শুধু ‘সরি’ বললেই কি ক্ষমা করা উচিত?কেন কিছু ক্ষমা প্রার্থনা মন ছুঁতে পারে না!

সম্পর্কে ভুল–বোঝাবুঝি, মনোমালিন্য কিংবা অনিচ্ছাকৃত কষ্ট দেওয়ার ঘটনা নতুন নয়। কখনো বন্ধুর সঙ্গে দেখা করার পরিকল্পনা হঠাৎ বাতিল হয়ে যায়, কখনো কাছের মানুষের কোনো কথায় জমে অভিমান। এমন পরিস্থিতিতে আমরা সাধারণত একটি শব্দই ব্যবহার করি—‘সরি’। কিন্তু প্রশ্ন হলো, শুধু দুঃখ প্রকাশ করলেই কি অন্য মানুষের মনের কষ্ট দূর হয়ে যায়? সব সময় কিন্তু তা হয় না। কারণ, ক্ষমা চাওয়ার চেয়েও গুরুত্বপূর্ণ হলো নিজের ভুলের দায় নেওয়া এবং অন্যজনের অনুভূতিকে গুরুত্ব দেওয়া।
একটি আন্তরিক ক্ষমা প্রার্থনা সম্পর্কের দূরত্ব কমাতে পারে। তবে দায় এড়িয়ে শুধু মুখে দুঃখ প্রকাশ করলে উল্টো অভিমান আরও বেড়ে যেতে পারে। মনোবিজ্ঞানীদের মতে, ক্ষমা চাওয়ার ক্ষেত্রে শব্দের পাশাপাশি নিজের আচরণ ও মনোভাবও গুরুত্বপূর্ণ।

কেন শুধু ‘সরি’ বললে মন গলে না?
কেউ আমাদের কষ্ট দিলে স্বাভাবিকভাবেই আমরা চাই, তিনি বিষয়টি বুঝুন। আমাদের অনুভূতিকে গুরুত্ব দিন এবং নিজের ভুল স্বীকার করুন। কিন্তু যিনি কষ্ট দিয়েছেন, তিনি অনেক সময় ঘটনাটিকে ততটা গুরুতর বলে মনে করেন না।
মনোবিজ্ঞানী রয় বাউমিস্টারের আলোচিত ‘ম্যাগনিটিউড গ্যাপ’ ধারণায় এমন পার্থক্যের বিষয়টি উঠে এসেছে। অর্থাৎ, যিনি অন্যকে কষ্ট দিয়েছেন, তাঁর কাছে নিজের কাজটি যতটা সামান্য মনে হয়, যিনি কষ্ট পেয়েছেন তাঁর কাছে সেটি অনেক বেশি গুরুতর হতে পারে। ফলে একজনের কাছে ‘সরি’ বলেই বিষয়টি শেষ হয়ে গেলেও অন্যজনের মনে অভিমান থেকে যায়।
ভুল স্বীকার করাই ক্ষমা চাওয়ার প্রথম ধাপ
ক্ষমা চাওয়ার কার্যকারিতা নিয়ে করা একটি গবেষণায় অংশগ্রহণকারীদের একটি অনলাইন খেলায় অন্যায় আচরণের অভিজ্ঞতা দেওয়া হয়েছিল। পরে তাঁদের সামনে কয়েক ধরনের প্রতিক্রিয়া তুলে ধরা হয়। এর মধ্যে ছিল শুধু দুঃখ প্রকাশ, সরাসরি ভুল স্বীকার, ভুল স্বীকারের পাশাপাশি দুঃখ প্রকাশ এবং কোনো প্রতিক্রিয়া না জানানো।
গবেষণার ফলাফলে দেখা যায়, শুধু দুঃখ প্রকাশের তুলনায় নিজের অন্যায় স্বীকার করা বেশি কার্যকর হতে পারে। কারণ, এতে কষ্ট পাওয়া ব্যক্তি বুঝতে পারেন যে তাঁর অনুভূতিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। তাই শুধু ‘আমি দুঃখিত’ বলার পরিবর্তে বলা যেতে পারে, ‘আমি আপনার সঙ্গে অন্যায় করেছি। আমার আচরণে আপনি কষ্ট পেয়েছেন, বিষয়টি আমি বুঝতে পারছি।’ এ ধরনের কথায় নিজের ভুলের দায় নেওয়ার বিষয়টি স্পষ্ট হয়।
ক্ষমা চাইতে গিয়ে যেসব কথা এড়িয়ে চলবেন

