২২ নভেম্বর, ২০২৬ | রবিবারবাংলা: ৭ অগ্রহায়ণ ১৪৩৩
পরিবেশ

মাটি দিয়ে ছবি এঁকে বিশ্বরেকর্ড

মাটি দিয়ে ছবি এঁকে বিশ্বরেকর্ড

মাটি হলো পৃথিবীর নীরব অবকাঠামো এবং জলবায়ু সংকট মোকাবিলার অন্যতম বড় উপায়। অথচ বিভিন্ন দেশের জাতীয় জলবায়ু পরিকল্পনায় মাটির বিষয়টি এখনও অনেকাংশে উপেক্ষিত হেনরি অ্যাসপ্লিন -যুক্তরাজ্যে সেভ সয়েলের মুখপাত্র

মাটি দিয়ে ভাস্কর্য তৈরি হয় হরহামেশাই, তবে ছবি আঁকার খবর খুব বেশি শোনা যায় না। এবার সে কাজই করেছেন এক শিল্পী। বিশ্বের সবচেয়ে বড় মাটির চিত্রকর্ম তৈরির রেকর্ড গড়েছেন তিনি।

যুক্তরাজ্যভিত্তিক সংস্থা অফিসিয়াল রেকর্ড ব্রেকার্স রেকর্ডটি যাচাই করে নিশ্চিত করেছে, এ-সংক্রান্ত আগের রেকর্ড ভেঙেছে। আগের চিত্রকর্মটির আয়তন ছিল ৫৯ হাজার ৪৫৮ বর্গসেন্টিমিটার বা প্রায় ৬৪ বর্গফুট। নতুন চিত্রকর্মটির আয়তন ৬১ হাজার বর্গসেন্টিমিটার বা প্রায় ৬৫ বর্গফুট।

সংগৃহীত

কার্ডিফে বসবাসকারী শিল্পী ফিল ল্যামবার্ট চার ধরনের মাটি ব্যবহার করে চিত্রকর্মটি তৈরি করেছেন। পুনর্ব্যবহারযোগ্য কাঠ দিয়ে একটি ফ্রেম তৈরি করে নিয়েছিলেন। সেগুলো সরবরাহ করেছে অক্সফোর্ড উড রিসাইক্লিং।

বিবিসির প্রতিবেদন বলছে, জাতিসংঘের ৩১তম জলবায়ু পরিবর্তন সম্মেলনে (কপ-৩১) মাটির পুনরুজ্জীবন ও উর্বরতা ফিরিয়ে আনার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়ে সেভ সয়েল নামের এক আন্দোলন কাজ করছে। সেই আহ্বানের পক্ষে সচেতনতা তৈরিই চিত্রকর্মটির মূল উদ্দেশ্য।

সেভ সয়েল বিশ্বজুড়ে মাটির মান উন্নয়নে কাজ করার পাশাপাশি এ বিষয়ে নীতিমালা প্রণয়নে বিভিন্ন সরকারের সঙ্গেও কাজ করে থাকে। ল্যামবার্ট তাদের হয়ে চিত্রকর্মটি তৈরি করেছেন ইউনিভার্সিটি কলেজ লন্ডনে (ইউসিএল)। এর আগে মাটির গুরুত্ব এবং মাটির স্বাস্থ্য পুনরুদ্ধারের উপায় নিয়ে একটি নতুন প্রতিবেদন প্রকাশ করেছে সংগঠনটি। মূলত ওই প্রতিবেদনের ধারাবাহিকতাতেই এই শিল্পকর্ম তৈরি করা হয়।

Advertisements

ল্যামবার্ট বলেন, প্রায় ১০ বছর ধরে তিনি মাটি নিয়ে কাজ করছেন। মাটি দিয়ে ছবি আঁকার বিষয়টি তার কাছে বেশ পরিচিত। নিজের বাগানের মাটির পাশাপাশি মায়ের বাড়ি থেকেও কিছু মাটি সংগ্রহ করেছেন। এ ছাড়া স্কটল্যান্ডের জেমস হাটন ইনস্টিটিউট থেকেও মাটি পেয়েছেন এই শিল্পী।

ল্যামবার্ট বলেন, ‘আমার মাথায় একটি গাছ, ঝোপঝাড় আর মাঠের ছবি আঁকার পরিকল্পনা ছিল।’ বিজ্ঞানীদের সঙ্গে কাজ করতে গিয়ে মাটির নানা বিপদ ও প্রয়োজনীয়তা সম্পর্কে জেনেছেন বলেও জানান তিনি।

যুক্তরাজ্যে সেভ সয়েলের মুখপাত্র হেনরি অ্যাসপ্লিন চিত্রকর্মটিকে ‘কর্মে উদ্বুদ্ধ করার একটি দৃশ্যমান আহ্বান’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, ‘মাটি হলো পৃথিবীর নীরব অবকাঠামো এবং জলবায়ু সংকট মোকাবিলার অন্যতম বড় উপায়। অথচ বিভিন্ন দেশের জাতীয় জলবায়ু পরিকল্পনায় মাটির বিষয়টি এখনও অনেকাংশে উপেক্ষিত।’

ইউসিএলের জলবায়ুবিজ্ঞানী ও অধ্যাপক মার্ক মাসলিন বলেন, সুস্থ মাটি পানি নিয়ন্ত্রণ করে, কার্বন ধরে রাখে এবং জীববৈচিত্র্য ও খাদ্যব্যবস্থার ভিত্তি হিসেবে কাজ করে। তিনি আরও বলেন, ‘বৈশ্বিক উষ্ণতা সীমিত রাখা এবং মানুষের বসবাসের উপযোগী ভবিষ্যৎ নিশ্চিত করার বিষয়ে আমরা যদি সত্যিই আন্তরিক হই, তাহলে প্রতিটি দেশের জলবায়ু কৌশলের কেন্দ্রে মাটি সংরক্ষণ ও পুনরুদ্ধারের বিষয়টি রাখতে হবে।’

অক্সফোর্ডশায়ারের অ্যাবিংডনে অবস্থিত অক্সফোর্ড উড রিসাইক্লিংয়ের জেনিফার রবিনসন বলেন, পরিবেশের যত্ন নেওয়া তাদের প্রতিষ্ঠানের কাজের অন্যতম প্রধান লক্ষ্য। রবিনসন বলেন, ‘সেভ সয়েলের লক্ষ্য এবং তারা যে কাজটি করার চেষ্টা করছে, তা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে হয়।’ স্থানীয়ভাবে মাটির রঙের পরিবর্তনও লক্ষ করছেন বলে জানান তিনি।

রবিনসন বলেন, ‘হাঁটতে বের হলে আমরা সবাই এখন মাটিতে বড় বড় ফাটল দেখতে পাচ্ছি। যেসব এলাকায় বেশি গাছপালা রয়েছে, সেখানে মাটি তুলনামূলকভাবে কম উন্মুক্ত থাকে এবং সেসব এলাকার মাটির মানও ভালো।’

Advertisements