১০ নভেম্বর, ২০২৬ | মঙ্গলবারবাংলা: ২৫ কার্তিক ১৪৩৩
বিশ্ব

বিলুপ্তির পথে জাভা ও সুমাত্রার গন্ডার, বেঁচে আছে মাত্র কয়েক ডজন

prothomalo-bangla_2026-11-09_i87kuc8w_file_20261004_82_fgir1o

পৃথিবী থেকে ধীরে ধীরে হারিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে জাভা ও সুমাত্রার গন্ডার। শিকার, আবাসস্থল ধ্বংস এবং প্রজননসংক্রান্ত নানা জটিলতায় এই দুই প্রজাতির সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে গেছে। ২০২৬ সালের ইন্টারন্যাশনাল রাইনো ফাউন্ডেশনের প্রতিবেদন অনুযায়ী, বিশ্বে সুমাত্রার গন্ডার বেঁচে আছে ৫০টিরও কম। অন্যদিকে, জাভার গন্ডারের সংখ্যাও প্রায় ৫০।

গন্ডারের পাঁচটি প্রজাতির মধ্যে দুটি আফ্রিকায়—সাদা ও কালো গন্ডার। দক্ষিণ এশিয়ায় রয়েছে এক শিংওয়ালা গন্ডার। বাকি দুটি প্রজাতি হলো সুমাত্রার ও জাভার গন্ডার। এদের উভয়ই বর্তমানে মহাবিপন্ন প্রাণী হিসেবে পরিচিত।

জাভার গন্ডারের সব কটি বর্তমানে ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের উজুং কুলোন জাতীয় উদ্যানে বসবাস করে। ফলে একটি নির্দিষ্ট এলাকার ওপর নির্ভরশীল পুরো প্রজাতিটি। এলাকাটি ভূমিকম্প ও সুনামির ঝুঁকিতে থাকায় যেকোনো বড় প্রাকৃতিক দুর্যোগে একসঙ্গে সব গন্ডার বিলুপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

অন্যদিকে, সুমাত্রার গন্ডার ইন্দোনেশিয়ার বিভিন্ন এলাকায় ছোট ছোট বিচ্ছিন্ন দলে বাস করে। এক দলের সঙ্গে অন্য দলের যোগাযোগ ও মিলনের সুযোগ কম থাকায় তাদের প্রজনন বাধাগ্রস্ত হচ্ছে। ফলে দীর্ঘমেয়াদে এসব ছোট দলের অস্তিত্ব টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়েছে।

এই পরিস্থিতিতে সুমাত্রার গন্ডার রক্ষায় বিশেষ উদ্যোগ নিয়েছে ইন্টারন্যাশনাল রাইনো ফাউন্ডেশন। ১৯৯৬ সালে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের ওয়ে কামবাস জাতীয় উদ্যানে প্রতিষ্ঠা করা হয় সুমাত্রান রাইনো স্যাংচুয়ারি। বর্তমানে সেখানে ১০টি গন্ডারকে আধা-বন্য পরিবেশে রাখা হয়েছে। তাদের খাবার, চিকিৎসা ও নিরাপত্তার পাশাপাশি প্রজননের বিষয়টিও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়।

স্ত্রী সুমাত্রার গন্ডারের গর্ভধারণের সময় প্রায় ১৬ মাস। সাধারণত একবারে একটি শাবকের জন্ম হয়। এরপর পুনরায় বাচ্চা জন্ম দিতে কয়েক বছর সময় লাগতে পারে। প্রজননসংক্রান্ত জটিলতাও রয়েছে। তবে ২০১২ থেকে ২০২৩ সালের মধ্যে সংরক্ষণকেন্দ্রটিতে পাঁচটি গন্ডারশাবকের জন্ম হয়েছে। সম্প্রতি আরও দুটি স্ত্রী গন্ডারের গর্ভধারণের খবর পাওয়া গেছে।

Advertisements

জাভার গন্ডার সংরক্ষণেও কিছু ইতিবাচক অগ্রগতি রয়েছে। ক্যামেরা ট্র্যাপের মাধ্যমে পাওয়া ছবি ও ভিডিও বিশ্লেষণ করে উজুং কুলোন জাতীয় উদ্যানে সাম্প্রতিক বছরগুলোতে পাঁচটি পর্যন্ত নতুন শাবকের জন্মের প্রমাণ পেয়েছেন গবেষকেরা।

তবে গন্ডারের সংখ্যা কমে যাওয়ার অন্যতম বড় কারণ চোরাশিকার। মূলত শিংয়ের জন্যই গন্ডার হত্যা করা হয়। চীন ও ভিয়েতনামসহ বিভিন্ন দেশে গন্ডারের শিংয়ের অবৈধ বাণিজ্য রয়েছে। অনেকের ধারণা, গন্ডারের শিং দিয়ে তৈরি ওষুধ বিভিন্ন রোগ নিরাময় করতে পারে। আবার কারও কাছে এটি সম্পদ ও সামাজিক মর্যাদার প্রতীক।

বাস্তবে গন্ডারের শিং কেরাটিন নামের একধরনের প্রোটিন দিয়ে তৈরি, যা মানুষের চুল ও নখেও পাওয়া যায়। অর্থাৎ, শিংয়ের কথিত ঔষধি গুণের বৈজ্ঞানিক ভিত্তি নেই। ২০১৯ থেকে ২০২৩ সালের মধ্যে শিকারিদের হাতে ২৬টি পর্যন্ত জাভার গন্ডার নিহত হয়েছে বলে জানা গেছে।

শুধু চোরাশিকার বন্ধ করলেই অবশ্য গন্ডার রক্ষা সম্ভব নয়। তাদের প্রাকৃতিক আবাসস্থল সংরক্ষণ, বন উজাড় বন্ধ এবং নিরাপদ প্রজনন পরিবেশ নিশ্চিত করাও জরুরি। পাশাপাশি বিচ্ছিন্ন এলাকায় থাকা গন্ডারদের এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরের মাধ্যমে নতুন প্রজনন দল গড়ে তোলার পরিকল্পনাও বিবেচনা করছেন গবেষকেরা। এই প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সলোকেশন।

তবে নতুন এলাকায় গন্ডার স্থানান্তরের আগে পর্যাপ্ত খাবার, নিরাপদ বন এবং চোরাশিকার প্রতিরোধের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে স্থানীয় মানুষের অংশগ্রহণও গুরুত্বপূর্ণ। সংরক্ষণকেন্দ্রে কর্মসংস্থান তৈরি এবং বন্য প্রাণী পর্যটন থেকে পাওয়া আয়ের অংশ স্থানীয়দের মধ্যে বণ্টন করলে সংরক্ষণ কার্যক্রমে তাঁদের সম্পৃক্ততা বাড়তে পারে।

বিশেষজ্ঞদের মতে, দীর্ঘমেয়াদি অর্থায়ন, সরকারি সহযোগিতা এবং কার্যকর সংরক্ষণ উদ্যোগ ছাড়া এই দুই প্রজাতির অস্তিত্ব টিকিয়ে রাখা কঠিন হবে। হাতে গোনা কয়েকটি জাভা ও সুমাত্রার গন্ডারকে বিলুপ্তির হাত থেকে বাঁচাতে এখনই সমন্বিত পদক্ষেপ নেওয়া জরুরি।

সূত্র: ইন্টারন্যাশনাল রাইনো ফাউন্ডেশন

Advertisements