আজ ‘কাজহীন দিবস’

প্রতিদিনের ব্যস্ততা, কাজের চাপ আর নানা দায়িত্বের ভিড়ে নিজের জন্য সময় বের করা কঠিন হয়ে পড়ে। এই ব্যস্ততা থেকে বিরতি নিয়ে বিশ্রাম ও নিজের যত্নের গুরুত্ব স্মরণ করিয়ে দিতে আজ ১ নভেম্বর পালিত হচ্ছে ‘জিরো টাস্কিং ডে’ বা কাজহীন দিবস।
প্রতি বছর নভেম্বর মাসের প্রথম রোববার দিবসটি পালন করা হয়। এর মূল উদ্দেশ্য হলো, অন্তত একটি দিন দৈনন্দিন কাজের চাপ থেকে দূরে থেকে নিজের পছন্দমতো সময় কাটানো কিংবা কোনো কাজ না করে বিশ্রাম নেওয়া।
লেখক ও জীবনযাপনবিষয়ক পরামর্শদাতা ন্যান্সি ক্রিস্টি ‘জিরো টাস্কিং ডে’-র ধারণাটি সামনে আনেন। বিশেষ করে যেসব দেশে দিবালোক সাশ্রয়ী সময় বা ডে-লাইট সেভিং টাইম চালু রয়েছে, সেখানে ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়ে দেওয়ার ফলে পাওয়া অতিরিক্ত সময় নিজের জন্য ব্যয় করার ধারণা থেকেই দিনটির প্রচলন। মানসিক স্বাস্থ্যবিষয়ক সংস্থা মেন্টাল হেলথ আমেরিকাও দিবসটির প্রচারে ভূমিকা রেখেছে।
বর্তমানে কাজের চাপ, সময়ের অভাব এবং সব সময় উৎপাদনশীল থাকার প্রবণতায় অনেকেই পর্যাপ্ত বিশ্রাম নিতে পারেন না। এমনকি অবসর সময় কাটাতেও অনেকে অপরাধবোধে ভোগেন। অথচ প্রয়োজনীয় বিরতি মানসিক চাপ কমাতে, সৃজনশীলতা বাড়াতে এবং কাজে মনোযোগ ফিরিয়ে আনতে সহায়তা করে।
দিবসটি পালনে বিশেষ কোনো আয়োজনের প্রয়োজন নেই। সকালে একটু দেরিতে ঘুম থেকে ওঠা, পছন্দের বই পড়া, নিরিবিলি হাঁটতে বের হওয়া, ধ্যান করা কিংবা নিজের পছন্দের কোনো কাজ করা যেতে পারে। চাইলে ফোন ও কাজের বার্তা থেকে দূরে থেকে কিছুটা সময় নিজের জন্যও রাখা যায়।
‘জিরো টাস্কিং ডে’-র মূল বার্তা সারাদিন অলসভাবে কাটানো নয়; বরং দৈনন্দিন দায়িত্বের পাশাপাশি বিশ্রাম ও নিজের যত্নের জন্য সময় বের করা। কারণ, জীবনে সব সময় কাজের মধ্যে ডুবে থাকাই শেষ কথা নয়। কখনো কখনো কিছু না করাও প্রয়োজন।



