‘ন্যাড়া মাথায়’ এ কোন হুমা কুরেশি?

চরিত্রের প্রয়োজনে নানা ধরনের শারীরিক পরিবর্তন করতে হয় অভিনয়শিল্পীদের। ওজন কমানো থেকে শুরু করে লুক পরিবর্তন, এমন নানা পরীক্ষা-নিরীক্ষা প্রায়ই দেখা যায়। সেই পথেই হেঁটেছেন বলিউড অভিনেত্রী হুমা কুরেশি। জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মহারানি’র পঞ্চম সিজনে রানি ভারতী চরিত্র হয়ে ফিরতে চলেছেন তিনি। আর এই সিজনে তার চেহারায় এসেছে বড় এক চমক। মাথায় এক গাছ চুল ফেলে একেবারে ন্যাড়া মাথায় ক্যামেরার সামনে হাজির হয়েছেন তিনি। হুমার এমন নতুন অবতার দেখে রীতিমতো চমকে গিয়েছেন অনুরাগীরা।
চরিত্রের স্বার্থেই এমন সাহসী সিদ্ধান্ত নিয়েছেন হুমা। তিনি জানিয়েছেন, নতুন এই লুক তৈরি করার সময় খানিকটা ভয় পেয়ে গিয়েছিলেন তিনি। এর আগে কখনো এমন ধরনের কোনো পরীক্ষা-নিরীক্ষা করেননি তিনি। ফলে মনের মধ্যে একধরনের আলাদা উন্মাদনা কাজ করছিল। তবে এই ধরনের লুক তাকে পর্দায় নিখুঁত রানি ভারতী হয়ে উঠতে আরও বেশি করে অনুপ্রাণিত করেছে। যা তার কাছে অভিনয়ের গণ্ডি ছাপিয়ে নতুন কিছু করার দারুণ এক তাগিদ। ক্যারিয়ারে এই চরিত্রটি চিরকাল একটি বিশেষ জায়গা করে রাখবে বলে মনে করেন হুমা। বরাবরই ছকভাঙা কিছু করায় বিশ্বাসী এই অভিনেত্রী। প্রতিটি সিজনেই এই চরিত্র তাকে নানা চ্যালেঞ্জের মুখে ফেলেছে। তবু বারবার রানির ভূমিকায় অভিনয় করতে চান তিনি।
মহারানি সিরিজের এবারের সিজনের গল্প দর্শকদের নানাভাবে চমক দেবে বলে আশা করা হচ্ছে। রাজনীতির আঙিনায় রানির উত্থান থেকে শুরু করে ক্ষমতার লড়াই ও নানা প্রতিকূলতা ইতিমধ্যে দেখেছেন দর্শক। হুমার মতে, এবার গল্পে আসতে চলেছে আরও বড় ও রোমাঞ্চকর মোড়। সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৭ সালের ফেব্রুয়ারি মাসে মুক্তি পাবে সিরিজটি।
সূত্র: দ্য ওয়াল



