১১ নভেম্বর, ২০২৬ | বুধবারবাংলা: ২৬ কার্তিক ১৪৩৩
বাংলাদেশ

ফ্যামিলি কার্ডের প্রলোভনে দৃষ্টিপ্রতিবন্ধী মায়ের ভাতার টাকা হাতিয়ে নিল প্রতারক

7bfaa596f9a473577083adecca93c0b4-6af40d63728fc

দুই দৃষ্টিপ্রতিবন্ধী সন্তান, বুদ্ধিপ্রতিবন্ধী স্বামী ও অসুস্থ এক ননদকে নিয়ে প্রতিনিয়ত সংগ্রাম করে চলেছেন পারেছা খাতুন। ছাগল ও হাঁস-মুরগি পালন করে কোনো রকমে সংসার চালানোর চেষ্টা করেন তিনি। অভাবের সংসারে প্রতিবন্ধী ভাতার ১২ হাজার ৮৯৯ টাকাই ছিল তাঁর বড় ভরসা। কিন্তু ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভন দেখিয়ে সেই টাকাও হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। ঘটনাটি ঘটেছে মেহেরপুরের গাংনী উপজেলায়।

ভুক্তভোগী পারেছা খাতুন উপজেলার ভবানীপুর গ্রামের বাসিন্দা। অভিযোগ অনুযায়ী, সোমবার (৯ নভেম্বর) বিকেল ৩টা ৩২ মিনিট থেকে ৫টা ১০ মিনিটের মধ্যে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি তাঁকে ফোন করেন। তাঁর সাত বছর বয়সী ছেলে পারভেজ আহমেদের নামে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা জানিয়ে কার্ডের অর্থ পাওয়ার নিয়ম বুঝিয়ে দেওয়ার আশ্বাস দেন ওই ব্যক্তি। একপর্যায়ে মোবাইল ফোনে আসা ওটিপি নম্বরটি জানতে চান তিনি।

প্রতারকের কথায় বিশ্বাস করে পারেছা নিজের ফোনে আসা ওটিপি নম্বর এক আত্মীয়ের সহায়তায় জানিয়ে দেন। এরপরই তাঁর বিকাশ অ্যাকাউন্ট থেকে তিন দফায় মোট ১২ হাজার ৮৯৯ টাকা অন্য একটি নম্বরে সরিয়ে নেওয়া হয়। ০১৬২৫৫৭৯৪৯৯ নম্বরে সেন্ড মানির মাধ্যমে অর্থগুলো পাঠানো হয়েছে বলে অভিযোগে উল্লেখ করেন তিনি।

ঘটনার পর পারেছা গাংনী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

চোখে দেখেন না, বুঝতে পারেননি প্রতারণার কৌশল

ঘটনার বর্ণনা দিতে গিয়ে অসহায়ত্বের কথা জানান পারেছা খাতুন। তিনি বলেন, মোবাইল ফোনের বিভিন্ন বিষয় সম্পর্কে তাঁর তেমন ধারণা নেই। দৃষ্টিপ্রতিবন্ধী হওয়ায় ফোনে আসা বার্তা নিজেও দেখতে পারেন না। তাই এক আত্মীয়কে ডেকে ওটিপি নম্বরটি জানাতে বলেছিলেন। ওই আত্মীয়ও মোবাইল ব্যবহারে খুব বেশি অভিজ্ঞ না হওয়ায় তাঁরা কেউই প্রতারণার বিষয়টি বুঝতে পারেননি।

Advertisements

পারেছার ভাষায়, প্রতারকেরা তাঁদের সরলতার সুযোগ নিয়ে সব টাকা নিয়ে গেছে। প্রশাসনের কাছে তাঁর অনুরোধ, দ্রুত যেন হারানো অর্থ উদ্ধারের ব্যবস্থা করা হয়।

সামান্য সঞ্চয় হারিয়ে আরও অনিশ্চয়তায় পরিবার

স্থানীয় বাসিন্দা ফিরোজ আহমেদ জানান, পারেছার পরিবার দীর্ঘদিন ধরেই নানা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। দুই দৃষ্টিপ্রতিবন্ধী সন্তানকে নিয়ে সংসার চালানো তাঁর জন্য বেশ কঠিন। প্রতিবন্ধী ভাতার টাকাটি ছিল পরিবারের প্রয়োজন মেটানোর গুরুত্বপূর্ণ অবলম্বন। সেই অর্থ হারিয়ে এখন আরও বিপাকে পড়েছেন তিনি।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, অন্যের কাছে হাত না পেতে নিজের সামর্থ্য অনুযায়ী সংসার চালানোর চেষ্টা করেন পারেছা। ছাগল ও হাঁস-মুরগি পালন করে কিছু বাড়তি আয়ের ব্যবস্থা করেন। তাঁর স্বামী শাহিন আলমও কাজের চেষ্টা করেন, কিন্তু নিয়মিত কাজ পান না। তাঁদের দুই সন্তান পারভেজ ও চার বছর বয়সী হামিম জন্ম থেকেই দৃষ্টিপ্রতিবন্ধী। পরিবারে আরও রয়েছেন পারেছার ভারসাম্যহীন এক ননদ।

টাকা উদ্ধারের আশ্বাস প্রশাসনের

স্থানীয় ইউপি সদস্য মো. রেজাউল ইসলাম জানান, পরিবারটি অত্যন্ত অসহায়। বিভিন্ন সময় স্থানীয় মানুষ তাঁদের সহযোগিতা করেন। পারেছাকে ব্যক্তিগতভাবে সহায়তা করার পাশাপাশি প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া অর্থ উদ্ধারে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন তিনি।

গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান জানান, ঘটনাটি তাঁর নজরে এসেছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, এ ঘটনায় পারেছা খাতুন লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি আইনগতভাবে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।

ফ্যামিলি কার্ড পাওয়ার আশায় ওটিপি নম্বর জানাতে গিয়ে প্রতিবন্ধী ভাতার পুরো অর্থ হারানোর ঘটনায় এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে সরকারি সহায়তার নাম ব্যবহার করে প্রতারণার এমন কৌশল থেকে অসচেতন ও প্রযুক্তি ব্যবহারে অনভিজ্ঞ মানুষকে সতর্ক থাকার প্রয়োজনীয়তা আবারও সামনে এসেছে।

Advertisements