হ্যালোইন উৎসবে কুমড়ার বাগানে মেতেছেন স্পর্শিয়া

ভূত-প্রেতের সাজ, ভয়ংকর মুখোশ আর নানা রকম আয়োজনের মধ্য দিয়ে বিশ্বের বিভিন্ন দেশে উদ্যাপিত হচ্ছে হ্যালোইন। প্রতিবছর ৩১ অক্টোবর পালিত হয় উৎসবটি। হ্যালোইন ঘিরে সাধারণ মানুষের পাশাপাশি মেতে ওঠেন শোবিজ তারকারাও। এবার যুক্তরাষ্ট্রে কুমড়ার বাগানে ঘুরে হ্যালোইনের আনন্দে মেতেছেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া।
শনিবার (৩১ অক্টোবর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একগুচ্ছ ছবি প্রকাশ করেন অভিনেত্রী। ছবিগুলোতে তাঁকে দেখা যায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লং আইল্যান্ডের মেলভিল এলাকার একটি ফার্মে। চারপাশে সারি সারি কমলা রঙের কুমড়া। কখনো মাথার ওপর কুমড়া রেখে, আবার কখনো দুই হাত ছড়িয়ে আনন্দঘন ভঙ্গিতে ক্যামেরায় পোজ দিয়েছেন তিনি।
অন্য একটি ছবিতে গাড়ির ভেতর থেকে পোজ দিতে দেখা যায় স্পর্শিয়াকে। ছবিতে তাঁর মাথার দুই পাশে সাদা রঙের শিংয়ের মতো নকশাও দেখা গেছে। সব মিলিয়ে তাঁর সাজ ও ছবিতে ফুটে উঠেছে হ্যালোইনের উৎসবমুখর আবহ।
ছবিগুলোতে শুধু কুমড়ার বাগানই নয়, দেখা গেছে ‘হ্যাপি হ্যালোইন’ লেখা সাজানো বোর্ড, পাপেট এবং সূর্যমুখী ফুলের বাগানও। এদিন অভিনেত্রীর পরনে ছিল সাদা জ্যাকেট ও সোয়েটার। ছবিগুলোর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘পাম্পকিন প্যাচ ডে’।
যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে শরৎকালে হ্যালোইন উপলক্ষে পাম্পকিন প্যাচ বা কুমড়ার বাগানে ঘুরতে যাওয়ার প্রচলন রয়েছে। এসব বাগানে সারি সারি কুমড়া সাজানো থাকে। দর্শনার্থীরা পছন্দের কুমড়া বেছে নেন, ছবি তোলেন কিংবা উৎসবের সাজসজ্জার জন্য কুমড়া সংগ্রহ করেন।
হ্যালোইনের অন্যতম পরিচিত ঐতিহ্য হলো কুমড়া খোদাই করে তাতে চোখ-মুখ তৈরি করা এবং ভেতরে আলো জ্বালানো। এই সাজসজ্জা ‘জ্যাক-ও-ল্যান্টার্ন’ নামে পরিচিত। স্পর্শিয়ার ছবিতেও দেখা গেল হ্যালোইনের সেই ঐতিহ্যবাহী কুমড়াকেন্দ্রিক আয়োজনের আনন্দ।



