স্কুলে মোবাইল ফোন রাখা যাবে না পকেটেও, কঠোর হচ্ছে যুক্তরাজ্যের নিয়ম

স্কুলে গিয়ে মোবাইল ফোন ব্যবহার তো দূরের কথা, সঙ্গে রাখার সুযোগও হারাতে যাচ্ছে যুক্তরাজ্যের শিক্ষার্থীরা। শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল ফোনের উপস্থিতি পুরোপুরি বন্ধ করতে নতুন নীতিমালা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। প্রস্তাবিত নিয়ম অনুযায়ী, ক্লাস চলাকালে ফোন ব্যাগে কিংবা পকেটে রাখাও নিষিদ্ধ হবে। ২০২৭ সালের সেপ্টেম্বর থেকে এই নির্দেশনা কার্যকর করার পরিকল্পনা রয়েছে।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, গত জুনে জারি করা সরকারি নির্দেশনায় স্কুল ও শিক্ষা ট্রাস্টগুলোকে সার্বক্ষণিক মোবাইলমুক্ত পরিবেশ নিশ্চিত করার দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে নতুন নীতিমালায় আগের ব্যবস্থার চেয়েও কঠোর অবস্থান নেওয়া হচ্ছে। অর্থাৎ, ফোন বন্ধ বা সাইলেন্ট করে ব্যাগে রেখে দেওয়ার সুযোগও আর থাকছে না।

যুক্তরাজ্যের শিক্ষাসচিব লুসি পাওয়েলের মতে, শিক্ষাপ্রতিষ্ঠান মূলত পড়াশোনা, সামাজিক দক্ষতা অর্জন এবং সহপাঠীদের সঙ্গে সম্পর্ক তৈরির জায়গা। সামাজিক যোগাযোগমাধ্যমে সময় কাটানোর জন্য স্কুল নয়। সরকারের ধারণা, স্মার্টফোন শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ ব্যাহত করার পাশাপাশি সামনাসামনি মেলামেশার অভ্যাসও কমিয়ে দিচ্ছে।
স্কুলভেদে আলাদা ব্যবস্থা
নতুন নিয়ম কার্যকর করার পদ্ধতি নির্ধারণের স্বাধীনতা স্কুলগুলোর হাতেই রাখতে চায় সরকার। ফলে প্রতিষ্ঠানভেদে ফোন সংরক্ষণের ব্যবস্থা আলাদা হতে পারে। কোথাও বিশেষ পাউচে ফোন সিল করে রাখা হচ্ছে, কোথাও আবার ডিজিটাল লকযুক্ত লকার ব্যবহার করা হচ্ছে। কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে দিনের শুরুতেই শিক্ষার্থীদের কাছ থেকে ফোন জমা নেওয়া হয়। আবার কোনো কোনো স্কুলে মোবাইল ফোন নিয়ে প্রবেশই নিষিদ্ধ।
ম্যানচেস্টারের বার্নেজ একাডেমি ফর বয়েজের প্রধান শিক্ষক কার্ল হ্যারিসন জানান, শিক্ষার্থীদের নাগালের বাইরে ফোন রাখার ব্যবস্থা করতে তাদের প্রতিষ্ঠান প্রায় ২০ হাজার পাউন্ড ব্যয় করেছে। এ জন্য মেটাল ডিটেক্টর ও বিশেষ ফোন পাউচ ব্যবহার করা হচ্ছে। শুরুতে শিক্ষার্থীদের মধ্যে কিছুটা অসন্তোষ থাকলেও এখন পরিস্থিতির উন্নতি হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বেড়েছে। পাশাপাশি শ্রেণিকক্ষে মনোযোগ এবং পরীক্ষার ফলাফলেও ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে বলে দাবি করেন তিনি।
সিদ্ধান্তে সমর্থন, বাস্তবায়নে অর্থের চিন্তা
সরকারের নতুন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ইংল্যান্ডের চিলড্রেনস কমিশনার ডেম র্যাচেল ডি স্যুজা। তবে নীতিমালা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থ কোথা থেকে আসবে, তা নিয়ে উদ্বেগ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে।
ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব হেড টিচার্সের সাধারণ সম্পাদক পল হোয়াইটম্যান মনে করেন, মোবাইল ফোন শিক্ষার্থীদের পড়াশোনায় বাধা সৃষ্টি করে, এটি অস্বীকার করার সুযোগ নেই। তবে নতুন নিয়ম কার্যকর করতে স্কুলগুলোর অতিরিক্ত অর্থের প্রয়োজন হবে।
