৫ অক্টোবর, ২০২৬ | সোমবারবাংলা: ২০ আশ্বিন ১৪৩৩
ফ্যাশন

পূজার সাজে গয়নার ছোঁয়া

পূজার সাজে গয়নার ছোঁয়া

শুরু হয়ে গেছে পূজার দিন গোনা । ঢাকের শব্দ, মণ্ডপে আলোকসজ্জা আর নতুন পোশাকের আনন্দের পাশাপাশি পূজার সাজে পূর্ণতা দিতে গয়নার বিকল্প নেই। এবার ষষ্ঠী থেকে দশমী—প্রতিদিনের সাজে ভিন্নতা আনতে এবং আভিজাত্য ফুটিয়ে তুলতে গয়নার নির্বাচনে ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন ঘটাতে পারেন।

উৎসবের দিনগুলোতে চোখধাঁধানো লুক পেতে কেমন গয়না পরা যায়? এ ব্যাপারে এশিয়া জুয়েলসের প্রতিষ্ঠাতা ও ডিজাইনার তাসনুভা খান বলেন, ‘দুর্গাপূজা এমন একটি উৎসব যেখানে হালকা থেকে ভারী—সব ধরনের গয়নাই পরা যায়। নেকলেস, চোকার, ঝুমকা, কানের দুল, নথ, চুড়ি, আংটি, ব্রেসলেট, টার্কিশ মালা, রতনচূড়, মুলতানি সেট, রাজওয়াড়ি সেট, পোলকি সেট, কুন্দন সেট—সবই পরার উপযোগী।’

তাসনুভা খান আরও বলেন, ‘যারা স্বর্ণ ও হীরা এড়িয়ে স্টাইলিশ, মার্জিত ও রুচিশীল গয়না পরতে চান, তারা মুক্তা, রুপা, ব্রোঞ্জ, স্টার্লিং সিলভার ৯২৫, মুলতানি, সাদা এডি স্টোনের গয়না বেছে নিতে পারেন।’

সংগৃহীত

অন্যদিকে অনলাইনভিত্তিক গয়নার পেজ বৃত্তর স্বত্বাধিকারী জান্নাতুল ফেরদৌস বলেন, ‘পূজায় ক্ল্যাসিক্যাল গয়না পরা যেতেই পারে। পুরোনো নকশার গয়না ঘুরে ফিরে আবার এসেছে। অনেকে মায়ের বা দাদি-নানির পুরোনো গয়নার নকশা দেখিয়েও আমার কাছ থেকে পূজার গয়না কাস্টমাইজ করে নিচ্ছেন। এগুলো একেবারেই সাধারণ ধাতু দিয়ে তৈরি এবং সোনালি-রুপালি রং করা। অথচ দেখতে খুবই মার্জিত।

পূজার গয়নার বাক্সে যা কিছু রাখতে পারেন


কয়েক লহরের রত্নখচিত নেকলেস
পূজায় জমকালো শাড়ির সঙ্গে সোনার হার চিরন্তন আভিজাত্য বহন করে। নতুন বউয়েরা জামদানি বা কাতান শাড়ির সঙ্গে হালকা ডিজাইনের পেয়ার শেপ বা প্লেইন টেক্সচার্ড সোনার নেকলেস বেছে নিতে পারেন। অষ্টমীতে নিজেকে রাজকীয় লুকে সাজাতে কয়েক লহরের বা লেয়ারের মুক্তা কিংবা রঙিন রত্নখচিত হার বেছে নিলেও ক্ষতি নেই।

Advertisements
সংগৃহীত

ডায়মন্ড লকেট
হালকা গয়নাতেই যারা অভিজাত লুকের কথা ভাবছেন, তারা নবমী বা দশমীর রাতে ট্র্যাডিশনাল পোশাকের সঙ্গে ছোট ডায়মন্ড লকেটের চেইন পরতে পারেন। দারুণ দেখাবে।

রঙিন পাথরের কানের দুল বা নজরকাড়া স্টাড ইয়ার রিং
একঘেয়েমি কাটাতে শাড়ির পাড় বা ডিজাইনের সঙ্গে মিলিয়ে বিভিন্ন রকমের রঙিন জেমস্টোন কানের দুল পরতে পারেন। আবার যারা ভারী কানের দুল পরতে স্বচ্ছন্দবোধ করেন না, তারা জাকালো ফ্লোরাল বা নবরত্ন বসানো স্টাড বা টপ ইয়ার রিং বেছে নিন।

চাঁদবালি ও ঝুমকো
অষ্টমীর অঞ্জলি বা আরতির সময় ট্র্যাডিশনাল এথনিক পোশাকের সঙ্গে মানানসই চাঁদবালি সাজে এনে দেয় বিশেষ সৌন্দর্য। উৎসবের আমেজে ক্ল্যাসিক ঝুমকোরও বিকল্প নেই। আধুনিক কাটছাঁটের হীরা বা সোনার ঝুমকো যেকোনো দেশীয় পোশাকের সঙ্গেই মানিয়ে যায়।

সংগৃহীত

চুড়ি
সপ্তমীর সকালে সাধারণ সুতি বা লিনেন শাড়ির সঙ্গে জ্যামিতিক নকশার গোল্ড বা ক্লাস্টার ডায়মন্ডের চুড়ি সাজে আলাদা আমেজ আনে।

ময়ূর ও পদ্ম মোটিফের গয়না
ময়ূরের পেখম ও নকশা থেকে অনুপ্রাণিত ডায়মন্ড বা সোনার দুল ও আংটি এথনিক সাজে বাড়তি গ্ল্যামার যোগ করে। আবার পূজার অত্যন্ত পবিত্র প্রতীক পদ্মফুল। এর কুঁড়ি বা ফোটা পদ্মের ডিজাইনে তৈরি নেকলেস ও দুল পূজার পরিবেশের সঙ্গে নিখুঁতভাবে মিলে যায়।

ক্ল্যাসিক ২২ ক্যারেট সোনার চেইন
অতিরিক্ত সাজগোজ পছন্দ না হলে একটি প্লেইন ২২ ক্যারেট সোনার চেইন একাই যেকোনো ক্যাজুয়াল বা লিনেন পোশাকে আভিজাত্য ফুটিয়ে তুলতে পারে।

স্নিগ্ধ মুক্তার গয়না
মুক্তার স্নিগ্ধতা চোখের নিমেষে লুক বদলে দেয়। ডায়মন্ড ও মুক্তার মিশ্রণে তৈরি স্টাড বা হুপ ইয়ার রিং ষষ্ঠীর সকালে বেশ মানানসই হবে।

সংগৃহীত

অ্যান্টিকে অক্সিডাইজড সিলভার
কুর্তি, ক্যানভাস স্কার্ট বা ডেনিমভিত্তিক ফিউশন সাজের জন্য অক্সিডাইজড সিলভারের গয়না সেরা পছন্দ।

পার্সোনালাইজড গয়না
বাংলা বর্ণমালা বা নিজের নামের আদ্যক্ষর দিয়ে তৈরি কাস্টমাইজড গোল্ড নেকলেস বা জেমস্টোন ব্রেসলেট উৎসবের সাজে এনে দেবে নিজস্বতার বিশেষ ছোঁয়া।

Advertisements