বিশ্ব রেকর্ড গড়লেন ভারতীয় নারী ক্রিকেটার

টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছেন ভারতের স্পিন অলরাউন্ডার প্রেমা রাওয়াত। মাত্র ১৪ বলে অর্ধশতক তুলে মেয়েদের স্বীকৃত টি-টোয়েন্টিতে দ্রুততম ফিফটির বিশ্ব রেকর্ড নিজের করে নিয়েছেন উত্তরাখণ্ডের এই ক্রিকেটার।

গত সোমবার পুনের গাহুঞ্জের এমসিএ ক্রিকেট স্টেডিয়ামে সিনিয়র উইমেন’স টি-টোয়েন্টি ট্রফির ম্যাচে হায়দরাবাদের বিপক্ষে এই কীর্তি গড়েন ২৪ বছর বয়সী প্রেমা। ব্যাট হাতে ঝোড়ো ইনিংস খেলে মাত্র ১৪ বলে ৫০ রান করে অপরাজিত থাকেন তিনি। তার ইনিংসে ছিল ৬টি চার ও ৪টি ছক্কা।
এর আগে মেয়েদের স্বীকৃত টি-টোয়েন্টিতে দ্রুততম অর্ধশতকের রেকর্ডটি ছিল যৌথভাবে তিন ক্রিকেটারের দখলে। ২০২২ সালে ওয়ারউইকশায়ারের হয়ে ম্যারি কেলি, ২০২৬ সালে পাকিস্তানের হয়ে ফাতিমা সানা এবং ২০২৫ সালে ওটাগো ও ২০২৬ সালে সারের হয়ে লরা হ্যারিস—তিনজনই ১৫ বলে ফিফটি করেছিলেন। এবার ১৪ বলে অর্ধশতক করে তা
দের ছাড়িয়ে গেলেন প্রেমা।
প্রেমার বিধ্বংসী ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৮৭ রানের বড় সংগ্রহ পায় উত্তরাখণ্ড। দলের পক্ষে সর্বোচ্চ ৭২ রান করেন রাঘবি বিস্ত।
ইনিংসের শুরুতে রাঘবি ও করিনা মিলে গড়েন ৭২ রানের উদ্বোধনী জুটি। করিনা ১৯ রান করে বিদায় নেওয়ার পর দ্বিতীয় উইকেটে রাঘবি ও নীলম ভরদ্বাজ যোগ করেন আরও ৫৭ রান। শেষ দিকে প্রেমার ঝোড়ো ব্যাটিংয়ে উত্তরাখণ্ডের সংগ্রহ আরও সমৃদ্ধ হয়।
১৮৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে হায়দরাবাদ। উত্তরাখণ্ডের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ৯৮ রান করতে সক্ষম হয় তারা। ফলে ৮৯ রানের বড় ব্যবধানে জয় পায় উত্তরাখণ্ড।
ব্যাট হাতে বিশ্ব রেকর্ড গড়ার পাশাপাশি বল হাতেও দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন প্রেমা। ৪ ওভার বল করে মাত্র ১২ রান খরচায় শিকার করেন ২ উইকেট। ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই অসাধারণ অবদান রাখায় ম্যাচসেরার পুরস্কারও ওঠে তাঁর হাতে।



