প্রাপ্তবয়স্কদের মূল্যায়ন হওয়া উচিত চরিত্র দিয়ে, পারিবারিক পরিচয়ে নয়: প্রভা

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভাবনা ও ব্যক্তিগত অভিজ্ঞতা প্রায়ই ভক্তদের সঙ্গে ভাগ করে নেন ছোটপর্দার অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। এবার পরিবার ও একজন প্রাপ্তবয়স্ক মানুষের ব্যক্তিগত পরিচয় নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন এই অভিনেত্রী। তাঁর মতে, বয়স বাড়ার পর একজন মানুষকে পারিবারিক পরিচয়ের পরিবর্তে নিজের চরিত্র, কর্মকাণ্ড ও নৈতিক মূল্যবোধ দিয়ে বিচার করা উচিত।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন প্রভা। সেখানে তিনি বলেন, প্রতিটি পরিবারেই ভিন্ন ভিন্ন স্বভাব ও মানসিকতার মানুষের বসবাস। একই পরিবারের সবাই যে একই ধরনের হবেন, এমন কোনো নিয়ম নেই।
অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, কোনো পরিবারে এমন মানুষও থাকেন, যাঁরা অত্যন্ত শিক্ষিত, মার্জিত, দয়ালু ও উদার মানসিকতার অধিকারী। তাঁরা অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলতে পছন্দ করেন। অন্যায়ের প্রতিবাদ করা এবং সৎ উপার্জনের মাধ্যমে জীবন পরিচালনা করাকে গুরুত্ব দেন। শুধু পারিবারিক সম্পর্কের কারণে কারও ভুল কাজকে সমর্থন করা কিংবা অন্ধভাবে কাউকে তোষামোদ করার মানসিকতা তাঁদের থাকে না।
প্রভা আরও উল্লেখ করেন, একই পরিবারের মধ্যে এর বিপরীত স্বভাবের মানুষও থাকতে পারেন। অর্থাৎ, পারিবারিক পরিচয় এক হলেও ব্যক্তির চিন্তাভাবনা, আচরণ ও মূল্যবোধ এক রকম নাও হতে পারে।
প্রাপ্তবয়স্ক মানুষের মূল্যায়ন প্রসঙ্গে অভিনেত্রীর বক্তব্য, একজন মানুষ যখন সাবালক হন, তখন তাঁকে পরিবারের পরিচয়ের ভিত্তিতে বিচার করা উচিত নয়। বরং তাঁর নিজের চরিত্র, ব্যক্তিগত কর্মকাণ্ড ও নৈতিক মূল্যবোধের ভিত্তিতেই মূল্যায়ন করা প্রয়োজন। কারণ একজন ব্যক্তি সমাজ বা রাষ্ট্রে মূলত নিজের পরিচয়েরই প্রতিনিধিত্ব করেন, পুরো পরিবার বা বংশের নয়।
উল্লেখ্য, একসময় ছোটপর্দার নাটকে নিয়মিত অভিনয় করতেন সাদিয়া জাহান প্রভা। তবে সময়ের সঙ্গে অভিনয়ে তাঁর কাজের ধরনে পরিবর্তন এসেছে। বর্তমানে গতানুগতিক কাজের বাইরে নিজের পছন্দের গল্প ও চরিত্র পেলেই ছোটপর্দায় অভিনয় করছেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী।