একই ধরনের উদ্বেগ জানিয়েছেন অ্যাসোসিয়েশন অব স্কুল অ্যান্ড কলেজ লিডার্সের সাধারণ সম্পাদক পেপে ডি’ইয়াসিও। তাঁর আশঙ্কা, সব স্কুলে বিশেষ পাউচ কিংবা নিরাপদ লকারের ব্যবস্থা করতে বিপুল অর্থ ব্যয় হতে পারে। সরকারি আর্থিক সহযোগিতা ছাড়া অনেক প্রতিষ্ঠানের পক্ষে এই ব্যয় বহন করা কঠিন হবে।
জবাবে শিক্ষাসচিব লুসি পাওয়েল জানিয়েছেন, মোবাইলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে কোন পদ্ধতি সবচেয়ে কার্যকর হবে, তা নির্ধারণের দায়িত্ব স্কুল কর্তৃপক্ষের ওপরই রাখতে চায় সরকার।
ফোন ব্যাগে থাকলেও বন্ধ হচ্ছে না আসক্তি
নতুন নীতির পক্ষে যুক্তি তুলে ধরেছেন জেনারেশন ফোকাসের সহ-প্রতিষ্ঠাতা শার্লট অ্যাশটন। তাঁর মতে, শিক্ষার্থীদের ফোন শুধু ব্যাগে রেখে সাইলেন্ট করে দেওয়ার নিয়ম যথেষ্ট কার্যকর নয়। কারণ, অনেক শিক্ষার্থী স্কুলের শৌচাগারে গিয়ে টিকটকের মতো সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছে। তাই শিক্ষার্থীদের সার্বক্ষণিক ইন্টারনেট সংযুক্ত ডিভাইসের ওপর নির্ভরশীলতা কমানো প্রয়োজন।
সরকারের সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন বিরোধী কনজারভেটিভ পার্টির ছায়া শিক্ষাসচিব লরা ট্রটও। তাঁর মতে, স্কুলে স্মার্টফোন সম্পূর্ণ নিষিদ্ধ করার বিষয়ে বিরোধী দলের দীর্ঘদিনের দাবির প্রতিফলন ঘটেছে এই উদ্যোগে। তবে শ্রেণিকক্ষে প্রযুক্তির নিরাপদ ব্যবহার নিশ্চিত করার বিষয়েও সমন্বিত নীতিমালা প্রয়োজন বলে মনে করেন তিনি।
যুক্তরাজ্যের সব অঞ্চলে কি একই নিয়ম?
শিক্ষাব্যবস্থার প্রশাসনিক দায়িত্ব যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চলে আলাদা হওয়ায় মোবাইল ফোন ব্যবহারের নীতিতেও রয়েছে ভিন্নতা।
স্কটল্যান্ডে স্কুলে ব্যক্তিগত মোবাইল ফোন ব্যবহারে বিধিনিষেধ আনতে নতুন আইন প্রণয়নের ঘোষণা দিয়েছে সরকার। অন্যদিকে, ওয়েলসের পার্লামেন্ট শ্রেণিকক্ষে ফোন ব্যবহারে দেশব্যাপী বাধ্যতামূলক নিষেধাজ্ঞার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। সেখানে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নিজেদের প্রয়োজন অনুযায়ী নীতিমালা তৈরির সুযোগ দেওয়া হয়েছে।
উত্তর আয়ারল্যান্ডেও বিষয়টি নিয়ে আলোচনা চলছে। স্কুলে মোবাইল ফোন নিষিদ্ধ করতে আইন করা সম্ভব কি না, তা যাচাইয়ের জন্য শিক্ষামন্ত্রী পল গিভান ১২ সপ্তাহের জনপরামর্শ কার্যক্রম শুরু করেছেন।
১৬ বছরের কম বয়সীদের জন্যও আলাদা বিধিনিষেধ
স্কুলে মোবাইল ফোন নিষিদ্ধের পরিকল্পনার পাশাপাশি ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়েও আলাদা উদ্যোগ রয়েছে যুক্তরাজ্যে। আগামী মার্চে কার্যকর হওয়ার কথা থাকা ওই বিধিনিষেধের আওতায় ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট ও টিকটকের মতো জনপ্রিয় প্ল্যাটফর্মগুলো আসবে।
এ ছাড়া অনলাইন কেনাবেচার প্ল্যাটফর্ম ভিন্টেড ও ইবেকেও সম্ভাব্য নিষেধাজ্ঞার আওতায় আনা যায় কি না, তা বিবেচনা করছে দেশটির সরকার। যুক্তরাজ্যের এসব উদ্যোগের মূল লক্ষ্য শিশু-কিশোরদের অনলাইন নির্ভরতা কমানো এবং তাদের পড়াশোনা ও সামাজিক জীবনে আরও মনোযোগী করে তোলা।



