শীতকালে কেন বাড়ে হার্ট অ্যাটাকের ঝুঁকি, কীভাবে সতর্ক থাকবেন

হার্ট অ্যাটাক যেকোনো সময় হতে পারে। বয়সের বাধাও মানছে না হৃদরোগ। তবে শীতকালে হৃদ্রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি তুলনামূলক বেড়ে যায়। বিশেষ করে যাদের আগে থেকেই উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, উচ্চ কোলেস্টেরল কিংবা হৃদরোগের ইতিহাস রয়েছে, তাদের এ সময় বাড়তি সতর্ক থাকা প্রয়োজন। চিকিৎসকদের মতে, তাপমাত্রা কমে গেলে শরীরের স্বাভাবিক প্রতিক্রিয়ায় রক্তনালি সংকুচিত হয় এবং রক্ত জমাট বাঁধার প্রবণতা বাড়তে পারে। এসব পরিবর্তনের কারণে হৃদযন্ত্রের ওপর চাপ তৈরি হয়, যা হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়িয়ে দেয়।
কিন্তু শীতের সঙ্গে হার্ট অ্যাটাকের ঝুঁকি বৃদ্ধির সম্পর্ক কী? এ সময় হৃদযন্ত্র সুস্থ রাখতে কী ধরনের সতর্কতা অবলম্বন করা প্রয়োজন?
শীতকালে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ার অন্যতম কারণ হলো ঠান্ডার প্রতি শরীরের স্বাভাবিক প্রতিক্রিয়া। ভারতের বিএম বিড়লা হার্ট রিসার্চ সেন্টারের কার্ডিওলজি বিভাগের পরিচালক ডা. অঞ্জন সিয়োটিয়ার মতে, ঠান্ডা আবহাওয়ায় শরীরের তাপমাত্রা স্বাভাবিক রাখতে রক্তনালিগুলো সংকুচিত হয়ে যায়। এতে রক্তনালির ভেতরের জায়গা কমে আসে এবং রক্ত চলাচলে বাধা সৃষ্টি হয়। ফলে রক্তচাপ বেড়ে যেতে পারে।
রক্তচাপ বেড়ে গেলে শরীরের বিভিন্ন অংশে রক্ত পৌঁছে দিতে হৃদযন্ত্রকে স্বাভাবিকের তুলনায় বেশি পরিশ্রম করতে হয়। এতে হৃৎপিণ্ডের ওপর বাড়তি চাপ পড়ে। যাদের আগে থেকেই করোনারি ধমনিতে ব্লক রয়েছে, তাদের ক্ষেত্রে এ পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।
ডা. অঞ্জন সিয়োটিয়া আরও জানান, ঠান্ডা আবহাওয়া রক্ত জমাট বাঁধার প্রক্রিয়াতেও প্রভাব ফেলে। শীতকালে রক্তের প্লেটলেটের সক্রিয়তা এবং রক্তের ঘনত্ব বেড়ে যেতে পারে। এর ফলে রক্ত জমাট বাঁধার প্রবণতা বৃদ্ধি পায়। যাদের ধমনি আগে থেকেই সংকুচিত, তাদের জন্য এ পরিবর্তন বিশেষভাবে ঝুঁকিপূর্ণ। কারণ রক্ত জমাট বেঁধে ধমনির স্বাভাবিক প্রবাহ বন্ধ করে দিতে পারে। এতে হার্ট অ্যাটাকের আশঙ্কা বাড়ে।
শীতকালে জীবনযাপনের অভ্যাসেও কিছু পরিবর্তন আসে, যা হৃদরোগের ঝুঁকি বাড়াতে ভূমিকা রাখে। এ সময় অনেকের শারীরিক সক্রিয়তা কমে যায়। ঠান্ডার কারণে শরীরচর্চা বা হাঁটাহাঁটির আগ্রহ কমে এবং দিনের বেশিরভাগ সময় ঘরে বসে কিংবা শুয়ে কাটানোর প্রবণতা তৈরি হয়। নিয়মিত ব্যায়াম না করার ফলে শরীরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হতে পারে।
অন্যদিকে শীতকালে বিয়ে, পিকনিকসহ বিভিন্ন সামাজিক আয়োজন বেড়ে যায়। এসব অনুষ্ঠানে চর্বি ও লবণসমৃদ্ধ খাবার খাওয়ার প্রবণতাও বাড়ে। অতিরিক্ত ফ্যাটযুক্ত ও নোনতা খাবার গ্রহণের কারণে ওজন বৃদ্ধির পাশাপাশি রক্তচাপ, কোলেস্টেরল ও রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে। এসব বিষয় হৃদরোগের ঝুঁকি আরও বাড়িয়ে তোলে।
