১৭ নভেম্বর, ২০২৬ | মঙ্গলবারবাংলা: ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিশ্ব

মৃ’ত্যুদণ্ড স্থগিতের প্রস্তাবে সমর্থন নয়, জাতিসংঘে ভোটদানে বিরত বাংলাদেশ

480399129cd2a8d03e27b20319f9f742-6afbe53429090

মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত রাখার আহ্বান জানিয়ে জাতিসংঘে উত্থাপিত একটি প্রস্তাবে ভোট দেওয়া থেকে বিরত থেকেছে বাংলাদেশ। শুক্রবার (১৩ নভেম্বর) মেক্সিকোর উদ্যোগে ‘মৃত্যুদণ্ড ব্যবহারে স্থগিতাদেশ’ শীর্ষক প্রস্তাবটি জাতিসংঘ সাধারণ পরিষদের তৃতীয় কমিটিতে উত্থাপন করা হয়। পরে ভোটাভুটির মাধ্যমে প্রস্তাবটি গৃহীত হয়।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ১৩৩টি দেশ। বিপক্ষে অবস্থান নিয়েছে ৩৩টি দেশ। অন্যদিকে বাংলাদেশসহ ১৬টি দেশ ভোটদানে বিরত ছিল।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের আগে বাংলাদেশ প্রতিবছরই এ ধরনের প্রস্তাবের বিপক্ষে ভোট দিত। তবে রাজনৈতিক পরিবর্তনের পর এ বিষয়ে দেশের অবস্থানে পরিবর্তন এসেছে।

ওই কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর মানবাধিকার সুরক্ষার অঙ্গীকারের অংশ হিসেবে বাংলাদেশ প্রস্তাবটিতে ভোটদানে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে। তবে দেশের প্রচলিত আইনে এখনো মৃত্যুদণ্ডের বিধান বহাল থাকায় প্রস্তাবের পক্ষে সরাসরি ভোট দেয়নি বাংলাদেশ।

যেসব দেশ প্রস্তাবের বিপক্ষে

মৃত্যুদণ্ড কার্যকর স্থগিতের প্রস্তাবের বিরোধিতা করেছে ৩৩টি দেশ। এর মধ্যে রয়েছে ভারত, যুক্তরাষ্ট্র, চীন, জাপান, সৌদি আরব, পাকিস্তান, ইরান, ইরাক, মিসর, বাহরাইন, কুয়েত, মালদ্বীপ, ওমান ও কাতার।

Advertisements

বিপক্ষে ভোট দেওয়া দেশগুলোর যুক্তি, মৃত্যুদণ্ডের মতো শাস্তির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া প্রতিটি রাষ্ট্রের নিজস্ব অধিকার। তাদের মতে, জাতীয় আইন ও বিচারব্যবস্থা নির্ধারণের ক্ষেত্রে আন্তর্জাতিক পর্যায়ের এমন আহ্বান দেশের সার্বভৌমত্বে হস্তক্ষেপের শামিল হতে পারে। আন্তর্জাতিক আইন মেনে নিজস্ব বিচারব্যবস্থা ও শাস্তির ধরন নির্ধারণের অধিকার রাষ্ট্রগুলোর রয়েছে বলেও তারা মনে করে।

মৃত্যুদণ্ড বিলুপ্তির আহ্বান

গৃহীত প্রস্তাবে বিশ্বের বিভিন্ন দেশে মৃত্যুদণ্ডের ব্যবহার অব্যাহত থাকায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে প্রতিটি দেশের সার্বভৌম অধিকারকে স্বীকৃতি দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত রাখার আহ্বান জানানো হয়েছে। প্রস্তাবটির দীর্ঘমেয়াদি লক্ষ্য হলো ধাপে ধাপে মৃত্যুদণ্ডের বিধান পুরোপুরি বিলুপ্ত করা।

যেসব দেশ ইতিমধ্যে মৃত্যুদণ্ড বাতিল করেছে, তাদের আবারও এই শাস্তি চালু না করার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি মৃত্যুদণ্ডের ব্যবহার সীমিত করার ক্ষেত্রে বিশ্বজুড়ে অগ্রগতির কথা তুলে ধরা হলেও ২০২৫ সালে এ শাস্তি কার্যকরের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়ে যাওয়ায় উদ্বেগ জানানো হয়েছে।

প্রস্তাবে আরও বলা হয়েছে, অপরাধ সংঘটনের সময় যাদের বয়স ১৮ বছরের কম ছিল, তাদের মৃত্যুদণ্ড দেওয়া উচিত নয়। এমনকি অপরাধের সময় অভিযুক্তের বয়স ১৮ বছর বা তার বেশি ছিল কি না, তা নিশ্চিতভাবে প্রমাণ করা না গেলেও মৃত্যুদণ্ড কার্যকর থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

জাতিসংঘের এই প্রস্তাবের মধ্য দিয়ে মৃত্যুদণ্ডের ব্যবহার, মানবাধিকার এবং রাষ্ট্রের সার্বভৌম সিদ্ধান্ত গ্রহণের অধিকারের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো আবারও আন্তর্জাতিক আলোচনায় উঠে এসেছে।

Advertisements