১১ নভেম্বর, ২০২৬ | বুধবারবাংলা: ২৬ কার্তিক ১৪৩৩
বিবিধ

শখ করে হরিণ পালতে চান? কোথায় পাবেন, দাম কত এবং মানতে হবে যেসব নিয়ম

WhatsApp Image 2026-11-09 at 12.26.32 AM

বাড়ির আঙিনায় কিংবা নিজস্ব খামারে চিত্রা হরিণ পালার স্বপ্ন অনেকেরই রয়েছে। দেখতে সুন্দর ও দলবদ্ধভাবে চলাফেরা করা এই প্রাণী এখন বাংলাদেশে বৈধভাবে পালনের সুযোগ রয়েছে। তবে ইচ্ছা করলেই হরিণ কেনা বা পালন করা যায় না। এর জন্য রয়েছে নির্দিষ্ট অনুমতি, জায়গার ব্যবস্থা ও সরকারি বিধিনিষেধ।

রাজধানীর মিরপুর জাতীয় চিড়িয়াখানায় গেলে দল বেঁধে ঘুরে বেড়ানো চিত্রা হরিণের দেখা মেলে। দর্শনার্থীদের কাছে আকর্ষণীয় এই প্রাণী চাইলে ব্যক্তিগত শখ কিংবা খামারের উদ্দেশ্যেও পালন করা সম্ভব। জাতীয় চিড়িয়াখানায় উদ্বৃত্ত হরিণ বিক্রি করা হয়। প্রতিটির দাম ৫০ হাজার টাকা। তবে কিনতে হবে কমপক্ষে এক জোড়া—একটি পুরুষ ও একটি মাদি হরিণ।

বাংলাদেশে চিত্রা, মায়া ও সাম্বার—এই তিন প্রজাতির হরিণ রয়েছে। এর মধ্যে চিত্রা হরিণের সংখ্যা বেশি হওয়ায় মূলত এই প্রজাতিই বিক্রি করে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। চিড়িয়াখানার পরিচালক মো. শাহিনুর আলমের তথ্য অনুযায়ী, সেখানে বর্তমানে প্রায় ৩৫০টি চিত্রা হরিণ রয়েছে। এদের প্রজননহার বেশি হওয়ায় প্রতিবছর সংখ্যা বাড়ে। ফলে উদ্বৃত্ত হরিণ বিক্রির উদ্যোগ নেওয়া হয়।

হরিণ পালতে জায়গা ও পরিবেশ কেমন লাগবে?

হরিণ পালন ও খামার পরিচালনার জন্য ২০১৭ সালে সরকার ‘হরিণ ও হাতি লালন-পালন বিধিমালা’ প্রণয়ন করে। এই বিধিমালা অনুযায়ী, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান জাতীয় চিড়িয়াখানা কিংবা অনুমোদিত বাণিজ্যিক খামার থেকে হরিণ কিনতে পারবেন।

একজনের কাছে সর্বোচ্চ ১০টি হরিণ থাকলে তাঁকে শৌখিন লালন-পালনকারী হিসেবে বিবেচনা করা হয়। এর বেশি হলে সেটি খামার হিসেবে গণ্য হবে।

Advertisements

হরিণ পালনের জন্য নিজস্ব, ভাড়া নেওয়া অথবা দীর্ঘমেয়াদি ইজারা পাওয়া জমি থাকতে হবে। বিধিমালা অনুযায়ী, প্রতিটি হরিণের জন্য কমপক্ষে ৫০০ বর্গফুট উন্মুক্ত বিচরণক্ষেত্র প্রয়োজন। পাশাপাশি শেডের ন্যূনতম আয়তন হতে হবে ১০০ বর্গফুট এবং উচ্চতা ১০ ফুট।

