১০ নভেম্বর, ২০২৬ | মঙ্গলবারবাংলা: ২৫ কার্তিক ১৪৩৩
বিশ্ব

ভারতের শীর্ষ ধনী নারী, কে এই সাবিত্রী?

ভারতের শীর্ষ ধনী নারী, কে এই সাবিত্রী?

ভারতে ধনকুবেরদের কথা উঠলেই প্রথমে সামনে আসে মুকেশ আম্বানি, গৌতম আদানি ও শিব নাদারের নাম। তবে দেশটির শীর্ষধনীর এই তালিকায় আপন মহিমায় উজ্জ্বল একজন নারীও। নাম তার সাবিত্রী জিন্দাল। ২০২৬ সালের ফোর্বসের তথ্য অনুযায়ী, বর্তমানে তিনিই ভারতের সবচেয়ে ধনী নারী।

ইস্পাত, বিদ্যুৎ, সিমেন্ট ও অবকাঠামো খাতে ব্যবসা রয়েছে জিন্দাল পরিবারের। স্বামী ওম প্রকাশ জিন্দালের গড়ে তোলা ব্যবসায়িক সাম্রাজ্যের সঙ্গে যুক্ত হয়েই সাবিত্রীর সম্পদের বড় অংশ তৈরি হয়েছে। বর্তমানে জিন্দাল পরিবারের ব্যবসায়িক উত্তরাধিকার ও সম্পদের অন্যতম প্রধান মুখ তিনি।

ফোর্বসের ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর প্রকাশিত ভারতের ১০০ ধনী ব্যক্তির তালিকায় সাবিত্রী জিন্দালের সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ৩৯ দশমিক ৮ বিলিয়ন মার্কিন ডলার। ওই তালিকায় তিনি ভারতের তৃতীয় ধনী ব্যক্তিত্ব এবং সবচেয়ে ধনী নারী।

১০ নভেম্বর এই প্রতিবেদন লেখার সময় ফোর্বসের রিয়েল টাইম সম্পদ হিসাব অনুযায়ী, সাবিত্রী জিন্দাল ও তার পরিবারের সম্মিলিত সম্পদের পরিমাণ প্রায় ৪০ দশমিক ৮ বিলিয়ন ডলার। শেয়ারবাজারের ওঠানামার কারণে এ পরিমাণ নিয়মিত পরিবর্তিত হয়।

কে এই সাবিত্রী জিন্দাল?

সাবিত্রী জিন্দাল ভারতের হরিয়ানা রাজ্যের হিসার এলাকার পরিচিত শিল্পোদ্যোক্তা পরিবারের সদস্য। তার জন্ম ১৯৫০ সালের ২০ মার্চ। বর্তমানে তার বয়স ৭৬ বছর। তিনি ভারতের অন্যতম বড় শিল্পগোষ্ঠী ওপি জিন্দাল গ্রুপের প্রতিষ্ঠাতা ওম প্রকাশ জিন্দালের স্ত্রী।

Advertisements
সংগৃহীত

ব্যবসায়িক পরিবারের সঙ্গে যুক্ত হওয়ার পর ধীরে ধীরে তিনি জিন্দাল পরিবারের গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠেন। তবে তার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন আসে ২০০৫ সালে। ওই বছর হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান তার স্বামী ওম প্রকাশ জিন্দাল। তখন পরিবারের ব্যবসা ও সম্পদের দায়িত্ব নতুনভাবে ভাগ করে নেওয়ার প্রয়োজন দেখা দেয়।

স্বামীর মৃত্যুর পর সাবিত্রী জিন্দাল পরিবারের ব্যবসায়িক উত্তরাধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার চার ছেলে পরিবারের বিভিন্ন ব্যবসা পরিচালনার দায়িত্ব নেন। আর পরিবারের অভিভাবক হিসেবে সাবিত্রী জিন্দাল হয়ে ওঠেন জিন্দাল শিল্পগোষ্ঠীর অন্যতম গুরুত্বপূর্ণ মুখ।

কীভাবে তৈরি হয়েছে সম্পদের সাম্রাজ্য?

