১১ নভেম্বর, ২০২৬ | বুধবারবাংলা: ২৬ কার্তিক ১৪৩৩
বাংলাদেশ

একটি ব্রিজের অভাবে ঝুঁকিতে ৫০০ শিক্ষার্থীর যাতায়াত, দুর্ভোগে ৭ হাজার মানুষ

191e3cc5d76db4b673d9f8da43ea60f2-6af413da58e8e

স্কুলে যাওয়ার পথে প্রতিদিনই যেন এক অনিশ্চিত যাত্রা। কোথাও পা পিছলে যাওয়ার ভয়, কোথাও বই-খাতা নিয়ে খালে পড়ে যাওয়ার আশঙ্কা। তবু পড়াশোনার তাগিদে সরু বাঁশের সাঁকো পেরিয়েই বিদ্যালয়ে যেতে হয় শিশুদের। পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের তাফালবাড়িয়া গ্রামের চিত্র এটি। একটি স্থায়ী ব্রিজের অভাবে তিন গ্রামের প্রায় সাত হাজার মানুষ দীর্ঘদিন ধরে ভোগান্তি পোহাচ্ছেন। এর মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৫০০ শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, আমখোলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের তাফালবাড়িয়া গ্রামের নিজ সুহরী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তাফালবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনেই রয়েছে একটি খাল। খালের ওপর স্থায়ী কোনো সেতু না থাকায় স্থানীয় বাসিন্দারা নিজেদের উদ্যোগে তৈরি করেছেন বাঁশের সাঁকো। কিন্তু সরু ও অস্থায়ী এই পারাপারের ব্যবস্থা দিয়ে প্রতিদিন চলাচল করতে গিয়ে বিপাকে পড়ছেন শিক্ষার্থী, নারী ও বয়স্ক ব্যক্তিরা।

স্কুলে যাওয়ার পথেই দুর্ঘটনার ভয়

তাফালবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী হাবিবার প্রতিদিনের স্কুলযাত্রাও এই সাঁকো ঘিরেই। তার ভাষ্য, সাঁকো পার হওয়ার সময় প্রায়ই পা পিছলে যায়। ছোট শিক্ষার্থীদের জন্য ঝুঁকি আরও বেশি। তাদের অনেকেই সাঁতার জানে না। ফলে অসাবধানতাবশত পানিতে পড়ে গেলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এমন আশঙ্কায় প্রতিদিনই ভয় নিয়ে সাঁকো পার হতে হয় তাদের।

পরিস্থিতির কারণে অনেক অভিভাবক সন্তানদের বিদ্যালয়ে পাঠানো নিয়েও দুশ্চিন্তায় থাকেন। বিশেষ করে ছোট শিশুদের একা সাঁকো পার হতে দেওয়ার সাহস পান না তাঁরা।

একই ভোগান্তির কথা জানায় সুহরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সামিয়া। তার অভিযোগ, সাঁকো দিয়ে যাতায়াতের সময় মাঝেমধ্যে বই-খাতা খালে পড়ে যায়। এতে পড়াশোনার ক্ষতি হয়। আবার বাবা-মায়ের পক্ষেও প্রতিদিন তাকে স্কুলে পৌঁছে দেওয়া সম্ভব হয় না। তাই নিরাপদে যাতায়াতের জন্য সেখানে একটি ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছে সে।

Advertisements

সাত হাজার মানুষের চলাচলের ভরসা বাঁশের সাঁকো

পশ্চিম তাফালবাড়িয়া গ্রামের বাসিন্দা আরিফ হোসেন জানান, এই সাঁকো দিয়ে ৪, ৬ ও ৮ নম্বর ওয়ার্ডের প্রায় সাত হাজার মানুষ চলাচল করেন। শুধু শিক্ষার্থী নয়, প্রতিদিন নানা প্রয়োজনে নারী, বৃদ্ধ ও সাধারণ মানুষকেও ঝুঁকি নিয়ে খাল পার হতে হয়। এর আগে সাঁকো পার হওয়ার সময় শিক্ষার্থীদের দুর্ঘটনার শিকার হওয়ার ঘটনাও ঘটেছে। তাঁর মতে, এখানে একটি স্থায়ী ব্রিজ নির্মাণ করা হলে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পাবেন কয়েকটি গ্রামের মানুষ।

সুহরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান জানান, বিদ্যালয়ের উত্তর পাশে অবস্থিত খালটির ওপর প্রায় ২৪০ ফুট দীর্ঘ একটি বাঁশের সাঁকো রয়েছে। শিক্ষার্থী ও এলাকাবাসীর নিরাপদ চলাচলের কথা বিবেচনা করে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে নিয়ে ব্রিজ নির্মাণের জন্য বিভিন্নভাবে চেষ্টা করা হচ্ছে। তবে এখনো কোনো স্থায়ী সমাধান হয়নি।

পুরোনো পুল ভেঙেছে, তৈরি হয়নি নতুন সেতু

আমখোলা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য আল মামুন জানান, একসময় ওই স্থানে একটি পুল ছিল। সেটি ভেঙে যাওয়ার পর থেকেই এলাকাবাসীকে এমন দুর্ভোগের মধ্য দিয়ে চলাচল করতে হচ্ছে। পুলটি পুনর্নির্মাণের জন্য বিভিন্ন পর্যায়ে চেষ্টা চালানো হলেও এখনো তা বাস্তবায়িত হয়নি।

একটি স্থায়ী ব্রিজের অভাবে যেখানে হাজারো মানুষের দৈনন্দিন জীবন ব্যাহত হচ্ছে, সেখানে শিক্ষার্থীদের জন্য নিরাপদ যাতায়াত নিশ্চিত করাও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত উদ্যোগ নিয়ে খালের ওপর একটি স্থায়ী ব্রিজ নির্মাণ করবে। এতে শুধু শিক্ষার্থীদের স্কুলযাত্রাই নিরাপদ হবে না, তিন গ্রামের মানুষের দীর্ঘদিনের যোগাযোগ সমস্যারও অবসান ঘটবে।

Advertisements