অনেক সময় ক্ষমা চাইতে গিয়েও আমরা এমন কিছু কথা বলে ফেলি, যা পরিস্থিতি আরও জটিল করে তোলে। যেমন—‘আপনি রাগ করেছেন বলে আমি দুঃখিত’ কিংবা ‘আমার কথায় কষ্ট পেয়ে থাকলে সরি।’ এ ধরনের কথায় নিজের আচরণের দায় স্বীকার করার পরিবর্তে অন্যজনের প্রতিক্রিয়াকে সামনে আনা হয়।
আবার ‘আমি তো মজা করেছিলাম’, ‘এত ছোট বিষয় নিয়ে রাগ করার কী আছে?’ কিংবা ‘আপনিও তো এমন করেন’—এ ধরনের মন্তব্য কষ্ট পাওয়া ব্যক্তির অনুভূতিকে আরও ছোট করে দিতে পারে। তাই ক্ষমা চাইতে হলে আত্মপক্ষ সমর্থনের চেয়ে নিজের আচরণ বোঝার চেষ্টা করা জরুরি।
মতভেদ থাকলেও অনুভূতির মূল্য দিতে হবে
সব বিষয়ে দুজন মানুষের চিন্তাভাবনা এক হবে, এমন কোনো কথা নেই। কোনো ঘটনা একজনের কাছে খুব কষ্টের হতে পারে, অন্যজনের কাছে সেটি তেমন গুরুত্বপূর্ণ নাও মনে হতে পারে। কিন্তু তাই বলে অন্যজনের অনুভূতিকে অবহেলা করা ঠিক নয়।
এমন পরিস্থিতিতে বলা যেতে পারে, ‘আমি বিষয়টি আপনার মতো করে দেখিনি। তবে আমার কথায় যে আপনি কষ্ট পেয়েছেন, তা বুঝতে পারছি।’ এতে নিজের অবস্থান বজায় রেখেও অন্যজনের অনুভূতির প্রতি সম্মান দেখানো সম্ভব।
ক্ষমা চাওয়ার পর বদলাতে হবে আচরণও
শুধু ভুল স্বীকার কিংবা দুঃখ প্রকাশ করলেই সব সমস্যার সমাধান হয় না। বিশেষ করে বড় কোনো ভুল বা বিশ্বাসভঙ্গের ক্ষেত্রে ক্ষতি পুষিয়ে দেওয়ার চেষ্টা করতে হয়। একই ভুল যেন বারবার না ঘটে, সে বিষয়ে সচেতন হতে হয়। অনেক সময় ক্ষমা পাওয়া গেলেও আগের মতো বিশ্বাস ফিরে আসতে সময় লাগে। তাই অন্যজনকে দ্রুত স্বাভাবিক হওয়ার জন্য চাপ দেওয়া উচিত নয়। তাঁকে নিজের মতো করে সময় ও সুযোগ দিতে হবে। পাশাপাশি কথার সঙ্গে কাজের মিল রাখাও জরুরি।
ক্ষমা চাওয়া কোনো দুর্বলতা নয়; বরং নিজের ভুল বুঝতে পারা ও সম্পর্কের প্রতি দায়িত্বশীল হওয়ার পরিচয়। তবে আন্তরিক ক্ষমা প্রার্থনা মানে শুধু ‘সরি’ বলা নয়। এর অর্থ হলো, নিজের আচরণে অন্যজন কতটা কষ্ট পেয়েছেন, তা উপলব্ধি করা, ভুলের দায় নেওয়া এবং ভবিষ্যতে সেই আচরণ পরিবর্তনের চেষ্টা করা। কারণ, একটি শব্দ সাময়িকভাবে অভিমান কমাতে পারে, কিন্তু আন্তরিকতা ও পরিবর্তিত আচরণই পারে ভেঙে যাওয়া বিশ্বাসকে ধীরে ধীরে জোড়া লাগাতে।