সাবিত্রী জিন্দালের সম্পদের প্রধান উৎস ওপি জিন্দাল গ্রুপ। এটি ভারতের বড় শিল্পগোষ্ঠীগুলোর একটি। প্রতিষ্ঠানটির ব্যবসা ছড়িয়ে রয়েছে ইস্পাত উৎপাদন, বিদ্যুৎ, সিমেন্ট, খনি ও অবকাঠামো খাতে।

এই শিল্পগোষ্ঠীর প্রতিষ্ঠাতা ছিলেন ওম প্রকাশ জিন্দাল। ১৯৫২ সালে তিনি বালতি তৈরির ব্যবসা দিয়ে যাত্রা শুরু করেন। পরবর্তী সময়ে ধীরে ধীরে ব্যবসার পরিধি বাড়াতে থাকেন। ১৯৬৪ সালে জিন্দাল ইন্ডিয়া নামে পাইপ উৎপাদনকারী প্রতিষ্ঠান গড়ে তোলেন। সেখান থেকেই বড় শিল্পপ্রতিষ্ঠানে পরিণত হওয়ার যাত্রা শুরু।

সংগৃহীত

সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ব্যবসা সম্প্রসারিত হয়। ইস্পাত উৎপাদন থেকে শুরু করে বিদ্যুৎ ও অবকাঠামো খাতে বিনিয়োগ বাড়তে থাকে। বর্তমানে জিন্দাল পরিবারের ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছে জেএসডব্লিউ স্টিল, জিন্দাল স্টিল অ্যান্ড পাওয়ার, জিন্দাল স্টেইনলেসসহ বিভিন্ন প্রতিষ্ঠান।

এই প্রতিষ্ঠানগুলোর ব্যবসায়িক কার্যক্রম ও শেয়ারমূল্যের সঙ্গে পরিবারের সম্পদের হিসাবও সম্পর্কিত। ফলে শেয়ারবাজারে কোনো প্রতিষ্ঠানের মূল্য বাড়লে পরিবারের সম্পদের হিসাবও বাড়তে পারে। আবার শেয়ারের দাম কমলে সম্পদের পরিমাণ কমে যাওয়ার আশঙ্কা থাকে।

গৃহিণী থেকে শীর্ষ ব্যবসায়ী

স্বামীর মৃত্যুর আগে সাবিত্রী জিন্দাল ছিলেন একজন সাধারণ গৃহিণী। স্বামী ওম প্রকাশ জিন্দাল যখন ইস্পাত ও বিদ্যুৎ খাতে বিশাল ব্যবসায়িক সাম্রাজ্য গড়ে তুলছিলেন, তখন সাবিত্রী সামলাতেন সংসার ও সন্তানদের। এমনকি স্বামীর ব্যবসার আয় কত, তা-ও জানতেন না তিনি। ২০১০ সালে ফোর্বসকে দেওয়া এক সাক্ষাৎকারে সাবিত্রী জানিয়েছিলেন, তাদের পরিবারে নারীরা বাইরের কাজ করতেন না। ঘরের দায়িত্ব পালন করতেন তারা। স্বামীর জীবদ্দশায় কখনো বাজারেও যাননি তিনি। অথচ সেই নারীই স্বামীর মৃত্যুর পর ৫৫ বছর বয়সে যুক্ত হন হাজার হাজার কোটি টাকার ব্যবসায়িক সাম্রাজ্যের সঙ্গে।

ওম প্রকাশ জিন্দালের মৃত্যুর পর পরিবারের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো চার ছেলের মধ্যে ভাগ হয়ে যায়। প্রত্যেকেই নিজ নিজ প্রতিষ্ঠানের পরিচালনায় যুক্ত হন।

