ছুটির দিনেও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে ১ হাজার ৫০ টাকা বৃদ্ধি

দেশের বাজারে এক দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ১ লাখ ৯৮ হাজার ৯৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করে বাজুস। সকাল ১০টা থেকেই এ দাম কার্যকর হয়েছে। এর আগে গত ২৬ নভেম্বর স্বর্ণের দাম সমন্বয় করেছিল সংগঠনটি।
বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৮ হাজার ৯৩০ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯০ হাজার ৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৩ হাজার ২৩৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ভরিপ্রতি ১ লাখ ৩৩ হাজার ২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়েছে। এ পরিস্থিতি বিবেচনায় নিয়ে ভ্যাটসহ স্বর্ণের নতুন দর নির্ধারণ করা হয়েছে।
স্বর্ণালঙ্কারের নকশা ও ডিজাইনের ওপর ভিত্তি করে মজুরি নির্ধারিত হবে। অলঙ্কার বিক্রির সময় মূল্যর সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। অন্যদিকে, মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে স্বর্ণালঙ্কার বিনিময়ের ক্ষেত্রে ৯ শতাংশ এবং কেনার ক্ষেত্রে ১৫ শতাংশ বাদ দেওয়ার নিয়ম রয়েছে।
চলতি বছরে এ নিয়ে দেশের বাজারে মোট ১৪৭ বার স্বর্ণের দাম সমন্বয় করল বাজুস। এর মধ্যে ৬৯ দফা দাম বাড়ানো হয়েছে, ৭৭ দফা কমানো হয়েছে এবং এক দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে।



