বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
নারী

আন্দোলন, নারী, বিস্মরণ: ইতিহাসের চুপ থাকা অধ্যায়

Women-in-july-1da18a233f2c5f9d3a1249c7e892c104

২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু হয়ে একদফা স্বৈরাচার পতনের ডাক—বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এই পর্বটি এক বিশেষ অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে সূচনা হওয়া এই আন্দোলনের প্রতিটি ধাপে নারীদের ভূমিকা ছিল গর্ব করার মতো। মিছিল, সভা কিংবা সংগঠন—সবখানেই নারীরা ছিলেন অনড়, সক্রিয় এবং স্পষ্ট।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, বিশেষ করে নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল দৃষ্টিনন্দন ও প্রেরণাদায়ী। রাজপথের প্রথম সারিতে দাঁড়িয়ে তাঁরা কণ্ঠে শ্লোগান তুলেছেন, নেতৃত্বের ভার কাঁধে নিয়েছেন। আবার অনেকেই ছিলেন নেপথ্যে—আন্দোলনকারীদের খাবার সরবরাহ, চিকিৎসা সহযোগিতা কিংবা সাংগঠনিক সমন্বয়ে অবিচলভাবে যুক্ত। এই আন্দোলনকে বেগবান করতে নারীরা যে ভূমিকাই পালন করেছেন, তা নিঃসন্দেহে ইতিহাসের পাতায় গুরুত্বের সঙ্গে স্মরণীয় হয়ে থাকার মতো।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের গেট ভেঙে আন্দোলনে নামার ঘটনা তো ইতিহাসেই জায়গা করে নিয়েছে। ইডেন কলেজ, বদরুন্নেসা কলেজের ছাত্রীদেরও দেখা গেছে গেট ভেঙে রাজপথে নামতে। ১৫ জুলাই ছাত্রলীগের হামলায় বহু নারী শিক্ষার্থী আহত হয়েছেন। এরপরও আন্দোলনের দিনগুলোতে পুলিশি নির্যাতন কিংবা হামলার মুখে দাঁড়িয়ে নারীরা স্লোগান তুলেছেন, রাজপথে থেকেছেন, আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন এবং আহতদের পাশে দাঁড়িয়েছেন।

উমামা ফাতেমা

জুলাইয়ে নারী নেতৃত্বের দিক থেকে সামনের দিকেই আছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সরকার ১৪ জুলাইকে “জুলাই কন্যা দিবস” হিসেবে ঘোষণা দিয়েছে, এটা একটা স্বীকৃতি বটে। কিন্তু সরকার বা প্রশাসনের নথিপত্রে নারীদের সর্বস্তরের অংশগ্রহণের বিষয়টি ঠিকভাবে উঠে আসেনি। ৫ আগস্টের আগে নারীরা কিছুটা সম্মানিত হয়েছিল, কিন্তু এরপর সেই সম্মান অনেকটাই হারিয়ে গেছে।’

তিনি আরও বলেন, ‘কিছু রাজনৈতিক গোষ্ঠী নারীদের সক্রিয়তা সহ্য করতে পারে না। তাই তারা সোশ্যাল মিডিয়ায় নারীদের নিয়ে কুৎসা ছড়ায়। এতে অনেক নারী আন্দোলন থেকে সরে যেতে বাধ্য হয়েছেন।’

নারী শহীদ ও আহতদের প্রসঙ্গে তিনি বলেন, ‘কিছু সংবাদমাধ্যমে হয়তো রিয়া গোপের নাম এসেছে, তবে বড় পরিসরে নারীদের নিয়ে আলোচনা হয়নি। আহতদের পরিবারগুলোও সন্তানদের সামনে আনতে ভয় পায়। তারা ভাবেন, সামনে এলে হয়তো আরও অপবাদ বা হয়রানির শিকার হতে হবে।’

আশরেফা খাতুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম নারী নেত্রী আশরেফা খাতুন বলেন, ‘জুলাই ঘোষণাপত্রে রাষ্ট্র নারীদের স্বীকৃতি কীভাবে দিয়েছে, তা স্পষ্টই বোঝা যায়। আন্দোলনের পরপরই উপদেষ্টা হয়েছেন তিনজন ছাত্র, কিন্তু সেখানে কোনো নারী নেই। সংস্কার কমিশনগুলোতেও নারী প্রতিনিধিত্ব নেই।’

তিনি বলেন, ‘হয়তো এ বছর ১৪ জুলাই নারীদের নিয়ে একটা অনুষ্ঠান হবে, কিন্তু এর আগে এক বছর প্রশাসন এ নিয়ে ভাবেনি। অথচ ১৪ জুলাইয়ের রাতে নারীদের হাত ধরেই বিপ্লবের সূচনা হয়েছিল। আমাদের সাইবার বুলিংয়ের বিরুদ্ধে কোনো কার্যকর উদ্যোগ নেয়নি সরকার। বরং আমরা দেখেছি, নারী নিপীড়নকারীদেরই ফুলের মালা দিয়ে বরণ করা হয়েছে। এতে আমাদের মনে হয়, নারীদের নিরাপত্তা জুলাইয়ের আগেও ছিল না, এখনও নেই।’