শেডে খাবার, খনিজ লবণ ও পানির জন্য আলাদা পাত্র রাখতে হবে। পর্যাপ্ত পানি ও সুষম খাবারের ব্যবস্থাও নিশ্চিত করতে হবে। শেড ও বিচরণক্ষেত্রের চারপাশে কমপক্ষে ১০ ফুট উঁচু নিরাপত্তাবেষ্টনী নির্মাণ করতে হবে। এ ছাড়া প্রাকৃতিকভাবে হরিণ পাওয়া যায় এমন বনাঞ্চল থেকে অন্তত ৩০ কিলোমিটার দূরে পালনকেন্দ্র স্থাপন করতে হবে।

লাগবে বন অধিদপ্তরের অনুমতি

শখ করে হরিণ পালন করলেও সরকারি অনুমোদন প্রয়োজন। বাণিজ্যিক খামার করতে হলে বন অধিদপ্তরের লাইসেন্স নিতে হবে। অন্যদিকে, শৌখিনভাবে পালনকারীকেও প্রতিটি হরিণের জন্য পজেশন সনদ সংগ্রহ করতে হবে।

বন অধিদপ্তরের লিখিত অনুমতি ছাড়া হরিণ কেনাবেচা, দান, বিনিময় কিংবা অন্য কারও কাছে হস্তান্তর করা যাবে না। হরিণের জন্ম বা মৃত্যু হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে এবং প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করতে হবে।

বিধিমালা অনুযায়ী, হরিণ মাংসের জন্য বিক্রি বা খাওয়ার সুযোগ নেই। নিয়ম ভাঙলে হরিণ জব্দ কিংবা লাইসেন্স বাতিল হতে পারে।

জাতীয় চিড়িয়াখানা থেকে কেনার প্রক্রিয়া

চিড়িয়াখানায় উদ্বৃত্ত হরিণ থাকা সাপেক্ষে সারা বছর কেনার সুযোগ রয়েছে। আগ্রহী ব্যক্তিকে প্রথমে চিড়িয়াখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে হরিণের প্রাপ্যতা জানতে হবে। এরপর বন অধিদপ্তরের অনুমতি নিতে হবে। বন অধিদপ্তরের কর্মকর্তারা আবেদনকারীর নির্ধারিত জায়গা পরিদর্শন করে হরিণ পালনের উপযুক্ত পরিবেশ রয়েছে কি না, তা যাচাই করবেন। অনুমতিপত্র পাওয়ার পর সেটি জাতীয় চিড়িয়াখানায় জমা দিয়ে হরিণ কেনা যাবে।

প্রতিটি হরিণের দাম ৫০ হাজার টাকা। অর্থাৎ এক জোড়া কিনতে খরচ হবে এক লাখ টাকা। নগদ অথবা ব্যাংকের মাধ্যমে মূল্য পরিশোধ করা যায়।

অনুমোদিত খামার থেকেও কেনা যাবে

জাতীয় চিড়িয়াখানার পাশাপাশি বন অধিদপ্তরের অনুমোদিত বাণিজ্যিক খামার থেকেও হরিণ কেনা যায়। তবে কেনার আগে খামারের বৈধ লাইসেন্স ও হরিণ বিক্রির অনুমতি যাচাই করা জরুরি। ময়মনসিংহের মুক্তাগাছার খামারি শামসুদ্দিন জানান, তাঁর খামারে বর্তমানে ১০ থেকে ১২টি হরিণ রয়েছে। বন অধিদপ্তরের অনুমতি নিয়েই তিনি নতুন খামারি ও শৌখিন পালনকারীদের কাছে হরিণ বিক্রি করেন।

সব মিলিয়ে হরিণ পালন শুধু শখের বিষয় নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে প্রাণীর সুরক্ষা ও সরকারি বিধিনিষেধ। তাই হরিণ কেনার আগে পর্যাপ্ত জায়গা, খাবার, নিরাপত্তা এবং প্রয়োজনীয় অনুমোদনের ব্যবস্থা নিশ্চিত করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

Advertisements