শিশুকন্যাকে কোলে নিয়ে সংসদে বক্তব্য দিলেন অস্ট্রেলিয়ার সিনেটর ফাতিমা

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে অস্ট্রেলিয়ার পার্লামেন্টে এক মধুর মুহূর্তের ভিডিও। সিনেটে বক্তব্য দেওয়ার সময় ছয় মাসের শিশুকন্যাকে কোলে নিয়ে হাজির হন সিনেটর ফাতিমা পেম্যান। পিছনে বসে সহকর্মী সিনেটর লিডিয়া থর্প শিশুটির সঙ্গে নানা মজার অঙ্গভঙ্গিতে খেলায় মেতে ওঠেন। সংসদের আনুষ্ঠানিক পরিবেশে এই দৃশ্য নজর কেড়েছে অনেকের।
২৪ ও ২৫ নভেম্বর সিনেটের অধিবেশন চলাকালীন এই ঘটনা ঘটে। পশ্চিম অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্বকারী স্বতন্ত্র সিনেটর ফাতিমা পেম্যান বক্তব্য দেওয়ার সময় মেয়ে আলিয়াকে বুকে জড়িয়ে কোলে ধরে রাখেন। এদিকে পিছনে বসে লিডিয়া থর্পের মজার মুখভঙ্গি ও অঙ্গভঙ্গিতে আনন্দিত হয়ে ওঠে শিশুটি।

ভিডিওটি ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে প্রশংসা করেছেন।
মাতৃত্বের দায়িত্ব সামলানোর পাশাপাশি একজন জনপ্রতিনিধির পেশাগত দায়িত্ব পালনের এই দৃশ্যকে স্বাভাবিক ও সুন্দর মুহূর্ত হিসেবে দেখছেন তারা।
অস্ট্রেলিয়ার সিনেটের নিয়ম অনুযায়ী, আইনপ্রণেতারা অধিবেশন চলাকালীন নিজেদের শিশুকে সঙ্গে রাখতে এবং প্রয়োজনে দুধ পান করাতে পারেন। কর্মজীবী অভিভাবকদের সন্তানদের কাছ থেকে দূরে না রেখেই সংসদীয় দায়িত্ব পালনের সুযোগ করে দিতে এই ব্যবস্থা রয়েছে।
উল্লেখ্য, ফাতিমা পেম্যানের আরও একটি বিশেষ পরিচিতি রয়েছে। পশ্চিম অস্ট্রেলিয়ার প্রথম সিনেটর হিসেবে দায়িত্ব পালনকালে সন্তানের জন্ম দিয়েছেন তিনি।



