বিশ্বসেরা ১০০ চলচ্চিত্র তারকার তালিকায় একমাত্র ভারতীয় শাহরুখ

বিশ্বের সর্বকালের সেরা ১০০ চলচ্চিত্র তারকার তালিকায় জায়গা করে নিয়েছেন বলিউড অভিনেতা শাহরুখ খান। যুক্তরাষ্ট্রভিত্তিক বিনোদনবিষয়ক সাময়িকী ভ্যারাইটি প্রকাশিত এই তালিকায় ৯২তম অবস্থানে রয়েছেন তিনি। তালিকায় ভারতের একমাত্র প্রতিনিধি শাহরুখ খান।
শাহরুখের অভিনীত সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ‘দেবদাস’ সিনেমাটিকে তার ক্যারিয়ারের প্রতিনিধিত্বশীল কাজ হিসেবে উল্লেখ করেছে সাময়িকীটি।
তালিকার শীর্ষস্থান দখল করেছেন হলিউড অভিনেত্রী মেরিলিন মনরো। দ্বিতীয় অবস্থানে রয়েছেন হামফ্রে বোগার্ট, তৃতীয়তে চার্লি চ্যাপলিন, চতুর্থতে জ্যাক নিকলসন এবং পঞ্চম স্থানে ক্যাথরিন হেপবার্ন। সেরা দশে আরও রয়েছেন সিডনি পোয়াটিয়ে, মার্লন ব্র্যান্ডো, টম ক্রুজ, জাপানি চলচ্চিত্রের কিংবদন্তি তোশিরো মিফুনে ও বারব্রা স্ট্রাইস্যান্ড।
তালিকায় শাহরুখের পরের অবস্থানে রয়েছেন অভিনেতা হোয়াকিন ফিনিক্স, ৯৩ নম্বরে। এ ছাড়া নিকোলাস কেজ ৮৯, কেট উইন্সলেট ৮৪, এমা স্টোন ৯৪ এবং জেনডায়া ৯৮তম স্থানে রয়েছেন।
আন্তর্জাতিক স্বীকৃতির তালিকায় শাহরুখের উপস্থিতি অবশ্য নতুন নয়। ২০২২ সালে এম্পায়ার ম্যাগাজিনের পাঠকদের ভোটে নির্বাচিত সর্বকালের সেরা ৫০ অভিনেতার তালিকায়ও জায়গা পেয়েছিলেন তিনি। সেখানেও একমাত্র ভারতীয় অভিনেতা ছিলেন শাহরুখ। এর পর ২০২৩ সালে টাইম সাময়িকীর বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় অন্তর্ভুক্ত হন এই তারকা।
আশির দশকের শেষ দিকে টেলিভিশনের মাধ্যমে অভিনয়জীবন শুরু করেন শাহরুখ। পরে ‘দিওয়ানা’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় নায়ক হিসেবে অভিষেক ঘটে তার। তিন দশকের বেশি সময়ের ক্যারিয়ারে ৯০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি বিশ্বজুড়ে সাংস্কৃতিক প্রভাবের কারণে ‘কিং খান’ ও ‘বলিউড বাদশাহ’ নামেও পরিচিতি পেয়েছেন এই অভিনেতা।
এদিকে শাহরুখের পরবর্তী সিনেমা ‘কিং’। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ছবিটি আগামী ২৪ ডিসেম্বর মুক্তির কথা রয়েছে। সিনেমাটিতে শাহরুখের মেয়ে সুহানা খানেরও বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে।