সংগৃহীত

সাজ্জন জিন্দাল পরিচালনা করেন জেএসডব্লিউ গ্রুপের গুরুত্বপূর্ণ ব্যবসা। এর মধ্যে রয়েছে ইস্পাত, সিমেন্ট ও অন্যান্য শিল্পপ্রতিষ্ঠান। নবীন জিন্দাল যুক্ত রয়েছেন জিন্দাল স্টিল অ্যান্ড পাওয়ারের সঙ্গে। রতন জিন্দাল পরিচালনা করেন জিন্দাল স্টেইনলেস। অন্যদিকে পৃথ্বীরাজ জিন্দাল যুক্ত রয়েছেন জিন্দাল স গ্রুপের ব্যবসায়।

পরিবারের সদস্যদের মধ্যে দায়িত্ব ভাগ হলেও সাবিত্রী জিন্দালের অবস্থান আলাদা। তিনি পরিবারের অভিভাবক এবং শিল্পগোষ্ঠীর উত্তরাধিকারের গুরুত্বপূর্ণ অংশ।

ব্যবসার বাইরেও রাজনীতিতে সক্রিয়

শুধু ব্যবসা নয়, রাজনীতিতেও যুক্ত ছিলেন সাবিত্রী জিন্দাল। হরিয়ানার হিসার কেন্দ্র থেকে তিনি বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছেন। কংগ্রেসের রাজনীতির সঙ্গে যুক্ত থেকে তিনি রাজ্য সরকারের মন্ত্রীর দায়িত্বও পালন করেন।

২০২৪ সালের হরিয়ানা বিধানসভা নির্বাচনে ঘটে আরেকটি আলোচিত ঘটনা। সাবিত্রী জিন্দাল তখন বিজেপিতে যোগ দিয়েছিলেন। কিন্তু হিসার আসনে দল তাকে মনোনয়ন না দিয়ে অন্য প্রার্থীকে মনোনয়ন দেয়। এতে ক্ষুব্ধ হয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন।

৭৪ বছর বয়সে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়িয়ে জয়ী হন তিনি। তিনি পান ৪৯ হাজার ২৩১ ভোট। তাঁ নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের রামনিবাস রানার ভোট ছিল ৩০ হাজার ২৯০।

বিশ্বের ধনী নারীদের তালিকাতেও অবস্থান

সাবিত্রী জিন্দাল শুধু ভারতের ধনী নারীদের তালিকায় শীর্ষে নন, বিশ্বের ধনী নারীদের তালিকাতেও তার অবস্থান উল্লেখযোগ্য। ফোর্বসের ২০২৬ সালের বিশ্বের ধনী নারীদের তালিকায় তিনি প্রায় ৩৯ দশমিক ১ বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে সপ্তম অবস্থানে ছিলেন।

সংগৃহীত

এ তালিকায় তার আগে রয়েছেন যুক্তরাষ্ট্রের ওয়ালমার্ট পরিবারের অ্যালিস ওয়ালটন, ফ্রান্সের ফ্রাঁসোয়াজ বেতাঁকুর মেয়ার্সসহ কয়েকজন ধনকুবের নারী। তবে ভারতের নারীদের মধ্যে সাবিত্রী জিন্দালের অবস্থান শীর্ষে।

কেন আলোচনায় সাবিত্রী জিন্দাল?
ভারতের শিল্প ও ব্যবসা খাতে নারীদের অংশগ্রহণ নিয়ে আলোচনা হলে সাবিত্রী জিন্দালের নাম বিশেষভাবে আসে। সম্পদের বড় অংশ পারিবারিক ব্যবসার সঙ্গে যুক্ত হলেও স্বামীর মৃত্যুর পর পরিবারের ব্যবসায়িক উত্তরাধিকার ধরে রাখার ক্ষেত্রে তার ভূমিকা গুরুত্বপূর্ণ।

ইস্পাত ও বিদ্যুৎ খাতের মতো বড় শিল্পে ব্যবসা পরিচালনা করা সহজ নয়। এখানে বড় বিনিয়োগ, দীর্ঘমেয়াদি পরিকল্পনা এবং বাজারের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলতে হয়। জিন্দাল পরিবারের ব্যবসা এসব খাতে নিজেদের অবস্থান ধরে রেখেছে।

সূত্র: ফোর্বস ১, ২

Advertisements