.14.22 PM

২০২৫ সালে এসে আরামের সঙ্গে ফ্যাশনের টানাপোড়েন যেন অতীত। এখনকার ফ্যাশন জগতে আরামদায়ক পোশাকই যেন সবচেয়ে বেশি প্রাধান্য পাচ্ছে। বিশেষ করে ঢিলেঢালা ট্রাউজার, শার্ট কিংবা টপস—সবচেয়ে বেশি জনপ্রিয় এখন এ ধরনের আরামদায়ক পোশাক।

প্যান্ট হোক কিংবা শার্ট, কুর্তি বা সালওয়ার-কামিজ—সব ধরনের পোশাকেই আরামের ছোঁয়া এখন চোখে পড়ে। আমার মতো অনেক নারী এই সময়ের ঢিলেঢালা পোশাকে খুঁজে পেয়েছেন এক গভীর স্বস্তি। এই স্বস্তির মধ্য দিয়েই অনেকে পেয়েছেন নিজেদের মতো করে পরার স্বাধীনতা, যা একধরনের মুক্তির অনুভব এনে দিয়েছে।

ফ্যাশনের চক্রাকারে ফিরে এসেছে নব্বইয়ের দশক ও ২০০০ সালের ট্রেন্ড। বয়সভেদে সবাই নতুনভাবে এই পুরনো স্টাইলে মিশে যাচ্ছেন। কোভিডের পর ‘ওয়ার্ক ফ্রম হোম’ বা হাইব্রিড কর্মপদ্ধতি বদলে দিয়েছে পোশাকের ধরনও। এখন অফিস বলতেই চোখে পড়ে অনেকটাই স্বচ্ছন্দ আর ক্যাজুয়াল পোশাক। আর এই পরিবর্তনকে মানুষ দিন দিন স্বাভাবিকভাবে গ্রহণ করতে শুরু করেছে।

এ পরিবর্তনের কারণে আরামদায়ক পোশাকের চাহিদা এখন আকাশছোঁয়া। লিনেন, সুতি, ঢিলেঢালা কাটের প্যান্ট, জিন্স কিংবা কাফতান—সবই হয়ে উঠেছে প্রতিদিনকার পছন্দের অংশ। নারীরা এখন হালকা ওজনের, নরম টেক্সচারের কাপড়ের দিকেই বেশি ঝুঁকছেন। ভারী কাজের কাপড় নয়, বরং সাধারণ সুতার নকশার পোশাকেই এখন স্বস্তি খুঁজে পান।

মিনিমাল মেকআপ

ভারী আই মেকআপের দিন প্রায় শেষ। সামঞ্জস্য রেখে এখন জনপ্রিয় হালকা কসমেটিকসের ব্যবহার। ব্রাউন বা কপার শেডের আইশ্যাডো, ন্যাচারাল ব্লাশ আর হালকা লিপ কালারেই পূর্ণ হচ্ছে সাজ। গোলাপি, কোরাল আর টেরাকোটা রঙের ব্লাশ এখনকার বিউটি ট্রেন্ডে শীর্ষে।

ত্বকের যত্ন

মিনিমাল মেকআপ মানে এখন যতটা না সাজ, তার চেয়ে বেশি ত্বকের যত্ন। সুস্থ ত্বকই এখনকার সবচেয়ে আকর্ষণীয় স্টাইল স্টেটমেন্ট। নিজের স্বাভাবিক সৌন্দর্যের যত্ন নিতে খাওয়া-দাওয়া, ঘুম আর ফিটনেসের দিকে বেশি মনোযোগ দেওয়া হচ্ছে। অভ্যন্তরীণ যত্নের মাধ্যমেই তৈরি হচ্ছে এক প্রাকৃতিক সৌন্দর্য।

চুলের ছাঁট ও সাজ

আরামের ছোঁয়া এসে পৌঁছেছে চুলের কাট আর সাজেও। এখনকার স্টাইল যেন স্বতঃস্ফূর্তভাবে ফ্যাশনেবল হয়ে ওঠার প্রতিচ্ছবি। এমন হেয়ারস্টাইলই জনপ্রিয়, যাতে ন্যূনতম যত্নেই চুল থাকে পরিপাটি। ব্লান্ট কাট, লেয়ারস বা লং বব—সবই এখনকার পছন্দের তালিকায়।

জুতা

পোশাকের সঙ্গে তাল মেলাতে জুতার স্টাইলেও এসেছে পরিবর্তন। রেট্রো পোশাকের সঙ্গে এখন খুব মানায় লেদার স্লাইড। স্লাইড ছাড়াও ওয়েজ, জেলি স্যান্ডেল, ব্যালে শু কিংবা পয়েন্টেড পাম্প শু-ও চলছে দারুণ ট্রেন্ডে।

গয়না

এখনকার গয়নার ধারা এমন, যেগুলো প্রতিদিন পরাও সম্ভব আবার স্টাইলিশও। গোল্ড হুপ, স্টাড, পেন্ডেন্ট ও ব্রেসলেট এখন নিয়মিত ব্যবহারের অংশ। আলাদা কিছু চাইলে কাফ ব্রেসলেট বেছে নেওয়াই ভালো বিকল্প। মুক্তার গয়নাও সমানভাবে চলছে রুচিশীলতার ছাপ রেখে। এক জোড়া মুক্তোর দুল বা একটি সরল নেকলেস-ই যথেষ্ট সাজে আভিজাত্য যোগ করতে।\

বর্তমান ফ্যাশনের মূলমন্ত্র যেন হয়ে উঠেছে রেট্রো ঘরানার সঙ্গে আরামের মেলবন্ধন। মহামারির পর বদলে যাওয়া জীবনের ছাপ পড়েছে স্টাইলেও। এ যাত্রায় আরামদায়ক ফ্যাশন যে আরও দীর্ঘ পথ পাড়ি দেবে, তাতে সন্দেহ নেই।