হার্ট অ্যাটাকের যেসব লক্ষণে সতর্ক হবেন
হার্ট অ্যাটাকের লক্ষণ দেখা দিলে অবহেলা করা উচিত নয়। বিশেষ করে বুকের মাঝখানে দীর্ঘ সময় ধরে ব্যথা, চাপ, টান কিংবা ভারী অনুভূতি হলে সতর্ক হতে হবে। এ ব্যথা কখনো কখনো বুক থেকে হাত, কাঁধ, পিঠ, ঘাড় কিংবা চোয়াল পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে।
এ ছাড়া হার্ট অ্যাটাকের সম্ভাব্য লক্ষণগুলোর মধ্যে রয়েছে শ্বাসকষ্ট, ঠান্ডা ঘাম, বমি বমি ভাব, বমি, মাথা ঘোরা এবং হঠাৎ অস্বাভাবিক দুর্বলতা। এসব লক্ষণের কোনোটি দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি।
তবে সব ক্ষেত্রে হার্ট অ্যাটাকের সময় তীব্র বুকব্যথা অনুভূত হয় না। বিশেষ করে নারী, বয়স্ক ব্যক্তি এবং ডায়াবেটিসে আক্রান্তদের ক্ষেত্রে লক্ষণ কিছুটা ভিন্ন হতে পারে। তাদের মধ্যে অস্বাভাবিক ক্লান্তি, শ্বাসকষ্ট কিংবা পেটের ওপরের অংশে অস্বস্তি দেখা দিতে পারে। তাই শুধু বুকব্যথা না থাকাকে হৃদরোগের ঝুঁকি নেই বলে ধরে নেওয়া ঠিক নয়।
শীতে হৃদযন্ত্র সুস্থ রাখতে করণীয়
শীতকালে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে দৈনন্দিন জীবনযাপনে কিছু বিষয়ে সচেতন থাকা প্রয়োজন। এ জন্য কয়েকটি পরামর্শ অনুসরণ করতে পারেন—
১. রক্তচাপ, শর্করা ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখুন: নিয়মিত রক্তচাপ, রক্তে শর্করা ও কোলেস্টেরলের মাত্রা পরীক্ষা করুন। এসবের মাত্রা বেড়ে গেলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিন।
২. শীতেও শরীর সচল রাখুন: ঠান্ডার কারণে শরীরচর্চা বন্ধ করবেন না। সামর্থ্য অনুযায়ী নিয়মিত হাঁটাহাঁটি ও হালকা ব্যায়াম করুন। তবে অতিরিক্ত ঠান্ডায় বাইরে শরীরচর্চা করার ক্ষেত্রে সতর্ক থাকুন।
৩. স্বাস্থ্যকর খাবার গ্রহণ করুন: অতিরিক্ত তেল, চর্বি ও লবণযুক্ত খাবার এবং প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলুন। খাদ্যতালিকায় মৌসুমি শাকসবজি ও ফলমূল রাখুন।
৪. পরিশ্রমের পাশাপাশি বিশ্রাম নিন: দৈনন্দিন কাজে শারীরিকভাবে সক্রিয় থাকার চেষ্টা করুন। একই সঙ্গে শরীরের প্রয়োজন অনুযায়ী পর্যাপ্ত বিশ্রাম নিশ্চিত করুন।
৫. ধূমপান ও মদপান থেকে বিরত থাকুন: হৃদযন্ত্র সুস্থ রাখতে ধূমপান ও মদপান এড়িয়ে চলা জরুরি।
৬. ঠান্ডা থেকে শরীরকে সুরক্ষিত রাখুন: শীতের সময় উপযুক্ত গরম পোশাক ব্যবহার করুন। শরীরের তাপমাত্রা স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করুন।
শীতকালে হৃদরোগের ঝুঁকি বাড়লেও সচেতন জীবনযাপন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং প্রয়োজনীয় সতর্কতার মাধ্যমে ঝুঁকি কমানো সম্ভব। বিশেষ করে আগে থেকে হৃদরোগ বা অন্য কোনো ঝুঁকিপূর্ণ শারীরিক সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলা জরুরি।



