প্রেমে পড়লে যেভাবে ধীরে ধীরে নিজের সত্তা হারিয়ে ফেলেন

প্রেম মানুষের জীবনে আনন্দ, আবেগ ও নতুন অভিজ্ঞতা নিয়ে আসে। প্রিয় মানুষের সঙ্গে সময় কাটানো, তার পছন্দ-অপছন্দকে গুরুত্ব দেওয়া কিংবা সম্পর্কের জন্য কিছুটা ছাড় দেওয়া—এসবই ভালোবাসার স্বাভাবিক অংশ। তবে কখনো কখনো সম্পর্ক টিকিয়ে রাখার অতিরিক্ত চেষ্টা করতে গিয়ে মানুষ নিজের অনুভূতি, ইচ্ছা ও ব্যক্তিগত পরিচয়কে উপেক্ষা করতে শুরু করেন। একসময় অজান্তেই তার পুরো জীবন আবর্তিত হতে থাকে প্রিয় মানুষটিকে ঘিরে।
প্রথমদিকে বিষয়গুলো খুব একটা ক্ষতিকর মনে না হলেও দীর্ঘদিন এমন চলতে থাকলে নিজের স্বতন্ত্রতা হারিয়ে যেতে পারে। মনোবিশ্লেষণ ও সম্পর্কবিষয়ক বিভিন্ন আলোচনায় এমন কিছু আচরণের কথা উঠে আসে, যেগুলো থেকে বোঝা যায়, প্রেমের সম্পর্কে আপনি ধীরে ধীরে নিজেকে হারিয়ে ফেলছেন কি না।
নিজের অনুভূতি প্রকাশ করতে ভয় পান
সঙ্গীর কোনো কথা বা আচরণে কষ্ট পেলেও আপনি হয়তো তা প্রকাশ করেন না। মনে করেন, নিজের কষ্টের কথা জানালে তিনি দুঃখ পেতে পারেন কিংবা অপ্রয়োজনীয় ঝগড়া তৈরি হতে পারে। তাই সব ঠিক আছে বলে বিষয়টি এড়িয়ে যান।
এভাবে বারবার নিজের অনুভূতি চেপে রাখলে একসময় মনের কথা প্রকাশ করাই কঠিন হয়ে পড়ে। সম্পর্কের শান্তি বজায় রাখতে গিয়ে আপনি নিজের মানসিক স্বস্তি বিসর্জন দিতে থাকেন। অথচ সুস্থ সম্পর্কে দুজনেরই নির্ভয়ে নিজের অনুভূতি প্রকাশের সুযোগ থাকা জরুরি।
নিজের প্রয়োজনকে গুরুত্ব দিতে অপরাধবোধ হয়
নিজের জন্য কিছুটা সময় কাটাতে চান, বন্ধুদের সঙ্গে দেখা করতে চান কিংবা ব্যক্তিগত কোনো পরিকল্পনা করতে চান। কিন্তু এসব করতে গেলেই মনে হয়, সঙ্গী হয়তো অবহেলিত বোধ করবেন। ফলে নিজের ইচ্ছার পরিবর্তে তার চাহিদাকেই সবসময় প্রাধান্য দেন।
ধীরে ধীরে নিজের জন্য সময় চাওয়াটাও আপনার কাছে অপরাধের মতো মনে হতে পারে। অথচ কাউকে ভালোবাসার অর্থ নিজের সব প্রয়োজন ভুলে যাওয়া নয়। একটি সম্পর্কে দুজনেরই ব্যক্তিগত সময়, পছন্দ এবং অগ্রাধিকার থাকার অধিকার রয়েছে।
সঙ্গীর প্রতিটি মন খারাপের দায় নিজের ওপর নেন
সঙ্গীর মন খারাপ দেখলেই আপনার মনে হতে পারে, নিশ্চয়ই আপনার কোনো আচরণে তিনি কষ্ট পেয়েছেন। তিনি কিছুটা চুপচাপ থাকলে আগের কথোপকথনগুলো মনে করে নিজের ভুল খুঁজতে শুরু করেন।
এভাবে সঙ্গীর প্রতিটি আবেগের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলে মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়তে পারেন। প্রিয় মানুষের কঠিন সময়ে পাশে থাকা অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে তার সব অনুভূতি নিয়ন্ত্রণ করা কিংবা প্রতিটি সমস্যার সমাধান করা আপনার একার দায়িত্ব নয়।
নিজের শখ ও বন্ধুত্ব থেকে দূরে সরে যান
সম্পর্কের শুরুতে হয়তো আপনার নিজস্ব কিছু শখ, বন্ধুদের সঙ্গে সময় কাটানোর অভ্যাস কিংবা ব্যক্তিগত লক্ষ্য ছিল। কিন্তু প্রেমে পড়ার পর ধীরে ধীরে সেগুলো থেকে দূরে সরে যেতে শুরু করেন। নিজের দৈনন্দিন রুটিনও সঙ্গীর সময় ও পছন্দ অনুযায়ী সাজিয়ে নেন।
একসময় বুঝতে পারেন, সম্পর্কের বাইরেও আপনার যে একটি আলাদা জগৎ ছিল, সেটি প্রায় হারিয়ে গেছে। অথচ ভালোবাসার পাশাপাশি বন্ধুত্ব, ব্যক্তিগত আগ্রহ ও নিজের স্বপ্নগুলো ধরে রাখাও জরুরি। সঙ্গীর সঙ্গে সুন্দর সম্পর্ক বজায় রেখেও নিজের আলাদা পরিচয় নিয়ে বেঁচে থাকা সম্ভব।
সবসময় সঙ্গীর কাছে নিজেকে যোগ্য প্রমাণের চেষ্টা করেন
আপনার মনে হতে পারে, আরও ধৈর্যশীল হতে হবে, নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে হবে কিংবা প্রত্যাশা আরও কমিয়ে ফেলতে হবে। সম্পর্কের কোনো সমস্যা তৈরি হলেই নিজের মধ্যে পরিবর্তন আনার চেষ্টা করেন। কখনো কখনো মনে হয়, আরও ভালো হতে পারলেই হয়তো সঙ্গীর কাছ থেকে প্রত্যাশিত ভালোবাসা ও গুরুত্ব পাবেন।
নিজেকে উন্নত করার চেষ্টা ইতিবাচক হলেও ভালোবাসা পাওয়ার জন্য প্রতিনিয়ত নিজেকে প্রমাণ করার প্রয়োজন নেই। একটি সুস্থ সম্পর্কে দুজনেরই ভুল করার, শেখার এবং পরিবর্তিত হওয়ার সুযোগ থাকে। সব সমস্যার দায় একজনের ওপর চাপিয়ে দেওয়া কিংবা একজনের সবসময় নিজেকে বদলে নেওয়া কোনো সুস্থ সম্পর্কের লক্ষণ নয়।
ভালোবাসার অর্থ নিজের পরিচয় বিসর্জন দেওয়া নয়। বরং এমন একটি সম্পর্ক গড়ে তোলা, যেখানে দুজন মানুষ একে অপরকে ভালোবাসার পাশাপাশি নিজেদের স্বপ্ন, অনুভূতি ও ব্যক্তিস্বাধীনতাকেও সম্মান করেন। মনে রাখতে হবে, কাউকে জীবনের গুরুত্বপূর্ণ অংশ করে তোলার অর্থ নিজের পুরো জীবনটাকেই তার মধ্যে সীমাবদ্ধ করে ফেলা নয়।