তার ভাষায়, ‘রাজনৈতিক দলগুলো নারীর রাজনীতি নিয়ে বুলি আওড়ালেও নারীদের মৌলিক মর্যাদার প্রশ্নে তারা নিরব। পুরুষ সহকর্মীদের মতো সমালোচনা নয়, নারীদের উদ্দেশ্যে অপমানজনক, যৌন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করা হয়। নারী শহীদদেরও কেউ মনে রাখে না।’

নাফিসা ইসলাম সাকা

ফিঅ্যাকশন ফর কমিউনিটি ট্রান্সফরমেশনের প্রতিষ্ঠাতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাফিসা ইসলাম সাকাফি বলেন, ‘বাংলাদেশের প্রতিটি আন্দোলনে নারীরা সামনে থেকেছে। ১৯৫২, ১৯৭১ বা ১৯৯০—সবখানেই। জুলাই আন্দোলনেও নারীরা বুক পেতে রাজপথে দাঁড়িয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের তালা ভেঙে বেরিয়ে আসা ছিল সেই বিপ্লবের সূচনা। তবুও ইতিহাসে নারীর লড়াই অনুল্লিখিত থেকে যাচ্ছে।’

তার মতে, আজকের বাংলাদেশে নারী নেতৃত্বকে পরিকল্পিতভাবে খাটো করা হচ্ছে। নীতিনির্ধারণী থেকে সামাজিক-রাজনৈতিক সব স্তরে নারীদের গুরুত্বহীন করা হচ্ছে। অথচ রাষ্ট্রগঠনে নারীর ভূমিকা অপরিহার্য।

তিনি বলেন, ‘নারীদের জন্য নিরাপদ রাজনৈতিক পরিসর গড়ে তুলতে হবে। নারীর রাজনীতি শুধুমাত্র অংশগ্রহণ নয়, সম্মানও জরুরি। নীরবতা হলো ফ্যাসিস্টদের ভাষা। আমাদের রাজনৈতিক সচেতনতা ও সক্রিয়তাই মুক্তির পথ।’

তিনি আরও বলেন, ‘এই বিপ্লব আমাদের সামনে সুযোগ তৈরি করেছে—একটি অন্তর্ভুক্তিমূলক, ন্যায়ভিত্তিক, সহনশীল রাষ্ট্র গঠনের। যেখানে থাকবে না অন্যায়, গুম, খুন, উগ্রতা বা স্বজনপ্রীতি—থাকবে সংলাপ, জ্ঞান, সহাবস্থান ও উদারতা। বিপ্লব ব্যর্থ হলে আমরা শহীদদের কাছে চিরঋণী হয়ে থাকবো।’

সাদিয়া মাসুদ মম

গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সদস্যসচিব সাদিয়া মাসুদ মম বলেন, ‘৫ আগস্টের পর নারীরাই সবচেয়ে কম স্বীকৃতি পেয়েছে। মিডিয়া আমাদের নিয়ে তেমন কিছুই করেনি। সরকার কিংবা আন্দোলনের প্ল্যাটফর্ম থেকেও আমাদের তেমন মূল্যায়ন মেলেনি।’

তিনি বলেন, ‘মানুষও আমাদের মনে রাখেনি। তারা শুধু তাদের মনে রেখেছে, যারা আন্দোলন থেকে রাজনীতিতে গিয়েছে, যারা নিয়মিত লাইভে আসে বা কথা বলে। নারী শহীদ ও আহতদের কথা বললে, ৫ আগস্টের পরপরই কোনও তালিকা আসেনি। কয়েক মাস পর ১১ থেকে ১২ জনের নাম আসে। আজও কয়জন নারী শহীদের নাম আমরা মনে রাখতে পারি? স্লোগানেও নারী শহীদদের নাম নেই।’

তার মতে, ‘জুলাই আন্দোলনে সবচেয়ে অবহেলিত গোষ্ঠী হলো নারী আহতরা।’

নিশিতা জামান নিহা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেক নারী নেত্রী নিশিতা জামান নিহা বলেন, ‘নারীরা পুরো সময় মাঠে থেকেছে। রাজপথে লড়েছে। আবার যারা মাঠে নামতে পারেননি, তারাও নানা উপায়ে আন্দোলনে যুক্ত ছিলেন। ৫ আগস্টের পর নারীদের নিয়ে নানা কথা হলেও, নারীদের নিরাপত্তা বা সুযোগ নিশ্চিত করা হয়নি।’

তিনি বলেন, ‘যেসব নারী একটু সামনে এসেছে, তাদেরই বিভিন্নভাবে সাইবার বুলিংয়ের শিকার করা হয়েছে। অনেক নারী এখনো নানা ধরনের হুমকির মুখে রয়েছেন।’